২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

তাকে অভ্যর্থনা জানিয়েছেন তিন বাহিনীর প্রধান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 12:31 PM

Updated : 24 Nov 2026, 12:31 PM

সশস্ত্র বাহিনীর মহড়া দেখতে নোয়াখালীর স্বর্ণদ্বীপে (জাহাইজ্জার চর) পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সরকারপ্রধানের উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী হেলিকপ্টারে সকাল সাড়ে ১১টায় স্বর্ণদ্বীপে পৌঁছান।

“সেখানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন ও জেলা প্রশাসক প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।”

সরকারপ্রধানের সঙ্গে রয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ কে এম শামছুল ইসলাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, বিএনপির কেন্দ্রীয় বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী ও প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

উপ প্রেস সচিব বলেন, “প্রধানমন্ত্রী স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন।

“দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী দেখবেন এবং অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন।”

সামরিক কর্মকর্তারা জানান, সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত এ অনুশীলন মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ (সোয়াডস) এবং বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষায়িত ইউনিট ‘৫০১ এয়ার রেজিমেন্ট’ অংশ নেবে।

নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপে ২০১৩ সাল থেকে প্রশিক্ষণ মহড়া ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। দ্বীপটি স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত।

এর আগে গত ৭ জুলাই মানিকগঞ্জের সিংগাইরে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।