রমনায় ফুটওভার ব্রিজ থেকে একজনের মরদেহ উদ্ধার
“লোকমুখে জানতে পেরেছি, এই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন,” বলেন রমনা থানার এসআই আবুল বাশার।
ঢাকার রমনা এলাকায় ফুটওভার ব্রিজ থেকে অপরিচিত এক যুবকের লাশ পাওয়ার তথ্য দিয়েছে পুলিশ।
শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রমনা থানার এসআই মো. আবুল বাশার বলেন, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে রমনা ফুটওভার ব্রিজের ওপর ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে বিষয়টি রমনা থানা পুলিশকে জানানো হয়।
“খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
এসআই বাশার বলেন, “লোকমুখে জানতে পেরেছি, এই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। স্থানীয়দের দেয়া তথ্যমতে এবং আমরাও প্রাথমিকভাবে ধারণা করছি, অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। তবু ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা যাবে।”
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পাশাপাশি প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
