বরিশালে নিখোঁজ বিচারককে কুয়াকাটা সৈকত থেকে উদ্ধার
দুই দিন আগে মাগরিবের নামাজের পর আদালত থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি।
বরিশাল নগর থেকে নিখোঁজ হওয়া সিনিয়র সহকারী সিভিল জজ শেখ ফারহান নাদিমকে পটুয়াখালীর কুয়াকাটা থেকে উদ্ধার করেছে পুলিশ।
ঘটনার দুই দিন পর বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়াকাটা সৈকতে ঘোরাফেরা করার সময়ে তাকে পাওয়া যায় বলে জানিয়েছেন বরিশাল মহানগরের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার।
তিনি বলেন, “জিডি হওয়ার পর থেকে আমরা অধিক গুরুত্ব দিয়ে তার সন্ধানে নেমে পড়ি। অবশেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুয়াকাটা সি-বিচ থেকে তাকে উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।”
মঙ্গলবার মাগরিবের নামাজের পর আদালত থেকে বের হওয়ার পর থেকে বিচারক নাদিম নিখোঁজ ছিলেন। এ ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন বরিশাল জেলা নাজির সৈয়দ মাইনুল হাসান।
বরিশালের মেহেন্দিগঞ্জ ও উজিরপুর সিভিল জজ আদালতের সিনিয়র সহকারী সিভিল জজ হিসেবে দায়িত্ব পালন করা নাদিম নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকার একটি ভাড়া বাসায় স্ত্রীকে নিয়ে বসবাস করেন। ঘটনার দিন মাগরিবের নামাজের পর আদালত থেকে বের হন তিনি। পরে আর বাসায় ফেরেননি।
