ডগাইর-বামৈলে ৯.২৫ কিলোমিটার খাল পরিষ্কার ও পুনঃখনন শুরু
প্রায় ৪৪ হাজার ঘনমিটার স্লাজ ও বর্জ্য অপসারণের এ উদ্যোগে আট লাখ মানুষ উপকৃত হবে বলে আশা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
রাজধানীর জলাবদ্ধতা নিরসন ও খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনতে ডগাইর-বামৈল এলাকায় ৯ দশমিক ২৫ কিলোমিটার খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
বুধবার ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এ কার্যক্রমের উদ্বোধন করেন।
সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী দুই মাসের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ সময় প্রায় ৪৪ হাজার ঘনমিটার পলি ও বর্জ্য অপসারণ করা হবে।
প্রকল্পের আওতায় কোনাপাড়া-গলাকাটা খাল, ডগাইর খাল, মহাকাশ রোড খাল এবং সংশ্লিষ্ট শাখা খালগুলো পরিষ্কার ও পুনঃখনন করা হবে।
এর মধ্যে কোনাপাড়া সেতু থেকে গলাকাটা সেতু পর্যন্ত ৪ দশমিক ৫ কিলোমিটার, স্টাফ কোয়ার্টার থেকে সাংবাদিকের বাড়ি পর্যন্ত ২ দশমিক ৫ কিলোমিটার, মহাকাশ রোড-সংলগ্ন শূন্য দশমিক ৭৫ কিলোমিটার এবং সাংবাদিকের বাড়ি থেকে আজিমউদ্দিন জামে মসজিদ পর্যন্ত ১ দশমিক ৫ কিলোমিটার খাল রয়েছে। খালগুলোর প্রস্থ ১২ থেকে ২৫ ফুট।
আবদুস সালাম বলেন, “কোনাপাড়া ও গলাকাটা খালসহ আশপাশের এলাকার মানুষ দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার ভোগান্তিতে রয়েছেন। তাদের এই দুর্ভোগ লাঘবে খাল পরিষ্কার ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। খাল পরিষ্কারের পর দুই পাশ বাঁধাই করে ওয়াকওয়ে নির্মাণেরও পরিকল্পনা রয়েছে। এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।”
খালগুলো যাতে আবার দখল বা দূষণের শিকার না হয়, সে বিষয়ে এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
প্রশাসক বলেন, “খালে কেউ যেন পলিথিন ও আবর্জনা না ফেলেন, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। খাল দখলমুক্ত ও পরিষ্কার রাখতে এলাকাবাসীর সক্রিয় সহযোগিতা প্রয়োজন; কারণ জলাবদ্ধতায় আশপাশের বাসিন্দারাই সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন।”
জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে প্রয়োজন অনুযায়ী কালভার্ট নির্মাণের আশ্বাস দিয়ে তিনি বলেন, “সিটি করপোরেশনের অর্থায়নে প্রয়োজনীয় স্থানে কালভার্ট নির্মাণ করা হবে, যাতে মানুষ সহজে খালের এপার-ওপার যাতায়াত করতে পারেন। তবে খালের জায়গায় কোনো অবৈধ কালভার্ট, বাড়িঘর কিংবা ব্যবসাপ্রতিষ্ঠান বরদাশত করা হবে না। একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
ডিএসসিসির অঞ্চল-৮ ও ৯-এর অধীন ৬৪, ৬৭ ও ৬৮ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম বাস্তবায়িত হলে প্রায় আট লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন বলে আশা করছে সিটি করপোরেশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খালগুলোর পানিপ্রবাহ স্বাভাবিক হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমার পাশাপাশি মশার প্রজননস্থল কমবে, যা ডেঙ্গু প্রতিরোধেও সহায়ক হবে। খালের পাড়ের পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে।
ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ স্থানীয় বাসিন্দারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
