১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

কামরাঙ্গীরচরে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ

ব্যবসার প্রয়োজনে সম্প্রতি ওই ব্যবসায়ী বিভিন্ন এনজিও থেকে প্রায় ৩ থেকে ৪ লাখ টাকা ঋণ নিয়েছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Nov 2026, 04:45 PM

Updated : 13 Nov 2026, 04:45 PM

রাজধানীর কামরাঙ্গীরচরে এক ভাঙারি ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা দাবি করেছেন, ঋণের চাপে দিশেহারা ওই ব্যবসায়ী বিষন্নতায় ভুগতেন। মানসিক চাপ থেকে তিনি আত্মহত্যা করতে পারেন।

গত বৃহস্পতিবার বিকালে কামরাঙ্গীরচর থানাধীন মমিনবাগের ৬ নম্বর গলির আলতাফ ব্যাপারীর ভাড়া বাসার দ্বিতীয় তলা থেকে লামটি উদ্ধার করা হয়। সব আইনি প্রক্রিয়া শেষ করে শুক্রবার দুপুরের দিকে লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

নিহত ওই ব্যবসায়ীর নাম রফিকুল ইসলাম (৩৯)। তিনি শরীয়তপুর জেলার রানীগাঁও গ্রামের মৃত ওয়াজ উদ্দিন বেপারীর ছেলে। রফিকুল দীর্ঘদিন ধরে মমিনবাগের ওই বাসায় মা, স্ত্রী, সন্তান, বোন ও ভাগ্নেকে নিয়ে বসবাস করতেন।

কামরাঙ্গীরচর থানার এসআই জিন্নাহ আহমেদ বলেন, “আমরা প্রাথমিক তদন্তে এবং নিহতের আত্মীয়-স্বজনসহ বাড়ির মালিক এবং স্থানীয়দেরকে জিজ্ঞাসাবাদ করেছি। রফিকুল ইসলাম ভাঙ্গারি ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। ব্যবসার প্রয়োজনে তিনি বিভিন্ন এনজিও থেকে প্রায় ৩ থেকে ৪ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। সম্প্রতি ব্যবসায় মন্দা দেখা দেওয়ায় ঋণের কিস্তি পরিশোধের ব্যাপারে মানসিক চাপে ভুগছিলেন। এ কারণে বেশ কিছুদিন ধরে তিনি বিষন্ন ও চুপচাপ থাকতেন।

“বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে রফিকুল তার মায়ের কক্ষে ঢুকে দরজা লাগিয়ে দেন। মা ভেবেছিলেন, ছেলে হয়ত বিশ্রাম নিতে রুমে গেছেন। সে সময় রফিকুলের স্ত্রী ও মেয়ে মাদ্রাসায় ছিলেন। দীর্ঘ সময় পার হলেও রুম থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে তার মা পাশের বাসায় থাকা রফিকুলের বড় বোনকে ডেকে আনেন। একপর্যায়ে দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে তারা সিলিং ফ্যানের সঙ্গে রফিকুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে দরজা ভেঙে পুলিশে খবর দেন।”

ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেন তিনি।