২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

মঞ্চে শাহরুখকে ‘শাসালেন’ অনন্ত আম্বানি

বলিউড তারকাকে হাতের ইশারায় থামিয়ে দেওয়ার একটি ভিডিও নিয়ে বেশ আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

মঞ্চে শাহরুখকে ‘শাসালেন’ অনন্ত আম্বানি

ছবি: ভিডিও থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Nov 2026, 11:50 PM

Updated : 27 Nov 2026, 11:50 PM

বলিউড তারকা শাহরুখ খানকে প্রকাশ্যে ‘শাসালেন’ অনন্ত আম্বানি!

ভারতীয় সংবাদমাধ্যম 'দ্য ওয়াল' লিখেছে, ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির ওই আচরণে মঞ্চে খানিকটা ‘অপ্রস্তুত’ হতে দেখা যায় শাহরুখকে।

মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে মঞ্চে কথা বলার সময় বলিউড তারকা শাহরুখ খানকে হাতের ইশারায় থামিয়ে দেওয়ার একটি ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। নানা বিতর্কও চলছে।

কিছু কনটেন্ট ক্রিয়েটর এই ভিডিও ব্যবহার করে নানা ভিডিও বানাচ্ছেন। অনন্ত আম্বানিকে নিয়ে হচ্ছে সমালোচনাও।

মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির সঙ্গে শাহরুখের ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে। এর আগে ক্যামেরার সামনে প্রকাশ্যে মুকেশ আম্বানি শাহরুখকে তার ছেলের ‘গড ফাদার’ বলেছিলেন। শাহরুখও একসময় অনন্তকে নিজের ছেলের মতো ছোট থেকে স্নেহ করার কথা স্বীকার করেছিলেন। আম্বানি পরিবার ও শাহরুখ খানের মধ্যে দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ ও পারিবারিক সম্পর্ক রয়েছে।

ভিডিওতে দেখা যায়, মঞ্চে দাঁড়িয়ে আছেন অনন্ত আম্বানি, ‘আধ্যাত্মিক গুরু’ জগ্গি বাসুদেব (সদগুরু) ও শাহরুখ খান। সদগুরুর সঙ্গে কথা বলছিলেন অনন্ত। এমন সময় তাদের কথোপকথনে যুক্ত হওয়ার চেষ্টা করেন বাদশা। কিন্তু তখন হাসতে হাসতেই আঙুল তুলে শাহরুখকে চুপ থাকতে বলেন অনন্ত।

শাহরুখও মাথা নাড়িয়ে তাকে সম্মতি জানান ও চুপ হয়ে যান। তখন স্বাভাবিকভাবেই তিনি কিছুটা অস্বস্তিতে পড়েন। পরে অবশ্য নিজেকে সামলে নেন। মঞ্চে থাকা অন্যদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে দেখা যায় তাকে।

ওই মুহূর্তে তাদের মধ্যে ঠিক কী নিয়ে কথা হচ্ছিল, তা ভিডিও থেকে স্পষ্ট হওয়া যায়নি।

এ ঘটনা নিয়ে এতটা উত্তাপ ছড়িয়েছে যে, মাঝে গুঞ্জন উঠেছিল যে, সুবিজ্ঞ শর্মা নামে এক কন্টেন্ট ক্রিয়েটরকে মানহানির নোটিস পাঠিয়েছেন বলিউডের বাদশা।

তার বানানো ভিডিওটি ৪৮ ঘণ্টার মধ্যে অনলাইন তেকে সরিয়ে ফেলাসহ কয়েকটি নির্দেশ মানার কথা বলা নোটিসে ছিল বলেও গুঞ্জন ওঠে।পরে অবশ্য শাহরুখের আইনজীবীরা ব্যাপারটি খোলসা করে গণমাধ্যমকে বলেন, কোনো নোটিসই তারা পাঠাননি।

গত ২১ নভেম্বর মুম্বাইয়ের গেটওয়ে অব ইন্ডিয়ায় ‘গ্লোবাল পিস অনার্স ২০২৬’ অনুষ্ঠান আয়োজন করা হয়। সেই মঞ্চেই ঘটে এ ঘটনা।

অমৃতা ফড়নবিশের সংস্থা ‘দিব্যজ ফাউন্ডেশনের’ উদ্যোগে ‘২৬/১১ মুম্বাই হামলায়’ নিহতদের পাশাপাশি নিরাপত্তারক্ষী ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সাহসিকতা দেখানো সাধারণ মানুষদের শ্রদ্ধা জানাতে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রণবীর সিং, অক্ষয় কুমার ও বিক্রান্ত ম্যাসিও উপস্থিত ছিলেন।