১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

‘স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলছিলাম, হঠাৎ বিস্ফোরণ’

“কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা আমি দেখিনি, তাই কিছু বলতেও পারব না।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 06:08 PM

Updated : 10 Nov 2026, 06:08 PM

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হাতবোমা বিস্ফোরণে যে দুজন আহত হয়েছেন, তাদের একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

তার নাম সোহেল, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের গাড়ি চালান।

মঙ্গলবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোহেল বলেন, "আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাবিলা ইসলাম নামে এক শিক্ষিকার গাড়ি চালাই। দুপুরের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজনেস ফ্যাকাল্টির সামনে তাকে নামিয়ে দিয়ে প্রাইভেটকারের সিটে বসে স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলাম। হঠাৎ ককটেল ছুঁড়ে মারলে তা বিস্ফোরিত হয়ে গাড়ির কাচ ভেঙে আমার বুকে ও চোখে ঢুকে যায়। এতে আমি গুরুতর আহত হই।

“ঘটনার পর আমাকে রক্তাক্ত অবস্থায় দেখে আমার স্ত্রী ভিডিও কলেই কান্না শুরু করে দেয়। আমার শরীরের সব জায়গায় ককটেলের স্প্লিন্টার লেগে রক্তাক্ত হয়েছি। বুকে চাপ বোধ হচ্ছে; কানে কম শুনছি।"

মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে হাতবোমা বিস্ফোরণে আহত হন সোহেল। বিকাল পৌনে ৩টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সোহলের বাড়ি কুমিল্লা জেলার তিতাস থানার বড় গাজীপুর গ্রামে। তার বাবার নাম আব্দুল মতিন। তিনি ঢাকার কুড়িল এলাকায় থাকেন।

হামলাকারীদের দেখেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, উপর থেকে এসে হাতবোমাটি পড়েছে।

“আমি কাউকে দেখিনি, তাই কিছু বলতেও পারব না।"

সোহেলের চাচাতো ভাই কাউসার আহমেদ বলেন, "তার সঙ্গে তো কারও শত্রুতা নেই, তাহলে তার গাড়ি লক্ষ্য করে কেন ককটেল মারবে?"

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাতে বলেন, “আহত গাড়ি চালক জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। তার শরীরে কাচের আঘাত ও ককটেলের স্প্লিন্টারের জখম রয়েছে।”

পুরনো খবর:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জোড়া হাতবোমা বিস্ফোরণ, আহত ২