গ্রকের ডিপফেইক নিয়ে স্পেসএক্সের বিরুদ্ধে ২ অঙ্গরাজ্যের মামলা
মামলায় অভিযোগ, শিশু যৌন নিপীড়নমূলক কনটেন্টসহ ক্ষতিকর ডিপফেইক ঠেকাতে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে কোম্পানিটি।
ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্সের বিরুদ্ধে মামলার সংখ্যা ক্রমেই বাড়ছে। কোম্পানির গ্রক এআই ইমেজ জেনারেটর সংক্রান্ত জটিলতায় যুক্তরাষ্ট্রের প্রথম দুই অঙ্গরাজ্য হিসেবে স্পেসএক্সের বিরুদ্ধে মামলা করেছে ভার্জিনিয়া ও ওরেগন।
গ্রক এআই ইমেজ জেনারেটরের মাধ্যমে সম্মতি ছাড়া ‘অশ্লীল’ ডিপফেইক ছবি তৈরি ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্পেসএক্সের বিরুদ্ধে মামলা করেছে মার্কিন অঙ্গরাজ্য দুটি।
আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি প্রতিবেদনে লিখেছে, শিশু যৌন নিপীড়নমূলক কনটেন্টসহ ক্ষতিকর ডিপফেইক ঠেকাতে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নিতে ব্যর্থ এবং এআই টুল ও এক্স প্ল্যাটফর্মকে নিরাপদ বলে মিথ্যা দাবি করার অভিযোগ আনা হয়েছে মামলা দুটিতে।
‘ইন্টারনেট ওয়াচ ফাউন্ডেশন’, ‘সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেইট’ ও অন্যান্য কোম্পানির গবেষণা অনুসারে, গ্রক ও স্পেসএক্সের মালিকানাধীন সামাজিক মাধ্যম এক্স-এর বিভিন্ন সংস্করণ ব্যবহার করে ব্যবহারকারীরা সম্মতি ছাড়াই শিশুসহ অন্যান্য ব্যক্তিদের ছবি বা ভিডিওর ওপর ভিত্তি করে আপত্তিকর ডিপফেইক তৈরি ও ছড়িয়ে দিতে পারছেন।
সোমবার সকাল নাগাদ মার্কিন অঙ্গরাজ্যগুলোর আদালতে দায়ের করা আলাদা অভিযোগে ওরেগনের অ্যাটর্নি জেনারেল ড্যান রেফিল্ড ও ভার্জিনিয়ার অ্যাটর্নি জেনারেল জে জোনস যুক্তি দিয়েছেন, গ্রক ও এক্স ব্যবহারকারীদের ক্ষতিকর ডিপফেইক ছবি, বিশেষ করে এআইয়ের মাধ্যমে তৈরি শিশু যৌন নিপীড়নমূলক কনটেন্ট তৈরি ও শেয়ার করা আটকাতে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে স্পেসএক্স।
অভিযোগপত্রে বলা হয়েছে, স্পেসএক্স তাদের এআই অ্যাপ ও সামাজিক মাধ্যম (গ্রক ও এক্স)-কে নিরাপদ হিসেবে মিথ্যাভাবে উপস্থাপন করেছে, যা ভার্জিনিয়ার ‘কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট’ ও ওরেগনের ‘আনলফুল ট্রেড প্র্যাকটিসেস অ্যাক্ট’-এর লঙ্ঘন বলে মনে করছে অঙ্গরাজ্য দুটি।
বিষয়টি উদ্বেগজনক, কারণ ১৩ বছর বা তার বেশি বয়সি অপ্রাপ্তবয়স্কদের প্লাটফর্মটিতে কনটেন্ট দেখার অনুমতি দেয় এক্স।
রেফিল্ড ও জোনস উভয়ই তাদের অভিযোগপত্রে বলেছেন, সম্মতিহীন ও যৌনতাপূর্ণ এসব ছবির ক্ষতি কেবল ছবিতে প্রদর্শিত ভুক্তভোগীদের মধ্যেই সীমিত নেই।
জোনস লিখেছেন, “যারা অনিচ্ছাকৃতভাবে এসব কনটেন্টের সংস্পর্শে আসেন, তাদের মধ্যেও এটা ভয়, মানসিক যন্ত্রণা ও উদ্বেগ তৈরি করতে পারে।”
রেফিল্ড লিখেছেন, এ ধরনের আচরণ “সম্মতি ও প্রাইভেসি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সামাজিক রীতিনীতিকে ক্ষুণ্ণ করে, যৌন চিত্রায়ণ, নিপীড়ন ও শোষণকে তুচ্ছ করে তোলে।”
এ বিষয়ে সিএনবিসির মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি স্পেসএক্স।
অক্টোবরে নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের এক শুনানিতে স্পেসএক্সের এআই নীতিমালা বিষয়ক শীর্ষ কর্মকর্তা গ্যাব্রিয়েলা কাস্তিয়ো মাদ্রিদ বলেছিলেন, কোম্পানিটি তাদের এআই পণ্যগুলোর ক্ষেত্রে যথাযথ ‘সুরক্ষা ব্যবস্থা’ ও ‘কঠোর নিয়ন্ত্রণ’ ধরে রেখেছে।
আগে থেকেই গ্রক ও এক্স-সংক্রান্ত একাধিক মামলা ও বিশ্বজুড়ে সরকারি তদন্তের মুখে হয়েছে স্পেসএক্স, যার মধ্যে যুক্তরাজ্য, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের তদন্তও রয়েছে।
গ্রক ও এআইয়ের মাধ্যমে তৈরি অশ্লীল ছবি সংক্রান্ত বিষয়ে যুক্তরাষ্ট্রে স্পেসএক্সের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, যা পর্যবেক্ষণ করছে ‘সেন্টার ফর ইন্টারনেট টেকনোলজি অ্যাডিকশন’।
বাল্টিমোর শহর স্পেসএক্সের মালিকানাধীন ও পরিচালিত ‘এক্সএআই’-এর বিরুদ্ধে মামলা করার সময় কোম্পানিটি যুক্তি দিয়েছিল, ‘সেকশন ২৩০’-এর অধীনে অনাকাঙ্ক্ষিত ছবির জন্য তারা দায়ী নয়।
সেকশন ২৩০ হচ্ছে একটি ফেডারেল আইন, যা ব্যবহারকারীদের তৈরি কনটেন্টের দায়ভার থেকে অনলাইন প্ল্যাটফর্মগুলোকে বড় পরিসরে সুরক্ষা দেয়।
এ ছাড়া, টেক্সাসের নর্দার্ন ডিস্ট্রিক্টের এক কেন্দ্রীয় আদালতে এক ব্যবহারকারীর বিরুদ্ধে চুক্তি ভঙ্গের মামলাও করেছিল স্পেসএক্স।
ওই ব্যক্তির বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্কদের চিত্রায়ণসহ অশ্লীল ডিপফেইক ছবি তৈরি ও ছড়িয়ে দিতে গ্রক ব্যবহারের অভিযোগ এনেছিল কোম্পানিটি।
মাস্কের কোম্পানির আইনজীবীরা যুক্তি দিয়েছিলেন, গ্রককে ‘ব্যবহারকারীর নিয়ন্ত্রণাধীন একটি নিরপেক্ষ টুল’ হিসেবে দেখা উচিত এবং যে কোনো ছবি তৈরি ‘ব্যবহারকারীর প্রম্পট ও নির্দেশনারই ফলাফল’।
অঙ্গরাজ্য দুটির নতুন এই মামলা স্পেসএক্সের ওপর আইনি চাপ আরও বাড়িয়ে দিল। ভার্জিনিয়া ও ওরেগন উভয় অঙ্গরাজ্যই মাস্কের কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা, দেওয়ানি জরিমানা, অবৈধভাবে অর্জিত অর্থ ফেরত ও আইনি খরচ দাবি করছে।
পাশাপাশি, ভার্জিনিয়া ভোক্তাদের জন্য ক্ষতিপূরণও চাইছে।
ওরেগন রোববার সন্ধ্যায় মাল্টনোমাহ কাউন্টি সার্কিট কোর্টে ও ভার্জিনিয়া সোমবার সকালে সিটি অফ রিচমন্ড সার্কিট কোর্টে তাদের অভিযোগ দায়ের করেছে।
অঙ্গরাজ্যগুলোর অ্যাটর্নি জেনারেলরা সম্প্রতি মার্কিন সামাজিক মাধ্যম কোম্পানিগুলোকে তাদের পণ্যে পরিবর্তন আনতে ও অতীতের ক্ষতির জন্য অর্থ পরিশোধে বাধ্য করতে সফল হয়েছেন।
অগাস্টে বড় এক কেন্দ্রীয় মামলায় আপস-মীমাংসা করে মেটা। সামাজিক মাধ্যম জায়ান্টটির বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা তাদের অ্যাপ ফেইসবুক ও ইনস্টাগ্রামের কারণে শিশুদের মানসিক স্বাস্থ্য সমস্যার মাত্রা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়েছিল।
কোনো ভুল স্বীকার না করে মেটা আগামী ১০ বছরে অঙ্গরাজ্যগুলোকে প্রায় ১ হাজার ৭০০ কোটি ডলার পরিশোধ করতে ও অ্যাপে এমন কিছু পরিবর্তন আনতে রাজি হয়েছে, যা অনলাইনে শিশুদের আরও নিরাপদ রাখতে সহায়তা করবে বলে ধারণা বিশেষজ্ঞদের।
