ঢাকার কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু
ওই ব্যক্তি কী মামলায় কারাবন্দি ছিলেন তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি কারারক্ষীরা।
ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ এক হাজতি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে জাকির হোসেন (৫০) নামে ওই হাজতিকে অচেতন অবস্থায় উদ্ধার করে কারারক্ষীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে বিকেল পৌনে ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী আতিয়ার শেখ দাবি করেন, “জাকির হোসেন কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। কিন্তু চিকিৎসকরা জানান, তিনি আর বেঁচে নেই।
“জাকির হোসেন কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তিনি ঢাকা হাজারীবাগ এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তবে তিনি কী মামলায় কারাবন্দি ছিলেন এ বিষয়ে আমরা কিছু বলতে পারব না।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে বলেন, “লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
“একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত হবে। ময়নাতদন্তের শেষে লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।”
