১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে ২ নারী খুন

আলাদা ঘটনায় দুইজনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।

নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে ২ নারী খুন

সুফিয়া আক্তার নিশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Oct 2026, 07:17 PM

Updated : 13 Oct 2026, 07:50 PM

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই নারী খুনের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দুইজনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মাহমুদপুরে এবং মঙ্গলবার সকালে তিনগাঁ উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বন্দর থানার ওসি মোহাম্মদ জামাল উদ্দিন।

নিহতরা হলেন- মাহমুদপুরের প্রয়াত নাজির সরদারের স্ত্রী নিহত মাকসুদা বেগম (৭২) এবং তিনগাঁ উত্তরপাড়ার দেলোয়ার হোসেনের মেয়ে সুফিয়া আক্তার নিশি (২৪)।

ওসি জামাল উদ্দিন বলেন, এদিন সকালে নিজ বাড়ি থেকে নিশির লাশ উদ্ধার করে পুলিশ। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় তার স্বামীকে আটক করা হয়।

আটক নিশির স্বামী আব্দুল মান্নান ওরফে মনির (২৮) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বারুইপাড়া এলাকার শফিকুল ইসলাম বাবুলের ছেলে।

ওসি জামাল বলেন, “নিশি তার স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। ভোররাতে ছুরি দিয়ে গলায় আঘাত করে নিশিকে হত্যা করেন তার স্বামী।”

এর আগে সোমবার রাত সাড়ে ৮টার দিকে মাহমুদপুর এলাকায় ব্যবসার পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মারামারিতে মাকসুদা মারা যান।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, “ব্যবসার পাওনা টাকা নিয়ে স্থানীয় সাদ্দামের সঙ্গে মাকসুদার ছেলে জজ মিয়ার দ্বন্দ্বের জেরে মারামারির ঘটনা ঘটে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন মাকসুদা।”

পরে মাকসুদাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

একই ঘটনায় আহত সাদ্দাম রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন বলে জানিয়েছেন ওসি জামাল উদ্দিন।

তিনি বলেন, লাশ দাফনের পর থানায় মামলা হবে। সেই মামলায় সাদ্দামকে গ্রেপ্তার দেখানো হবে।

৩৫ বছর বয়সি সাদ্দাম মাহমুদনগর এলাকার খোকন মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ।