০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

ডেমরায় নিজ বাসা থেকে নারীর লাশ উদ্ধার

“ঝগড়া তো সব পরিবারেই হয়। সে এভাবে চলে যাবে মেনে নিতে পারছি না,” বলেন নিহতের স্বামী।

ডেমরায় নিজ বাসা থেকে নারীর লাশ উদ্ধার
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Nov 2026, 07:43 PM

Updated : 07 Nov 2026, 07:43 PM

রাজধানীর ডেমরার দক্ষিণ হাজিনগর এলাকার একটি বাসা থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তার লাশ উদ্ধারের কথা জানিয়েছেন ডেমরা থানার এসআই মো. সাদ্দাম হোসেন।

জোসনা বেগম (৪০) নামে ওই নারী স্বামী-সন্তানদের সঙ্গে পরিবার নিয়ে দক্ষিণ হাজীনগরের ২৭৩ নম্বর বাসায় থাকতেন।

স্থানীয়দের বরাতে এসআই সাদ্দাম বলেন, জোসনা বেগমের স্বামী বাসচালক। ‘পারিবারিক কলহের জেরে স্বামীর ওপর অভিমান করে’ নিজ কক্ষে কাঠের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

পরে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর কথা বলেন তিনি।

নিহতের স্বামী মোহাম্মদ ফারুক বলেন, “সাংসারিক বিষয় নিয়ে ঝগড়ার পর অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঝগড়া তো সব পরিবারেই হয়। সে এভাবে চলে যাবে মেনে নিতে পারছি না।”

তাদের তিন মেয়ে ও এক ছেলে রয়েছে বলে ফারুক জানিয়েছেন।