২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএনসিসি প্রতিষ্ঠার ১৫ বছর: হাফ ম্যারাথনে অংশ নিলেন ৫ হাজার প্রতিযোগী

প্রতিযোগিতায় তিন ক্যাটাগরির সব অংশগ্রহণকারীকে মেডেল দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Nov 2026, 04:53 PM

Updated : 27 Nov 2026, 04:53 PM

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রতিষ্ঠার ১৫ বছর পূর্তি সামনে রেখে সংস্থার আয়োজনে রাজধানীতে অনুষ্ঠিত হল ‘আন্তর্জাতিক হাফ ম্যারাথন’। তিন ক্যাটাগরিতে আয়োজিত এ প্রতিযোগিতায় ৫ হাজার প্রতিযোগী অংশ নেন।

বসুন্ধরার আইসিসিবি গেটে শুক্রবার ভোর ৫টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। এ সময় ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেনসহ ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোর ৫টায় ২১ দশমিক ৫ কিলোমিটার হাফ ম্যারাথনের মাধ্যমে আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর ভোর সাড়ে ৫টায় ১০ কিলোমিটার দৌড় এবং সকাল সাড়ে ৭টায় শিশু-কিশোরদের ১ দশমিক ৫ কিলোমিটার দৌড়ের মধ্য দিয়ে প্রতিযোগিতা শেষ হয়েছে।

অনুষ্ঠানে তিন ক্যাটাগরির সব অংশগ্রহণকারীকে মেডেল দেওয়া হয়। পরে প্রতি ক্যাটাগরিতে ১০ জন করে মোট ৩০ বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন ডিএনসিসি প্রশাসক। র‍্যাফেল ড্রয়ের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী ১ ডিসেম্বর ডিএনসিসির আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর দিন ও প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ১ ডিসেম্বর বনানী মাঠে গালা অনুষ্ঠানের আয়োজন করা হবে।”

ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগ করে ২০১১ সালের ১ ডিসেম্বর ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন গঠন করা হয়।