আশুলিয়ায় ‘হামলায় আহত’ পোশাক কর্মীর ১২ দিন পর মৃত্যু
তিনি আশুলিয়ার আউকপাড়ার ‘ট্রেন্স সুজ লিমিটেড’ কারখানায় কাজ করতেন।
সাভারের আশুলিয়ায় কারখানা থেকে বের হয়ে ‘কয়েকজনের হামলায়’ আহত এক পোশাককর্মী ১২ দিন পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।
সোমবার ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে শাহবাগ থানার এসআই আব্দুল গাফফার হিমেল জানিয়েছেন।
মো. সেলিম (২০) নামে ওই পোশাককর্মী আশুলিয়ার আউকপাড়ার ‘ট্রেন্স সুজ লিমিটেড’ কারখানায় কাজ করতেন। তিনি মাদারীপুরের কালকিনির উত্তর কানাইপুর এলাকার মো. আব্দুর রহিমের ছেলে।
সেলিমের মৃত্যুর কারণ নিয়ে কথা বলতে রাজি হননি এসআই আব্দুল গাফফার হিমেল; বিষয়টি নিয়ে স্থানীয় থানায় যোগাযোগ করতে বলেন।
তবে সেলিমের মৃত্যুর সুরতহাল প্রতিবেদনে বলা হয়, গত ৪ নভেম্বর দুপুর ১২টার দিকে তিনি কারখানা থেকে বের হলে ‘কয়েকজন’ তার ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি মারা যান।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।
