আবারও পাকিস্তানের কাছে হেরে আশাভঙ্গ বাংলাদেশের
এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে সেমি-ফাইনাল থেকে বিদায় নিল বাংলাদেশ ‘এ’ দল।
ওপেনারদের ব্যর্থতার পর একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি করলেন শাহাদাত হোসেন। তাকে তেমন সঙ্গ দিতে পারলেন না কেউ। ফলে বড় হলো না বাংলাদেশ ‘এ’ দলের পুঁজি। পরে বল হাতে ভালো শুরু করলেও সেটি ধরে রাখতে না পারায় পক্ষে এলো না ফল।
এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে পাকিস্তান ‘এ’ দলের কাছে হেরে সেমি-ফাইনাল থেকে বিদায় নিল বাংলাদেশ ‘এ’ দল। গত বছর টি-টোয়েন্টি সংস্করণে হওয়া টুর্নামেন্টে একই দলের বিপক্ষে ফাইনালে সুপার ওভারে হেরে যাওয়ায় শিরোপা জেতা হয়নি তাদের।
ওমানের ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক স্টেডিয়ামে এবারের ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশকে ৫ উইকেটে হারায় পাকিস্তান। হাসান নাওয়াজ, ফারহান ইউসুফদের ব্যাটে ২৩৩ রানের লক্ষ্য ২৮ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে তারা।
প্রথম সেমি-ফাইনাল জিতে আগেই শিরোপা নির্ধারণী মঞ্চে জায়গা নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। একই মাঠে রোববার ফাইনালে লড়বে দুই দল।
কিছুটা মন্থর ধরনের উইকেটে বড় পার্থক্য গড়েছে দুই দলের ছক্কা মারার সামর্থ্য। পুরো ইনিংসে মোটে ৪টি ছক্কা মারে বাংলাদেশ। এর দুটিই শেষ ওভারে। বিপরীতে পাকিস্তানের ব্যাটসম্যানরা ওড়ান ১১টি ছক্কা।
টস জিতে ব্যাট করতে নেমে আলি রাজার পেসের জবাব দিতে পারেননি বাংলাদেশের দুই ওপেনার। কট বিহাইন্ড হন অধিনায়ক সাইফ হাসান। ব্যাট নামাতে দেরি করে বোল্ড হন এই ম্যাচের আগে দলে যোগ দেওয়া মাহমুদুল হাসান জয়।
জোড়া ধাক্কা সামলে তৃতীয় উইকেটে জুটি বাধেন শাহাদাত ও মাহিদুল ইসলাম অঙ্কন। তবে ৯৫ রানের জুটি গড়তে খেলে ফেলেন ১৩৭ বল, রানরেট থেকে যায় চারের আশপাশে।
দলকে একশ পার করিয়ে সুফিয়ান মকিমের বলে লং অফে ক্যাচ দেন অঙ্কন। এই ম্যাচ দিয়ে দলে যোগ দেওয়া কিপার-ব্যাটার ৭৮ বলে করেন ৪২ রান। মকিমের পরের ওভারে তিন বলের মধ্যে ফিরে যান আফিফ হোসেন ও সাব্বির রহমান।
৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে আবার বিপদে পড়ে দল। ষষ্ঠ উইকেটে এসএম মেহেরব হাসানকে নিয়ে ৫২ রানের জুটি গড়েন শাহাদাত। ৪০তম ওভারে নাওয়াজের জোড়া আঘাত। ৩৬ বলে ২৮ রান করেন মেহেরব। খালি হাতে ফেরেন মোহাম্মদ রুবেল।
শেষ দিকে শাহাদাতকে দারুণ সঙ্গ দেন রিপন মন্ডল। নবম উইকেটে দুজন মিলে ২৫ বলে গড়েন ৪০ রানের অবিচ্ছিন্ন জুটি।
