১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে আদালত থেকে বেরিয়ে নিখোঁজ বিচারক

রাত ১০টায় নগরীর বাংলাবাজার এলাকায় দেখা গেছে জ্যেষ্ঠ সহকারী বিচারক শেখ ফারহান নাদিমকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 06:16 PM

Updated : 18 Nov 2026, 06:16 PM

বরিশালে আদালত থেকে বের হওয়ার পর প্রায় ২৪ ঘণ্টা ধরে নিখোঁজ রয়েছেন একজন জ্যেষ্ঠ সহকারী বিচারক।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে কোতোয়ালি মডেল থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান।

নিখোঁজ শেখ ফারহান নাদিম বরিশালের মেহেন্দিগঞ্জ ও উজিরপুর সিভিল জজ আদালতের জ্যেষ্ঠ সহকারী বিচারক হিসেবে কর্মরত আছেন।

বরিশাল জেলা আদালতের নাজির সৈয়দ মাইনুল হাসান বলেন, মঙ্গলবার রাত থেকেই শেখ ফারহান নাদিমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সহকর্মীরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে।

বরিশাল আদালতের ল্যান্ড ও ভিপি মামলার বেঞ্চ সহকারী মো. রাসেল সিকদার বলেন, “মঙ্গলবার মাগরিবের নামাজের পর স্যার আদালত থেকে বের হন। এরপর তিনি নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকার ভাড়া বাসায় ফেরেননি। রাতে বাসায় না ফেরায় স্যারের স্ত্রী বিষয়টি আরেকজন বিচারককে জানান। এরপর হাসপাতাল ও আবাসিক হোটেলসহ বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হয়েছে।”

বুধবার সকাল ১০টায় তিনি নিয়মিত আদালতে আসবেন বলে সহকর্মীরা ধারণা করলেও দুপুর ২টা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি বলে জানান রাসেল সিকদার।

২০২৪ সাল থেকে তিনি বরিশালের বিভিন্ন আদালতে জ্যেষ্ঠ সহকারী বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, “এখন পর্যন্ত থানায় লিখিত জিডি হয়নি, তবে মঙ্গলবার রাত থেকেই আমরা বিষয়টি জেনেছি এবং বিভিন্ন স্থানে খোঁজ করছি।”

ওসি বলেন, নগরীর বিভিন্ন সিসিটিভি ভিডিও বিশ্লেষণে দেখা গেছে, আদালত থেকে রিকশায় বের হয়ে তিনি সদর রোডের একটি পোশাকের শো রুমে যান। সেখান থেকে গির্জা মহল্লা রোডের জামে কসাই মসজিদে এশার নামাজ আদায় করে বের হন। সর্বশেষ রাত ১০টার দিকে তাকে বাংলাবাজার এলাকায় দেখা গেছে।

বিকাল ৫টা থেকেই তার মোবাইল ফোন বন্ধ থাকায় প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করা সম্ভব হচ্ছে না, তবে পুলিশ গুরুত্বের সঙ্গে বিষয়টি নিয়ে কাজ করছে বলে জানান ওসি।