২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

ঘানায় প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা

তিন দিনব্যাপী এ আয়োজন করে মরক্কোয় বাংলাদেশ দূতাবাস।

রিয়াদ হাসান মাহমুদ রিয়াদ হাসান মাহমুদ

ঘানা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 12:09 PM

Updated : 24 Nov 2026, 12:09 PM

পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য তিন দিনব্যাপী ই-পাসপোর্ট নিবন্ধন ও কনস্যুলার সেবা দিয়েছে মরক্কোয় বাংলাদেশ দূতাবাস।

শনি থেকে সোমবার ঘানার রাজধানী আক্রায় এ কার্যক্রম পরিচালিত হয়। বাংলাদেশ কমিউনিটি ঘানার সহযোগিতায় আয়োজিত এ কার্যক্রমে ই-পাসপোর্ট নিবন্ধন, পুরোনো পাসপোর্ট সংশোধনসহ বিভিন্ন কনস্যুলার সেবা দেওয়া হয়।

বাংলাদেশ দূতাবাস মরক্কোর কাউন্সেলর ও দূতালয় প্রধান রাজীব ত্রিপুরা এবং তার ব্যক্তিগত কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ এ কার্যক্রম পরিচালনার জন্য ঘানা সফর করেন। সফরকালে তারা প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ, বিভিন্ন সামাজিক ও ক্রীড়া আয়োজনে অংশগ্রহণ এবং কমিউনিটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

ঘানায় বসবাসরত বাংলাদেশিদের জন্য এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সেবা নিতে আসা প্রবাসীরা। তাদের ভাষ্য, পাসপোর্ট ও অন্যান্য কনস্যুলার সেবা নিতে আগে মরক্কোর রাজধানী রাবাতে যেতে হতো। এতে অর্থ ব্যয়ের পাশাপাশি কর্মক্ষেত্র থেকে দীর্ঘ সময়ের জন্য ছুটি নেওয়ার প্রয়োজন হতো। ঘানায় সরাসরি সেবা পাওয়ায় সেই ভোগান্তি কমেছে।

বাংলাদেশ কমিউনিটি ঘানার সাধারণ সম্পাদক আজাদ হোসেন বলেন, প্রবাসীদের প্রয়োজন বিবেচনায় নিয়ে দূতাবাস ও কমিউনিটি যৌথভাবে এ উদ্যোগ নিয়েছে। এ ধরনের সেবা কার্যক্রম নিয়মিত চালু রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

ই-পাসপোর্ট নিবন্ধন ও পুরোনো পাসপোর্ট সংশোধনের সেবা নেওয়া সাইফুল ইসলাম কাজল বলেন, অতিরিক্ত আর্থিক ব্যয় ছাড়াই এবং কর্মক্ষেত্র থেকে দীর্ঘ সময় অনুপস্থিত না থেকে প্রায় ৩০ মিনিটের মধ্যে তার নিবন্ধন ও পাসপোর্ট সংশোধনের কাজ সম্পন্ন হয়েছে।

আরেক প্রবাসী বিপ্রেশ ভূষণ তালুকদারও এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, তার দুই মেয়ের পাসপোর্টের মেয়াদ শিগগিরই শেষ হবে। ঘানায় বসেই দূতাবাসের সেবা পাওয়ায় তাদের পরিবারের জন্য সুবিধা হয়েছে।

এদিকে রোববার সন্ধ্যায় বাংলাদেশ কমিউনিটি ঘানার উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটির সভাপতি মো. আওরঙ্গজেবের সভাপতিত্বে সভায় দূতাবাসের কর্মকর্তা, কমিউনিটির নির্বাহী কমিটির সদস্য এবং প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

সভায় কমিউনিটির সহ-সভাপতি আলমগীর হোসেন ভবিষ্যতেও এ ধরনের কনস্যুলার সেবা চালু রাখার ওপর গুরুত্ব দেন। তিনি প্রবাসীদের বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠানো, কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং অনিয়মিত অভিবাসন পরিস্থিতিতে থাকা বাংলাদেশিদের জন্য আইনসম্মত কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়েও আলোচনা করেন।

সভাপতি মো. আওরঙ্গজেব বলেন, “আর্থিক সংকটের কারণে ঘানায় অনেক বাংলাদেশি দীর্ঘদিন দেশে ফিরতে পারছেন না। আবার ভিসা ও অন্যান্য কাগজপত্রের জটিলতায়ও অনেকে দেশে ফেরার সুযোগ পাচ্ছেন না।”

এ পরিস্থিতিতে দেশে ফেরার জন্য ট্রাভেল পাস প্রয়োজন এমন ব্যক্তিদের পরিচয় ও প্রয়োজনীয় তথ্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে যাচাই করার ব্যবস্থা চালুর বিষয়টি বিবেচনা করতে দূতাবাসের প্রতি অনুরোধ জানান তিনি।

সভায় সমাপনী বক্তব্যে রাজীব ত্রিপুরা বলেন, ঘানায় অবস্থানকালে বাংলাদেশ কমিউনিটি ও প্রবাসীদের কাছ থেকে তারা সহযোগিতা পেয়েছেন। ভবিষ্যতে অন্তত বছরে একবার ঘানা সফর করে প্রবাসীদের কনস্যুলার সেবা দেওয়া যায় কি না, সে বিষয়ে রাষ্ট্রদূতকে অবহিত করবেন তিনি।