ইনিংসের শেষ দুই বলে সেঞ্চুরির জন্য শাহাদাতের বাকি ছিল ৪ রান। পঞ্চম বল ছক্কায় উড়িয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের অষ্টম সেঞ্চুরি করেন ২৪ বছর বয়সী ব্যাটসম্যান। ৭ চার ও ৩ ছক্কায় ১১৮ বলে তিনি করেন ১০৩ রান। ১১ বলে ১৯ রানে অপরাজিত থাকেন রিপন।
পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন মকিম। রাজা ও নাওয়াজের শিকার ২টি করে উইকেট।
মাঝারি পুঁজি নিয়ে বল হাতে শুরুতে লড়াই জমানোর আভাস দেন রিপন। চতুর্থ ওভারে চার বলের মধ্যে দুই ওপেনার মাজ সাদাকাত ও শামিল হুসাইনকে ফিরিয়ে দেন তিনি।
বাংলাদেশের মতোই তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়েন নাওয়াজ ও শাহজাইব খান। লক্ষ্য বড় না হওয়ায় রানের জন্য তাড়াহুড়ো করতে হয়নি তাদের। দেখেশুনে খেলে ১৬৪ বলে ১১০ রানের জুটি গড়েন দুই ব্যাটসম্যান।
তবে শুরুতে ভাঙতে পারত এই জুটি। ১১তম ওভারে ইকবাল হোসেনের বলে ১৩ রানে থাকা নাওয়াজের ক্যাচ ছেড়ে দেন মেহেরব।
বড় জুটি গড়ে দলকে এগিয়ে দেন দেন নাওয়াজ ও শাহজাইব। রুবেলের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ৩টি করে চার-ছক্কায় ৬২ রান করে ফেরেন ২৪ বছর বয়সী নাওয়াজ। কিছুক্ষণ পঞ্চাশ করেই বদলি নামা চৌধুরি মোহাম্মদ রিজওয়ানের দারুণ ক্যাচে ফেরেন শাহজাইব।
থিতু হওয়া দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে কিছুটা আশা জাগায় বাংলাদেশ। তবে সেটি হাওয়ায় মিলিয়ে দেন আব্দুল সামাদ ও ফারহান ইউসুফ। দুজনের ৫৬ বলে ৭৪ রানের জুটিতে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেন তারা।
এই জুটিও ভাঙতে পারত অল্পে। ৩৮তম ওভারে রুবেলের বলে ইউসুফের বিপক্ষে স্টাম্পিংয়ের জোরাল আবেদন করে বাংলাদেশ। একটি ফ্রেমে রিপ্লে দেখেই নটআউটে সিদ্ধান্ত জানান থার্ড আম্পায়ার। পরের ওভারে একই ব্যাটসম্যানের ক্যাচ ছেড়ে দেন অঙ্কন।
শেষ পর্যন্ত আর আউট হননি ইউসুফ। ৪ চার ও ২ ছক্কায় তিনি করেন ৩৮ বলে ৪৬ রান। দলকে জয়ের খুব কাছে রেখে ফেরেন ২ চার ও ৪ ছক্কায় ৩৩ বলে ৪৪ রান করা অধিনায়ক সামাদ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ‘এ’: ৫০ ওভারে ২৩২/৮ (জয় ৯, সাইফ ২, শাহাদাত ১০৩*, অঙ্কন ৪২, আফিফ ৫, সাব্বির ০, মেহেরব ২৮, রুবেল ০, রকিবুল ১০, রিপন ১৯*; রাজা ১০-১-৪০-২, ইমরান ১০-১-৪২-০, মকিম ১০-০-২৯-৩, দানিয়াল ৮-০-৫১-১, সাদাকাত ৩-০-২৫-০, সামাদ ৩-০-১১-০, নাওয়াজ ৬-০-৩০-২)
পাকিস্তান ‘এ’: ৪৫.২ ওভারে ২৩৩/৫ (শামিল ১৪, সাদাকাত ৬, শাহজাইব ৫০, নাওয়াজ ৬২, সামাদ ৪৪, ইউসুফ ৪৬*, রোহাইল ২*; রুবেল ১০-১-৩৩-১, রিপন ৯-১-৫২-২, ইকবাল ৯.২-০-৫১-০, রকিবুল ১০-০-৫৮-২, মেহেরব ৪-০-২৪-০, সাইফ ৩-০-১২-০)
ফল: পাকিস্তান ‘এ’ দল ৫ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: হাসান নাওয়াজ
