১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

হজের বর্ধিত কোটার প্রাথমিক নিবন্ধন শুরু

এবার বাংলাদেশের অনুমোদিত কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন।

হজের বর্ধিত কোটার প্রাথমিক নিবন্ধন শুরু

ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 09:26 PM

Updated : 16 Nov 2026, 09:26 PM

হজে যেতে ২০২৭ সালের বর্ধিত কোটায় এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় প্রাথমিক নিবন্ধনের প্রক্রিয়া শুরু হয়েছে।

সোমবার থেকে আগ্রহীরা এ কোটায় আবেদন করতে পারছেন, যা আগামী রোববার পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

সোমবার ধর্ম মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের গাইডলাইন অনুযায়ী, ২০২৭ সালের জন্য হজের নিবন্ধন কার্যক্রম শেষ হয় গত ২৬ সেপ্টেম্বর। এজন্য বাংলাদেশের অনুমোদিত কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন।

পরে ধর্ম মন্ত্রণালয়ের অনুরোধের প্রেক্ষিতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশের হজযাত্রীর জন্য পাঁচ হাজার কোটা বাড়ানোর ঘোষণা দেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্ধিত এই কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে এ সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এ কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

অপরদিকে প্রাথমিক নিবন্ধিত হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করতে হবে। তা না হলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল হবে বলে সতর্ক করেছে ধর্ম মন্ত্রণালয়।