২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

নিউরালিংক: মানব মস্তিষ্কে চিপ বসানোর চূড়ান্ত অনুমতি মিলল

প্রযুক্তিটি তৈরির চূড়ান্ত উদ্দেশ্য কিবোর্ড বা অন্য কোনো শারীরিক নিয়ন্ত্রণ ছাড়াই পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের ডিভাইস চালানোর সক্ষমতা দেওয়া।

নিউরালিংক: মানব মস্তিষ্কে চিপ বসানোর চূড়ান্ত অনুমতি মিলল

পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের মস্তিষ্কের সংকেত ব্যবহার করে ডিভাইস নিয়ন্ত্রণের সুযোগ দেবে। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Nov 2026, 04:45 PM

Updated : 27 Nov 2026, 04:45 PM

মানব মস্তিষ্কে সংযোগের জন্য ব্রেইন-কম্পিউটার ইন্টারফেইসের প্রথম চূড়ান্ত পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে যুক্তরাষ্ট্রের এফডিএ বা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন-এর অনুমোদন পেয়েছে ইলন মাস্কের কোম্পানি নিউরালিংক।

‘লিংক’ নামের ব্রেইন চিপের এই অনুমোদন কোম্পানিটির গবেষণা প্রচেষ্টাকে আরও এক ধাপ এগিয়ে নিল, যা পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের মস্তিষ্কের সংকেত ব্যবহার করে ডিভাইস নিয়ন্ত্রণের সুযোগ দেবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

‘অ্যামায়োট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস’ বা এএলএস-এ আক্রান্ত সীমিত সংখ্যক রোগীর জন্য ট্রায়ালটি উন্মুক্ত থাকবে। এই স্নায়বিক রোগ মানবদেহের ঐচ্ছিক পেশী সঞ্চালন নিয়ন্ত্রণকারী বিভিন্ন স্নায়ুকোষের ক্ষতি করে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ নিউরালিংক বলেছে, “মস্তিষ্কে বসানো যায় এমন ব্রেইন-কম্পিউটার ইন্টারফেইসের প্রথম ট্রায়াল ‘লিংক’ যুক্তরাষ্ট্রে শুরু করার জন্য আমরা এফডিএ-এর অনুমোদন পেয়েছি।

“এখন পর্যন্ত নিউরালিংক ব্যবহারকারী ৩০ জনেরও বেশি অংশগ্রহণকারীর সঙ্গে আমাদের কাজের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে এটা এগিয়ে নেওয়া হচ্ছে।”

গেল বছর নিউরালিংক বড় মাইলফলকে পৌঁছেছিল। ওই সময় কোম্পানিটি বলেছিল, এএলএস আক্রান্ত তাদের প্রথম অংশগ্রহণকারী ব্র্যাডফোর্ড স্মিথ কেবল মস্তিষ্কের সংকেত ব্যবহার করেই যোগাযোগ করতে পেরেছেন।

সে সময় স্মিথ বলেছিলেন, “নিউরালিংক আমাকে স্বাধীনতা, আশা ও দ্রুততর যোগাযোগের সুযোগ দিয়েছে, যা আমার জীবনকে অনেক উন্নত করেছে। বড় এমন কিছুর অংশ হতে পেরে আমি আনন্দিত। এটা বহু মানুষের উপকারে আসবে।”

পরীক্ষামূলক ভিত্তিতে এফডিএ-এর এই অনুমোদন দেওয়া হলেও এটা নিউরালিংকের ‘লিংক’ ব্রেইন-ইমপ্লান্ট সিস্টেমের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি।

নিউরালিংক বলেছে, এই গবেষণায় রোগীদের কেবল চিন্তার মাধ্যমে ডিজিটাল ডিভাইস নিয়ন্ত্রণের সক্ষমতা মূল্যায়ন করা হবে, ‘যেখানে দৈনন্দিন জীবনে স্বনির্ভরতা বাড়ায় এমন কার্যকরী ফলাফলের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে’।

পাশাপাশি এটা সিস্টেমটির দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও নির্ভরযোগ্যতাও যাচাই করবে।

নিউরালিংকের সর্বশেষ সিস্টেম অনুসারে, অস্ত্রোপচারের মাধ্যমে রোগীর মাথার খুলিতে কোম্পানির ‘এন১’ ইমপ্লান্ট বসানো হয় এবং এরপর ‘আর১’ রোবট ব্যবহার করে মস্তিষ্কের ভেতরে নমনীয় ইলেকট্রোড প্রবেশ করানো হয়।

পরবর্তীতে নড়াচড়া সংক্রান্ত মস্তিষ্কের স্নায়বিক কার্যকলাপ একটি সফটওয়্যারের মাধ্যমে বিশ্লেষণ করা হয়, যা ওইসব সংকেতকে কম্পিউটার বা ডিজিটাল ডিভাইস নিয়ন্ত্রণের কমান্ড বা নির্দেশে রূপান্তর করে।

রোগীদের বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগে সহায়তার লক্ষ্যে প্রযুক্তিটি তৈরি করা হয়েছে, যার চূড়ান্ত উদ্দেশ্য কিবোর্ড বা অন্য কোনো শারীরিক নিয়ন্ত্রণ ছাড়াই তাদের ডিভাইস চালানোর সক্ষমতা দেওয়া।

নিউরালিংক বলেছে, এএলএস আক্রান্ত রোগীরা ‘লিংক’ ট্রায়ালে অংশগ্রহণের যোগ্য হতে পারেন। তবে অন্যান্য শর্তাবলি বা অংশগ্রহণকারীর নির্দিষ্ট সংখ্যা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি কোম্পানিটি।

এখন ট্রায়ালের জন্য অংশগ্রহণকারী নিয়োগ ও অনুমোদিত ক্লিনিক্যাল প্রোটোকল মেনে গবেষণাটি পরিচালনার অনুমতি পেয়েছে নিউরালিংক।

প্রযুক্তিটি নিরাপদ প্রমাণিত হলে এই ট্রায়াল নিউরালিংককে আরও উন্নত পর্যায়ের পরীক্ষার জন্য আবেদন করার ও শেষ পর্যন্ত ‘লিংক’ বাজারে আনার দুয়ার খুলে দেবে।