১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটপাতে অচেতন পড়েছিলেন নারী, ঢামেকে মৃত্যু

পুলিশ বলছে, ওই নারী ভবঘুরে ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 10:21 PM

Updated : 19 Nov 2026, 10:21 PM

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) সংলগ্ন আনাস হোটেলের পাশের সড়কের ফুটপাত থেকে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া আনুমানিক ৩০ বছর বয়সি এক নারী হাসপাতালে মারা গেছেন।

বৃহস্পতিবার রাত ৮টা ২৫ মিনিটের দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার এসআই মনমথ হালদার বলেন, “ঢাকা মেডিকেল সংলগ্ন আনাস হোটেলের পাশের রাস্তায় ওই নারীকে পড়ে থাকতে দেখা যায়। খবরটি আমরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে জানতে পারি। পরবর্তীতে আমরা রাত পৌনে ৮টার দিকে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেই। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

“এখন পর্যন্ত ওই নারীর নাম পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

এসআই মনমথ বলছেন, “স্থানীয় মানুষজনের কাছে জানতে পেরেছি, এই নারী ভবঘুরে প্রকৃতি ছিলেন। ঢাকা মেডিকেলের আশেপাশেই ঘুরে বেড়াতেন এবং এখানেই থাকতেন। আমরা ধারণা করছি, অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। তার হাতের বিভিন্ন অংশে পচন ধরে গিয়েছিল। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা যাবে।”