২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এক রাউটারে কয়টা ডিভাইস চলবে, হিসাব মেলাবেন যেভাবে

একবার ইন্টারনেটের গতি ও ডিভাইসের গড় ব্যবহার সম্পর্কে ধারণা পেলে ডাউনলোড বা ওয়াই-ফাইয়ে বেশি চাপ ফেলে এমন কাজ কম ব্যস্ত সময়ের জন্য জমিয়ে রাখা যায়।

এক রাউটারে কয়টা ডিভাইস চলবে, হিসাব মেলাবেন যেভাবে

ধীরগতির ইন্টারনেট সেবা প্ল্যান থাকলে দ্রুতগতির রাউটারও খুব একটা কিছু করতে পারবে না। ছবি: ম্যাগনিফিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 02:07 PM

Updated : 23 Nov 2026, 02:07 PM

যতই সক্ষম ও শক্তিশালী হোক না কেন, অতিরিক্ত ডিভাইসের উপস্থিতি যে কোনো নেটওয়ার্কেই বাড়তি চাপ তৈরি হতে পারে, যেখানে প্রতিটি ডিভাইসই ব্যান্ডউইথের নিজের ভাগটি বুঝে নিতে চায়।

এমনটা ঘটলে স্ক্রিনে বাফারিং সার্কেল ঘুরতে থাকে, অনলাইন গেইমিংয়ে ল্যাগ দেখা দেয়, ডাউনলোডে দীর্ঘ সময় লাগে ও মনে হয় যেন বড় কোনো বিপদ এসে হাজির হয়েছে।

এই অবস্থায় পৌঁছাতে খুব বেশি কিছুর প্রয়োজনও হয় না। একটিমাত্র আধুনিক স্মার্টফোনই একাই বেশ খানিকটা ব্যান্ডউইথ টেনে নিতে পারে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

এ ক্ষেত্রে, সম্ভাব্য দুটি সীমাবদ্ধতার কথা বিবেচনা করতে হবে। প্রথমটি হচ্ছে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপির মাধ্যমে কারো ঘরে আসা ইন্টারনেট সংযোগ।

দ্বিতীয়টি হচ্ছে রাউটার ও ব্যবহারকারীর ডিভাইসগুলোর মধ্যকার ওয়াই-ফাই সংযোগ। কোনো এক কোণায় লুকিয়ে রাখা রাউটারের দুর্বল সিগনাল দ্রুতগতির ইন্টারনেট প্ল্যান দিয়ে ঠিক করা যাবে না।

অন্যদিকে, ধীরগতির ইন্টারনেট সেবা প্ল্যান থাকলে দ্রুতগতির রাউটারও খুব একটা কিছু করতে পারবে না।

তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে অনেকেই রাউটার বদলান, ইন্টারনেট সেবা প্ল্যানের গতি বাড়ান ও রাউটারকে আরও সুবিধাজনক স্থানে রাখেন। এতে সত্যিই কাজ হতে পারে।

তবে সবাই চাইলেই ছুটে গিয়ে একটি ওয়াই-ফাই ৬ বা ৭ রাউটার কিনতে পারেন না। চাইলে দ্রুতগতির সেবার জন্য আইএসপির সঙ্গে দরকষাকষি করে বাড়তি বিলও গুনতে চান না। তবে হিসাব-নিকাশে একটু মন দিলে ব্যবহারকারীকে হয়ত সে পথে না হাঁটলেও চলবে।

ইন্টারনেট সংযোগ কতগুলো ডিভাইস সামলাতে পারে?

