০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

সিলেটে ‘গালিগালাজের’ জেরে চাচাকে কুপিয়ে হত্যার অভিযোগ

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিল্লাল বলেছে কয়েক দিন আগে রুস্তম আলী তাকে ‘পাগল ও গাঁজাসেবনকারী বলে গালিগালাজ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Nov 2026, 03:22 PM

Updated : 04 Nov 2026, 03:22 PM

‘পাগল ও গাঁজাসেবনকারী’ বলে গালিগালাজের জেরে সিলেটের কোম্পানীগঞ্জে চাচাকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ বুড়দেও এলাকার পুরান সড়কে এ হত্যার ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি মো. ওছমান গনি।

নিহত রুস্তম আলী (৫৫) বুড়দেও গ্রামেরই বাসিন্দা। আটক বিল্লাল মিয়া (৩০) উপজেলার ডাকাতিবাড়ি গ্রামের মহরম আলীর ছেলে ও নিহত রুস্তমের দূর সম্পর্কে ভাতিজা।

ওসি মো. ওছমান গনি বলেন, “আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিল্লাল বলেছে কয়েক দিন আগে রুস্তম আলী তাকে ‘পাগল ও গাঁজাসেবনকারী বলে গালিগালাজ করেন। এটি নিয়ে তার মধ্যে ক্ষোভ ছিল।

“এর জের ধরে বুধবার সকালে রুস্তম আলীকে একা পেয়ে দা দিয়ে হামলা করে বিল্লাল। ঘটনার পরই তাকে আটক করা হয়েছে।’’

তিনি আরও বলেন, ‘‘নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবার মামলা দায়ের করবে বলে জানিয়েছে।’’