১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

কোথায় মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা নেবেন হজযাত্রীরা

এ বিষয়ে যেকোনো তথ্যের জন্য হজ কল সেন্টারের ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করা যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 10:00 PM

Updated : 18 Nov 2026, 10:00 PM

আগামী বছর হজে যেতে স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিদের মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা নেওয়ার জন্য ৯০টি কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ৯০টি টিকাকেন্দ্রের মধ্যে দেশের ৬৪টি জেলার সিভিল সার্জন কার্যালয় এবং ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা, বগুড়া, দিনাজপুর, কুমিল্লা, কক্সবাজারসহ বিভিন্ন স্থানের সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল রয়েছে।

এ বিষয়ে যেকোনো তথ্যের জন্য হজ কল সেন্টারের ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করা যাবে। টিকাকেন্দ্রের পূর্ণাঙ্গ তালিকা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mora.gov.bd এবং হজ পোর্টালে (www.hajj.gov.bd) পাওয়া যাবে।

এসব কেন্দ্রে টিকা নেওয়ার তারিখ পরবর্তীতে হজযাত্রীদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে। টিকার জন্য হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং হজ পোর্টাল থেকে ই-হেলথ প্রোফাইল প্রিন্ট করে সঙ্গে আনতে হবে।

হজে যেতে ২০২৭ সালের বর্ধিত কোটায় এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় প্রাথমিক নিবন্ধনের প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার থেকে আগ্রহীরা এ কোটায় আবেদন করতে পারছেন, যা আগামী রোববার পর্যন্ত চলবে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের গাইডলাইন অনুযায়ী, ২০২৭ সালের জন্য হজের নিবন্ধন কার্যক্রম শেষ হয় গত ২৬ সেপ্টেম্বর। এজন্য বাংলাদেশের অনুমোদিত কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন।

পরে ধর্ম মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি সরকার বাংলাদেশের হজযাত্রীর জন্য ৫ হাজার কোটা বাড়ানোর ঘোষণা দেয়। কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন কার্যক্রম শেষ হয়ে যাবে।

পুরনো খবর:

হজের বর্ধিত কোটার প্রাথমিক নিবন্ধন শুরু