১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজউদ্দৌলার স্ত্রী লুৎফুন্নেসার জীবন কেমন ছিল? দেখাবে ‘বেগমআম্মা লুৎফুন্নেসা’

পরপর দুদিন মঞ্চস্থ হবে নাটকটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 01:12 AM

Updated : 17 Nov 2026, 01:12 AM

বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী লুৎফুন্নেসার জীবন ও সংগ্রামের গল্প নিয়ে মঞ্চে আসছে নতুন নাটক ‘বেগমআম্মা লুৎফুন্নেসা’।

‘শব্দ নাট্যচর্চা কেন্দ্র’ তাদের ৩১তম প্রযোজনা হিসেবে নাটকটি মঞ্চে আনছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

পরদিন ২০ নভেম্বর একই স্থান ও সময়ে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী হবে।

সঞ্জয় চট্টোপাধ্যায়ের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন শামীম সাগর।

নাটকের প্রেক্ষাপট ও গল্প নিয়ে নাট্যদলটি জানিয়েছে, ১৭৯০ সালের এক নিঃসঙ্গ গোধূলিতে মুর্শিদাবাদের খোশবাগে নবাব সিরাজউদ্দৌলার সমাধির পাশে দাঁড়িয়ে থাকা বয়সের ভারে ন্যুব্জ লুৎফুন্নেসার স্মৃতিচারণের মধ্য দিয়ে এগিয়ে যাবে নাটকের কাহিনী।

একসময় রাজপ্রাসাদের জৌলুশ, ক্ষমতা ও ঐশ্বর্যে ঘেরা জীবন কাটালেও সব হারিয়ে সাধারণ মানুষের কাছে তিনি হয়ে উঠেছিলেন মমতাময়ী ‘বেগমআম্মা’।

সিরাজউদ্দৌলার সমাধির সামনে দাঁড়িয়ে লুৎফুন্নেসার স্মৃতিতে উঠে আসবে হীরাঝিলের রঙিন দিন, সিরাজের সঙ্গে বিয়ে ও ভালোবাসার গল্প, নবাবী অন্দরমহলের সম্পর্ক-দ্বন্দ্ব এবং ক্ষমতার অন্তরালে চলতে থাকা ষড়যন্ত্র।

এছাড়া পলাশীর প্রান্তরে মীরজাফর ও ইংরেজদের বিশ্বাসঘাতকতা, পরাজয়ের পর সিরাজের পলায়ন, দানশা ফকিরের কাছে ধরা পড়া, জিনজিরা হাভেলির বন্দিজীবন এবং সিরাজের মৃত্যুর পর নবাবী পরিবারের ওপর নেমে আসা নির্যাতন ও অপমানের ইতিহাসও উঠে আসবে তার বয়ানে।

নাটকটি নিয়ে নির্দেশক শামীম সাগর বলেন, “ইতিহাসের ধুলোবালু জমে থাকা পাতায় যে নারী চরিত্রগুলো বারবার উপেক্ষিত কিংবা অধরা থেকে গেছে, তাদের অন্তর্গত আকুতি, বেদনা ও নিঃশব্দ কাননাকে মঞ্চে মূর্ত করে তোলার এক আন্তরিক প্রয়াস ‘বেগমআম্মা লুৎফুন্নেসা’।”

প্রেম, স্মৃতি, বিশ্বাসঘাতকতা, বেদনা ও মানবতার মেলবন্ধনে নির্মিত এই নাটক দর্শককে অতীতের মুখোমুখি করার পাশাপাশি ইতিহাসে ক্ষমতা নাকি মানুষের হৃদয় জয় কোনটা শেষ পর্যন্ত অমর হয়ে থাকেন, নাটকে সেই প্রশ্ন তুলবে বলে মনে করেন তিনি।

নাটকটিতে অভিনয় করেছেন রওশন জান্নাত রুশনী ও ইনতিশা তাশদীদ তাহা।

নির্দেশনার পাশাপাশি মঞ্চ, আলো, আবহসংগীত ও প্রকাশনার দায়িত্বেও রয়েছেন শামীম সাগর। কোরিওগ্রাফি করেছেন অনিকেত পাল বাবু এবং রূপসজ্জায় রয়েছেন শুভাশীষ দত্ত তন্ময়।