৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

মীর সাব্বিরের গল্প পরিচালনায় নাটক ‘খুব চেনা গল্প’

মীর সাব্বির বলেন, "‘খুব চেনা গল্প’ আমাদের জীবনেরই কথা বলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 30 Oct 2026, 01:04 PM

Updated : 30 Oct 2026, 01:04 PM

নিজের গল্পে নতুন ধারাবাহিক নাটক পরিচালনা করেছে অভিনেতা মীর সাব্বির।

এ নাটকের নাম রাখা হয়েছে ‘খুব চেনা গল্প’।

নাটকটি প্রচারে আসবে ‘এমএসএম ড্রামা’ নামের একটি ইউটিউব চ্যানেলে।

শাহাবুদ্দিন আহমেদের চিত্রনাট্যে এ ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর, শাহেদ আলী, দীপা খন্দকার, কাজী রাজু ও তাহমিনা সুলতানা মৌসহ অনেকে।

নাটকটি নিয়ে মীর সাব্বির বলেন, "‘খুব চেনা গল্প’ আমাদের জীবনেরই কথা বলে। দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা, পারিবারিক মূল্যবোধ ও সম্পর্কের বন্ধন এখানে উঠে এসেছে।

"অনেক সময় আমরা বাবা-মাকে ঠিকমত বুঝতে পারি না। কিন্তু নিজেরা যখন বাবা-মা হই, তখন ভুলগুলো উপলব্ধি করি। এমন চেনা অথচ আনমনা বিষয়গুলোই এ নাটকে দেখানোর চেষ্টা করা হয়েছে।"

ধারাবাহিকটিতে অভিনয় নিয়ে অভিনেত্রী ডলি জহুর বলেন, "সাব্বিরের পরিচালনায় এর আগেও কাজ করেছি। অভিনেতা হিসেবে সে যতটা সচেতন, পরিচালক হিসেবে তার চেয়েও বেশি নিবেদিত। এই নাটকেও তার প্রমাণ পেয়েছি।"

অভিনেতা শাহেদ আলী বলেন, "পরিচালক হিসেবে সাব্বির খুব মনোযোগী। কাজ করার সময় বোঝার উপায় থাকে না যে কত কঠিন একটি কাজ কত সহজে সে বের করে আনছে।"

সাব্বিরের নির্মাণ নিয়ে অভিনেত্রী দীপা খন্দকার বলেন, "বন্ধু হিসেবে তাকে চিনি, তবে পরিচালনায় সে কোনো ছাড় দেয় না। জীবনঘনিষ্ঠ গল্প বলেই তার নাটকগুলো দর্শক পছন্দ করেন।”