২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

ভাটারা ও কড়াইলে ২ জনের ঝুলন্ত লাশ উদ্ধার

ভাটারায় নিহত নারীর বাড়ি ময়মনসিংহে; আর কড়াইলে মারা যাওয়া যুবক শেরপুরের বাসিন্দা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Oct 2026, 05:08 PM

Updated : 26 Oct 2026, 05:08 PM

ঢাকার ভাটারা থেকে এক নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ।

রোববার রাত ১১টার দিকে সোলমাঈদের বড়বাড়ি এলাকার একটি বাসায় লাশটি পাওয়া যায়। ওই নারীর নাম সাবিনা ইয়াসমিন (৪২)।

সোমবার ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ভাটারা থানার এসআই বিলকিস আক্তার বলেন, “আমরা খবর পেয়ে গতকাল রাত ১১টার দিকে ভাটারার থানাধীন হাই স্কুল বড়বাড়ি এলাকার একটি বাসা থেকে দরজা ভেঙে সাবিনা ইয়াসমিন নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি সোমবার দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।”

এসআই বলেন, “আমরা স্বজনের মুখে জানতে পারি, নিহত সাবিনা পোশাক শ্রমিক ছিলেন। স্বামী-স্ত্রীর কলহের জেরে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।”

নিহত সাবিনার মেয়ে ঊর্মি বলেন, তার মায়ের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট থানার ছাতু গাও এলাকায়।

কড়াইলে যুবকের ঝুলন্ত লাশ

কড়াইল বউবাজার এলাকায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করার তথ্য দিয়েছে পুলিশ।

রোববার ভোরে তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর কথা জানান বনানী থানার এসআই মো. ইউসুফ আলী।

বিক্রম ওরফে বাবু (২০) নামে ওই যুবক ‘অনলাইন জুয়ায় আসক্ত’ ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। তার গ্রামের বাড়ি শেরপুর সদর থানার গোলপাড়ার কোহাকান্দা গ্রামে।

পরিবারের সদস্যদের বরাতে এসআই ইউসুফ আলী বলেন, বিক্রম অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। এ কারণে মায়ের সঙ্গে তার মাঝেমধ্যেই ঝগড়া হত। রাতেও তাদের ঝগড়া হয়। একপর্যায়ে মাকে ঘর থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দেন। পরে ঘরের ছাদের সঙ্গে থাকা লোহার দণ্ডে ওড়না লাগিয়ে গলায় ফাঁস দেন।