২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

সারা দিন স্বর্ণদ্বীপে ব্যস্ত সময় কাটিয়ে সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী

“বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে একটি নতুন অধ্যায় সূচিত হয়েছে,” বলেন তিনি।

সারা দিন স্বর্ণদ্বীপে ব্যস্ত সময় কাটিয়ে সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী

নোয়াখালীর স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর মহড়ার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 09:19 PM

Updated : 24 Nov 2026, 09:24 PM

সারা দিন নোয়াখালীর স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর মহড়ার বিভিন্ন কার্যক্রম দেখে ঢাকায় ফেরার পর সন্ধ্যায় সচিবালয়ে নিজের দাপ্তরিক কাজও করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার বিকাল সোয়া ৫টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছান বলেন জানিয়েছেন তার উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা।

নিয়ম অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট দিয়ে উপস্থিতি নিশ্চিত করার পর প্রধানমন্ত্রী একে একে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও দাপ্তরিক কাজে অংশ নেন।

তার আগে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে যেতে সকাল সাড়ে ৮টায় বাসা থেকে বের হয়েছিলেন তারেক রহমান।

সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারে ঢাকা থেকে স্বর্ণদ্বীপে রওনা হন প্রধানমন্ত্রী, বেলা সাড়ে ১১টায় তাকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বলেন, স্বর্ণদ্বীপে পৌঁছলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন।

তিনি জানান, প্রধানমন্ত্রী সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী যৌথ অনুশীলন মহড়া পরিদর্শন করেন।

সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’ এর চূড়ান্ত এই অনুশীলন মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার ড্রাইভিং অ্যান্ড স্যালভেজ (সোয়াডস) ও বিমান বাহিনী বিশেষায়িত ইউনিট ‘৫০১ এয়ার রেজিমেন্ট’ অংশ নিয়েছে।

তিন বাহিনীর এই মহড়ায় সামরিক সক্ষমতাসহ আন্ত:বাহিনীর সমন্বিত কার্যক্রম প্রদর্শিত হয়েছে।

উপ প্রেস সচিব রনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী সকালে স্বর্ণদ্বীপে নেমে ‘বারো আউলিয়া’ খাল এলাকায় আসেন। এখানে তিন বাহিনী যৌথ মহাড়া দেখেন সেনা ছাউনিতে বসে। এই সময়ে প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম, সেনা বাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌ বাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাহমুদ হাসান খাঁনসহ ঊধর্বতন সামরিক কর্মকর্তারা ছিলেন।”

ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী তিন বাহিনী কর্মকর্তা ও জওয়ানদের উদ্দেশে বক্তব্য রাখেন।

‘তিন বাহিনীর যৌথ মহড়া, নতুন অধ্যায়ের সূচনা’

ভিউ পয়েন্ট-১ এ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে একটি নতুন অধ্যায় সূচিত হয়েছে। এই নতুন অধ্যায় সাক্ষী হতে পেরে আমি নিজে ব্যক্তিগতভাবে অত্যন্ত গর্বিত। আমাদের জাতির ইতিহাসে সর্বপ্রথম যৌথ সামরিক মহড়া, যেখানে তিন বাহিনীর স্পেশাল ফোর্স একত্রে অংশগ্রহণের মাধ্যমে অনুশীলন সম্পন্ন করেছে।

“আজকের এই মহড়া আমি মনে করি, বিশ্বের দরবারে একটি স্পষ্ট বার্তা দেবে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, অন্যান্য পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় তারা সদা প্রস্তুত। আজকের এই মহড়ার পেছনে দূরদর্শী চিন্তা ও সরকারের সামরিক বাহিনীকে আধুনিকীকরণের অঙ্গীকারের একটি প্রতিফলন।”

নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ যা স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত এই দ্বীপে ২০১৩ সালে থেকে সেনাবাহিনী প্রশিক্ষণ মহড়া এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

তবে এই প্রথম তিন বাহিনী যৌথ মহড়া অনুষ্ঠিত হল, যা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানে সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান এটিভি চালিয়ে ভিউ-১ স্পটে যান। বারো আউলিয়া থেকে ভিউ পয়েন্ট-১ স্পটের দূরত্ব ৮ কিলোমিটার। চালকের আসনে ছিলেন প্রধানমন্ত্রী নিজেই।

সেখানে পৌঁছালে ঊধর্বতন সামরিক কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

সেখানে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী কর্মকর্তা ও জওয়ানদের সঙ্গে মধ্যাহ্নভোজ করেন বলে জানান উপ প্রেস সচিব।

তিনি বলেন, “অত্যন্ত খোলামেলা পরিবেশে মাননীয় প্রধানমন্ত্রী অফিসার ও জওয়ানদের সাথে দুপুরের খাবার খান। সেই খাবার মহড়াস্থলে জওয়ানরাই রান্না করেছেন।

“এরপর প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে ঘুরে দেখেন। প্রদর্শনী দেখে প্রধানমন্ত্রী তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের উদ্দেশে সংক্ষিপ্ত নির্দেশনামূলক বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী ভিউ পয়েন্ট-১ এ একটি বৃক্ষরোপণ করেছেন।”

এরপর ঢাকার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। স্বর্ণদ্বীপের হেলিপ্যাডে প্রধানমন্ত্রীকে বিদায় জানান তিন বাহিনী প্রধান।

পুরনো খবর:

এটিভি চালিয়ে স্বর্ণদ্বীপের মহড়া দেখলেন প্রধানমন্ত্রী