৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

ভার্চুয়ালি পোশাক পরে দেখার সুবিধা নিয়ে মেটার এআই ফ্যাশন অ্যাপ

কেউ অ্যাকাউন্ট যোগ করতে না চাইলে ফোনের গ্যালারি থেকে ছবি আপলোড বা পোশাকের নতুন ছবি তুলেও এই সুবিধা নিতে পারবেন।

ভার্চুয়ালি পোশাক পরে দেখার সুবিধা নিয়ে মেটার এআই ফ্যাশন অ্যাপ

এই ভার্চুয়াল আলমারির সাহায্যে নিজের পোশাকের বিভিন্ন আকর্ষণীয় কম্বিনেশন বা সাজের পরামর্শ পাওয়া যাবে। ছবি: মেটা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 31 Oct 2026, 02:26 PM

Updated : 31 Oct 2026, 02:26 PM

প্রযুক্তি জায়ান্ট মেটা সীমিত পরিসরে আরও এক নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অ্যাপ বাজারে এনেছে।

এর আগে, ফিলিপিন্সে ‘ওয়াডল ওয়ার্ল্ড’ নামে তমাগোচি স্টাইলের ভার্চুয়াল পোষা প্রাণীর অ্যাপ চালুর পর এবার ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডে অ্যান্ড্রয়েড ও আইওএসের জন্য ‘স্টাইল স্কেচ’ নামের ফ্যাশন অ্যাপ উন্মুক্ত করেছে মেটা।

সামাজিক মাধ্যম কনসালট্যান্ট ম্যাট নাভারা প্রথম এক্স-এ অ্যাপটির আত্মপ্রকাশের বিষয়টি সামনে আনেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

ব্যবহারকারীদের সামাজিক মাধ্যমে শেয়ার করা বিভিন্ন ছবি স্ক্যান করে ফেইসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সঙ্গে যোগ হতে পারে স্টাইল স্কেচ, যার মাধ্যমে এটি একটি ডিজিটাল বা ভার্চুয়াল আলমারি তৈরি করে নেয়।

তবে কেউ অ্যাকাউন্ট যোগ করতে না চাইলে ফোনের গ্যালারি থেকে ছবি আপলোড বা পোশাকের নতুন ছবি তুলেও এই সুবিধা নিতে পারবেন।

এই ভার্চুয়াল আলমারির সাহায্যে নিজের পোশাকের বিভিন্ন আকর্ষণীয় কম্বিনেশন বা সাজের পরামর্শ পাওয়া যাবে।

পাশাপাশি ব্যবহারকারীর দেহের গঠন ও ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে তৈরি করা ভার্চুয়াল মডেলে পোশাকগুলো পরে ট্রায়ালও দেখা যাবে।

পোশাকের নানা আইডিয়া পেতে নির্দিষ্ট কোনো পোশাক বেছে নিয়ে এর আশপাশে সাজ সাজিয়ে নেওয়া, আবহাওয়ার কথা জানিয়ে দেওয়া বা কোনো ভ্রমণের জন্য আলাদা ট্রিপ প্ল্যান তৈরি করতে এআইকে নির্দেশ দেওয়া সম্ভব।

প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ প্রতিবেদনে লিখেছে, মেটা প্রধান মার্ক জাকারবার্গ এ বছরের শুরুতে বলেছেন, তারা এখন আগের চেয়ে বেশি অ্যাপ বাজারে আনবেন।

এআই প্রযুক্তি অ্যাপ তৈরির প্রক্রিয়াকে সহজ করে দেওয়ায় কোম্পানিটি এই নীতি নিয়েছে।

এসব ছোট ছোট অ্যাপের মাধ্যমে বিপুল সংখ্যক মানুষকে নিজেদের এআই প্রযুক্তি ব্যবহারে আগ্রহী করা ও সেই ডেটা দিয়ে এআই সিস্টেমকে উন্নত ও প্রশিক্ষিত করার সুযোগ তৈরি হয়েছে।

ফ্যাশন সংক্রান্ত বিষয়ে এআইচালিত অ্যাপ বা ফিচার চালুর দৌড়ে মেটাই প্রথম নয়। গুগল তাদের ‘এআই সার্চ’-এ ২০২৫ সাল থেকেই ভার্চুয়াল পোশাক ট্রায়াল ফিচার দিয়ে আসছে।

এ বছর গুগল তাদের ‘ফটোস’ অ্যাপে ‘ওয়্যারড্রোব’ নামের সুবিধা যোগ করেছে, যা ব্যবহারকারীর ছবি স্ক্যান করে জামাকাপড়ের ক্যাটালগ তৈরি করে দেয়।

অন্যদিকে, মার্কিন এআই কোম্পানি ওপেনএআই’ও চ্যাটজিপিটিতে এমন ফিচার যোগ করেছে, যেখানে নিজের ছবির পাশাপাশি পছন্দের পোশাকের ছবি আপলোড করলেই সেই পোশাক পরলে ব্যবহারকারীকে কেমন দেখাবে তা সহজে ভেসে ওঠে পর্দায়।