তিন সচিব বদলি, একজনের পদোন্নতি
মাস তিনেক আগে পদোন্নতি পাওয়া আগের সচিব জেসমিন নাহারকে জনপ্রশাসনে সংযুক্ত করা হয়েছে।
তিনজন সচিবের দায়িত্ব বদলের পাশাপাশি একজনকে পদোন্নতি দেওয়া হয়েছে।
বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ মাবুবুর রহমান ভূঁঞাকে পদন্নোতি দিয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার পৃথক আদেশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব দিয়েছে মো. দাউদ মিয়াকে। তিনি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের দায়িত্বে ছিলেন।
এছাড়া আলাদা প্রজ্ঞাপনে গত অগাস্টে পদোন্নতি পেয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পাওয়া জেসমিন নাহারকে জনপ্রশাসনে সংযুক্ত করা হয়েছে।
গত ৬ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি পেয়েছিলেন তিনি।
এছাড়া জনপ্রশাসনে সংযুক্ত থাকা সচিব কানিজ মওলাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।
