আমি বাড়ির বাইরে স্বাধীন, ভেতরে কোনো কথাই চলে না: শাহরুখ
“আমরা চুপচাপ বসে বাড়িটা উপভোগ করি, আর বলি, গৌরী, তুমি কী সুন্দর বাড়ি বানিয়েছ!”
বলিউডি নায়ক শাহরুখ খানের প্রাসাদতুল্য বাংলো ‘মান্নাত’ এর নামফলক থেকে শুরু করে অন্দরের সাজসজ্জা সব কিছু ঠিক করেন অভিনেতার স্ত্রী গৌরী খান।
পর্দায় যতই দাপট দেখান না কেন, বাড়িতে তার কথার ‘বিশেষ গুরুত্ব নেই’ বলে জানিয়েছেন শাহরুখ নিজেই।
টাইমস অব ইন্ডিয়া বলছে, এই মৃদু অভিযোগ শাহরুখ করেছেন মজার ছলে। দুবাইয়ে একটি অনুষ্ঠানে সঞ্চালক করণ জোহরের প্রশ্নে শাহরুখ তার ‘মান্নাত’ জীবন নিয়ে কথা বলেন।
মুম্বাইয়ের বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ডের প্রায় শেষ প্রান্তে বলিউডের কিং খানের ঠিকানা ‘মান্নাত’। মুম্বাইয়ে গিয়ে ‘মান্নাত’ দর্শন করেননি, এ রকম মানুষের সংখ্যা নেই বললেই চলে। প্রতিদিন বহু মানুষ বাড়ির বাইরে ভিড় করে থাকেন শাহরুখকে এক নজর দেখবেন বলে। সাধারণত তাদের আশা মেটে শাহরুখের জন্মদিন ও ঈদের দিনে। এই দুই দিনে শাহরুখ ছাদের কোণে দাঁড়িয়ে জনতাকে দর্শন দেন।
নিজের বাড়ির ভেতরে শাহরুখের দিনকাল কেমন কাটে জানতে চেয়েছিলেন প্রযোজক-পরিচালক করণ জোহর। করণের প্রশ্ন ছিল নিজের বাড়িতে এমন কোন কাজ আছে, যা করার অনুমতি তার নেই? দর্শক সারিতে বসেছিলেন গৌরীও।
বলিউড সুপারস্টারের ভাষ্য, বাড়ির যাবতীয় সিদ্ধান্ত নেন তার স্ত্রী গৌরী। বাড়ির সাজসজ্জা থেকে শুরু খাওয়াদাওয়া—কোনো বিষয়েই নিজের মত প্রকাশের সুযোগ পান না অভিনেতা।
শাহরুখ বলেন, “বাড়ি গৌরীর এলাকা। সেখানে ওয়াইফাই, খাবার, রং, সাজসজ্জা, আলো, ঝাড়বাতি, লিফট, আসবাবপত্র-এসব নিয়ে কথা বলা আমার জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। বিছানায় বসে আমাদের খাওয়ার অনুমতি নেই। দেয়ালে ছবি ঝুলবে কি না, সে ব্যাপারে কথা বলতে পারি না। আসলে গৌরীর সিদ্ধান্ত বা পছন্দের বাইরে আমরা কথাই বলতে পারি না।”
সন্তানদের মধ্যে আরিয়ান ও সুহানার অবস্থাও একই বলে জানিয়েছেন শাহরুখ।
হাসতে হাসতে অভিনেতা বলেন, “আমরা চুপচাপ বসে বাড়িটা উপভোগ করি, আর বলি, গৌরী, তুমি কী সুন্দর বাড়ি বানিয়েছ! বাড়ির বাইরে আমরা স্বাধীন। বাড়ির বাইরে অবশ্য আমি, আরিয়ান এবং সুহানা নিজেদের মত আনন্দ করি। কিন্তু বাড়ির ভেতরে আমাদের কোনো কথাই চলে না।”
এখানেই থামেননি অভিনেতা। দুবাইয়ে তার নতুন পেন্টহাউজ় নিয়েও মজার মন্তব্য করেন। বলেন, “এখানে পেন্টহাউজে এলেও আমাকে একই কথা বলতে হয়। আমি বরি, ‘গৌরী, কী সুন্দর পেন্টহাউজ বানিয়েছ!’ বা কিন্তু বাড়ির ভিতরে ঢুকলেই আমাদের আর কোনও স্বাধীনতা থাকে না।”
শাহরুখের এ ধরনের কথায় হাসিতে ফেটে পড়েন দর্শক।
জোহর শাহরুখকে প্রশ্ন করেন, ব্যবসা, বক্স অফিস নাকি স্ত্রী—কাকে বেশি ভয় পান তিনি?
এই প্রশ্নের উত্তরে নিজের আসন্ন সিনেমা ‘কিং’-এর প্রসঙ্গ টেনে একটি সংলাপ বলেন অভিনেতা। তিনি বলেন, “হাজারো দেশে বদনাম, আর সারা বিশ্ব আমাকে একটাই নামে চেনে। জানেন কেন? কারণ, আমি ভয় নই, আমি ত্রাস।”
শাহরুখ তিন বছর পর প্রেক্ষাগৃহে আসছেন ‘কিং’ সিনেমা নিয়ে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে অভিনেতার মেয়ে সুহানা খানের।
গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, সুহানা খান, রানী মুখার্জি, অভিষেক বচ্চন ও অভয় বর্মা। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘কিং’
