সিরাজগঞ্জে দাফনের ২০ মাস পর কবর থেকে তোলা হলো দুই যুবকের লাশ
২০২৫ সালে তাদের মৃত্যুর ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা ধরে অপমৃত্যুর মামলা করা হয়।
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দাফনের ২০ মাস পর কবর থেকে দুই যুবকের লাশ তোলা হয়েছে।
হত্যা মামলার তদন্তের জন্য আদালতের নির্দেশে শনিবার বিকালে উপজেলার সগুনা ইউনিয়নের হেমনগর গ্রামের পারিবারিক কবরস্থান থেকে লাশ দুটি তোলা হয় বলে জানান সলঙ্গা থানার ওসি আলী আসলাম।
নিহতরা হলেন- আজিজ ফারুকীর ছেলে রোকুনুজ্জামান রোকন ফারুকী ও তার প্রতিবেশী নাসির উদ্দিন নান্টু।
মামলার বরাতে পুলিশ জানায়, ২০২৫ সালের ২৪ মার্চ জমিজমা নিয়ে বিরোধের জেরে আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হরিণচড়া বাজার এলাকায় তাদের মৃত্যু হয়। ওই সময় ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা ধরে হাটিকুমরুল হাইওয়ে থানায় অপমৃত্যুর মামলা করা হয়।
তবে নিহত রোকুনুজ্জামানের ছোট ভাই ফেরদৌস মামুন ওরফে শাওন ফারুকীর দাবি, তার ভাই ও নাসির উদ্দিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। জমিজমা নিয়ে বিরোধের জেরে গাড়িচাপা দিয়ে তাদের হত্যা করা হয় বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় ১০ সেপ্টেম্বর আদালতে পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন ফেরদৌস মামুন। আদালত মামলাটি গ্রহণ করে সলঙ্গা থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলেন। একই সঙ্গে কবর থেকে লাশ তুলে ময়নাতদন্তের নির্দেশ দেন।
মামলার আসামিরা হলেন- হেমনগর গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে মোনায়েম হোসেন জেমস, তার ছোট ভাই জাকির হোসেন, তাদের বাবা আব্দুল ওয়াহাব এবং জেমসের দুই সহযোগী মোহাম্মদ রাসেল সরকার ও মোহাম্মদ শাকিল হোসেন ওরফে সুট্যার শাকিল।
ওসি আলী আসলাম বলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি এবং তাড়াশ ও সলঙ্গা থানা-পুলিশের উপস্থিতিতে লাশ দুটি তোলা হয়। পরে ময়নাতদন্তের জন্য সেগুলো সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
