১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

‘শহীদ নূর হোসেন দিবস’: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠনগুলোর আয়োজনে ভাটা

হুসেইন মুহম্মদ এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনে বুকে ‘স্বৈরাচার নিপাত যাক’ এবং পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লিখে মিছিলে যোগ দেন নূর হোসেন। একপর্যায়ে গুলিতে প্রাণ হারান তিনি।

‘শহীদ নূর হোসেন দিবস’: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠনগুলোর আয়োজনে ভাটা

রাজধানীর ফুলার রোডে শহীদ নূর হোসেনের ভাস্কর্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Nov 2026, 01:05 AM

Updated : 11 Nov 2026, 01:05 AM

মাথার ওপরে তুলে রাখা মুষ্টিবদ্ধ ডান হাতটি ভাঙা, শরীরে ফাটল ধরেছে, পায়ের অংশে জমেছে শ্যাওলা আর ঘাস; রাজধানীর ফুলার রোডে শহীদ নূর হোসেনের ভাস্কর্যের এমনই ভগ্ন দশা এখন।

১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচার পতনের আন্দোলনে নিহত নূর হোসেনের স্মৃতি বহন করছে ভাস্কর্যটি। সেই দিনটি ঘিরে বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ছাত্র সংগঠনগুলো স্মরণ করলেও এবার সেই আয়োজনে ভাটা পড়েছে।

দিনটি ঘিরে বিগত বছরগুলোতে ছয় বাম ছাত্র সংগঠনের মোর্চা গণতান্ত্রিক ছাত্রজোটের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হলেও এবার জোটের আয়োজন ছিল না। কেবল ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গুলিস্তানে নূর হোসেন চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে বিগত সময়ে দিনটিতে তাকে স্মরণ করা হলেও এবার তাদেরও সেই আয়োজন ছিল না। দিনটিতে একসময় ছাত্রলীগের কর্মসূচি থাকলেও নিষিদ্ধ ঘোষিত হওয়ায় এখন তাদের কার্যক্রম নেই।

মঙ্গলবার ‘শহীদ নূর হোসেন দিবস’ ঘিরে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী বলেন, “প্রতিবছর তো জোট থেকে শ্রদ্ধা জানানো হয়। এবার আমরা এককভাবে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট থেকে শ্রদ্ধা জানিয়েছি। এ বছর আমরা কনভেনশন নিয়ে ব্যস্ত থাকায় ছাত্রজোট থেকে শ্রদ্ধা জানানো হয়নি।”

বিপ্লবী ছাত্রমৈত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সামি আব্দুল্লাহ বলেন, “আমাদের শ্রদ্ধা জানানোর কথা ছিল। এবার তা হয়ে উঠেনি।”

এবার ‘নূর হোসেন দিবসে’ কর্মসূচি না থাকার বিষয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, “গত দুই দিন ধরে আমরা ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম মোকাবেলায় খুবই ব্যস্ততার মধ্য দিয়ে গিয়েছি। এজন্য আমরা আজকে প্রোগ্রামটা মিস করেছি।

“আমরা বিগত দিনে সবসময় তাকে স্মরণ করেছি। আগামী দিনেও করব।”

১৯৮৭ সালের হুসেইন মুহম্মদ এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনে বুকে ‘স্বৈরাচার নিপাত যাক’ এবং পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লিখে মিছিলে যোগ দেন নূর হোসেন। একপর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন তিনি। তার স্মরণে প্রতি বছর ১০ নভেম্বর ‘শহীদ নূর হোসেন দিবস’ পালন করা হয়ে থাকে।

দিনটি ঘিরে বিগত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো আয়োজন ছিল না।

এবারের ‘দিবস’ ঘিরে উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম বলেন, “এ বছর তো দিবসটি পার হয়ে গেছে। আমরা আগামী দিনে পালন করা যায় কি না ভেবে দেখব।”