১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

টিকাটুলিতে দুই বাসের মাঝে পড়ে নারী নিহত

টিকাটুলিতে ফুটব্রিজের নিচে রাস্তা পার হওয়ার সময় দুটি বাস তাকে চাপা দেয়, বলছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Oct 2026, 08:49 PM

Updated : 12 Oct 2026, 08:49 PM

ঢাকার টিকাটুলি এলাকায় রাস্তা পার হওয়ার সময় দুই বাসের মাঝে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার বিকাল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে ওয়ারী থানা পুলিশ জানিয়েছে।

রিনা রানী দাস (৪০) নামে ওই নারী ওয়ারীর কে এম দাস লেনের একটি বাসায় পরিবারের সঙ্গে থাকতেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এলাকার বিশ্বজিৎ ঘোষের স্ত্রী।

ওয়ারী থানার এসআই আবু বক্কার বলেন, “টিকাটুলির ফুটওভার ব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় দোয়েল গাড়ি ও বন্ধন গাড়ির চাপায় রিনা রাণী ঘোষ গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় বাস দুটি ও চালক-হেল্পারদের ওয়ারী থানায় হেফাজতে রাখার কথা জানিয়েছেন তিনি।