ঢাবিতে সংবাদকর্মীসহ দুজনকে মারধরের অভিযোগ, রাজু ভাস্কর্যে সমাবেশ
প্রক্টর বলেন, “অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। ঘটনা সত্য হলে আমরা ব্যবস্থা নেব।”
অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পেপার্সের হেড অব প্রোডাকশন মোরসালিনা অনিকা ও ছাত্রনেতা অনিন্দ্য বিশ্বাসের ওপর হামলার অভিযোগে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন।
সোমবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ হয়।
অনিন্দ্য ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের বিজ্ঞান শাখার আহ্বায়ক।
সমাবেশে সংগঠটির ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সহসভাপতি স্বাধীন বিশ্বাস বলেন, অনিন্দ্য ও অনিকার ওপর হামলা পূর্বপরিকল্পিত। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে বহিষ্কারসহ শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।
ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি দুর্জয় রায় বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থী ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
হামলার শিকার গানের দল ‘গানপোকা’র গিটারিস্ট অনিন্দ্যর অভিযোগ, রোববার রাতে বিশ্ববিদ্যালয় লাগোয়া রমনা কালীমন্দিরের গেটে তার ও অনিকার ওপর হামলা চালান ছাত্রদলের ১২-১৩ জন নেতাকর্মী।
তার ভাষ্য, রাত দেড়টার দিকে ঢাকা পেপার্সের সাংবাদিক অনিকার ফোন পেয়ে তিনি কালীমন্দিরের গেটে যান। সেখান থেকে জগন্নাথ হলের এক শিক্ষার্থীকে নিয়ে রিকশায় করে হলে ফিরছিলেন তারা।
কালীমন্দিরের গেট থেকে রিকশা ছাড়ার সময় কয়েকটি মোটরসাইকেলে করে একদল যুবক এসে তাদের পথ আটকায়। তারা রিকশাচালককে থামতে বলে এবং অনিন্দ্যকে নামতে বলে।
অনিকা তাকে কথা বলতে নিষেধ করায় তিনি চুপ ছিলেন। একপর্যায়ে অনিকাকে রিকশা থেকে নামিয়ে অনিন্দ্যকে মারধর শুরু করে হামলাকারীরা।
তবে হামলার অভিযোগ অস্বীকার করে ঘটনার ভিন্ন বর্ণনা দিয়েছেন অভিযোগ ওঠাদের একজন গোলাম মুক্তাদির ইরাম।
তার দাবি, গত ১২ নভেম্বর শামসুন্নাহার হলের সামনে একটি রিকশার সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষের পর রিকশায় থাকা তিন ব্যক্তি তাকে মারধর করেন। তাদের মধ্যে অনিন্দ্য বিশ্বাস ও মার্ক নামে দুজনকে পরে শনাক্ত করেন তিনি। পরে দুই পক্ষের জ্যেষ্ঠদের উদ্যোগে বিষয়টি মীমাংসার আলোচনা হয়।
রোববার রাতের ঘটনা সম্পর্কে ইরাম লেখেন, রাত ১২টার দিকে পুরান ঢাকা থেকে ফেরার পথে তার বন্ধুরা অনিন্দ্যকে দেখতে পান। এ সময় আগের ঘটনা নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
তার দাবি, অনিন্দ্য পরে ফোন করে আরও পাঁচ থেকে সাতজনকে ঘটনাস্থলে ডাকেন। পরিস্থিতি এড়াতে তারা সেখান থেকে চলে যান।
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা ভুক্তভোগীর কাছ থেকে ঘটনার কথা শুনেছেন। প্রকৃত ঘটনা জানতে নিজেদের মতো করে যাচাই-বাছাই করছেন।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ঘটনায় একটি অভিযোগ এসেছে। তবে ভুক্তভোগীরা সরাসরি আমার কাছে আসেননি। অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। ঘটনা সত্য হলে আমরা ব্যবস্থা নেব।”
