০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

রাজধানীতে ‘বিদ্যুৎস্পৃষ্টে’ এক ব্যক্তির মৃত্যু, লাশ মর্গে

“লালন বৈদ্যুতিক তার চুরি করতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Nov 2026, 04:54 PM

Updated : 04 Nov 2026, 04:54 PM

রাজধানীর মতিঝিলে কমলাপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার কমলাপুরের পানির ট্যাংকের বিপরীত পাশে এই ঘটনা ঘটে। পরবর্তীতে রোমান প্রধান ওরফে লালনকে (৪৫) দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোমান প্রধান মাদারীপুর জেলার কালকিনি থানার চর জগো মোহন গ্রামের সিরাজ মিয়ার ছেলে। তিনি রাজধানীতে মাণ্ডা প্রথম গলির রাজা মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

মতিঝিল থানার এসআই এরশাদ হোসেন বলেন, সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

“সেখানে গিয়ে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। তার পর দুপুর ২টার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসার পর সেখানবার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।”

এসআই এরশাদ বলেন, স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে তার জানতে পেরেছেন লালন ‘বৈদ্যুতিক তার চুরি করতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে’।

“রাত ১২টা থেকে ভোরের কোনো এক সময়ের মধ্যে এই ঘটনা ঘটে বলে আমাদের ধারণা।”

ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের হাতে পেলে লালনের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন পুলিশের এই সদস্য।