শয়ন কক্ষের ফ্যানের সঙ্গে ঝুলছিল কলেজ শিক্ষিকার লাশ
তিনি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ছিলেন।
চট্টগ্রামে নিজ বাসা থেকে কলেজ শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
দক্ষিণ খুলশী ৩ নম্বর সড়কের জাকির হোসেন সোসাইটির একটি ভবন থেকে সোমবার রাতে ৩৬ বছর বয়সি চন্দ্রা শর্মার লাশ উদ্ধার করা হয়। তিনি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ছিলেন।
তার স্বামী মলয় কান্তি শর্মা একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা। জাকির হোসেন সোসাইটির ওই বাসায় এই দম্পতি থাকতেন।
খুলশী থানার এসআই আসাদুল হক বলেন, “সোমবার সন্ধ্যায় তার স্বামী বাসায় ফিরে ভেতর থেকে দরজা বন্ধ পান। এসময় ডাকাডাকিতেও দরজা না খোলায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে বেড রুমের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।”
রাতে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই সদস্য।
তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে থানায় অপমৃত্যু মামলা করার প্রস্তুতি চলছে।