এমন কোনো নির্ভরযোগ্য নিয়ম নেই যে ‘১০০ এমবিপিএস ইন্টারনেট সংযোগ নির্দিষ্ট সংখ্যক ডিভাইস সাপোর্ট করে’। এর বদলে অন্যান্য সবকিছুকে ধীর না করে একসঙ্গে কতগুলো ডিভাইস চালানো সম্ভব সেটার আনুমানিক হিসাব করা যেতে পারে।

যেমন, নেটফ্লিক্স প্রতিটি ফোরকে স্ট্রিমের জন্য অন্তত ১৫ এমবিপিএস স্থিতিশীল সংযোগের পরামর্শ দেয়। ঘরের অন্যান্য বাড়তি ব্যবহারের হিসাব না ধরেই তিনটি স্ট্রিমের জন্য প্রায় ৪৫ এমবিপিএস সক্ষমতা প্রয়োজন।

এর মানে এই নয় যে, প্রতিটি স্ট্রিম সারাক্ষণ ঠিক ১৫ এমবিপিএস করেই ব্যবহার করে। পরিকল্পনা সাজানোর স্বার্থে এটাকে কেবল এখানে একটি রেফারেন্স সংখ্যা হিসেবে ব্যবহার করা হচ্ছে।

ঘরে যদি ১০টি ডিভাইস থাকে ও প্রতিটি গড়ে ১০ এমবিপিএস করে ব্যবহার করে, তবে তা দাঁড়াবে ১০০ এমবিপিএসে। সেক্ষেত্রে ১০০ এমবিপিএস ডাউনলোড স্পিডে (আমেরিকায় এটাই ন্যূনতম ব্রডব্যান্ড মান) ১০টি ডিভাইসই একসঙ্গে চালু থাকলে বাড়তি কোনো ব্যান্ডউইথ অবশিষ্ট থাকবে না।

বাস্তবে গতির ওঠানামা থাকে। ফলে গোছানো থাকতে ও টিভির পর্দায় সেই বিরক্তিকর বাফারিং সার্কেল সরাতে এটা বেশ কাজের এক সহজ গাণিতিক অনুশীলন।

ভিডিও কল বা সামনের উঠানে কাঠবিড়ালির লড়াইয়ের ফুটেজ আপলোড করার মতো নিরাপত্তা ক্যামেরার কাজের জন্য আপলোড স্পিড গুরুত্বপূর্ণ।

‘অ্যাসিমেট্রিক্যাল ব্রডব্যান্ড’-এর কারণে আপলোড স্পিড ডাউনলোড স্পিডের চেয়ে অনেক কম হয়। কারণ আইএসপিগুলো ব্যান্ডউইথের বড় অংশ ডাউনলোডের জন্য বরাদ্দ রাখে।

একবার ইন্টারনেটের গতি ও ডিভাইসের গড় ব্যবহার সম্পর্কে ধারণা পেয়ে গেলে বড় ডাউনলোড বা ওয়াই-ফাইয়ে বেশি চাপ ফেলে এমন কাজগুলো কম ব্যস্ত সময়ের জন্য জমিয়ে রাখতে পারেন।

বাড়িতে কয়টি রাউটার প্রয়োজন?

অধিকাংশ পরিবারের জন্যই একটি রাউটার যথেষ্ট। একটি ভালো মেশ সিস্টেম বা সুবিধাজনক স্থানে বসানো অ্যাক্সেস পয়েন্ট বেশিরভাগ সমস্যার সমাধান করে দেয়। কেবল খুব নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বাড়তি রাউটারের প্রয়োজন হতে পারে।

যেমন, কারো আইএসপির যদি ঘরের একেবারে দূরের কোণায় তার টেনে গেটওয়ে বসানো ছাড়া আর কোনো উপায় না থাকে তবে সেই গেটওয়ে থেকে ঘরের মাঝখানে থাকা রাউটারে ইথারনেট কেবল টেনে নিলে ভালো কাজ হতে পারে।

সবচেয়ে ভালো উপায় ব্যবহারকারীর কাছে যা আছে তা দিয়েই শুরু করা ও প্রয়োজন অনুসারে ধাপে ধাপে তাতে যুক্ত করা। সম্ভব হলে পিসি, কনসোল, টিভির মতো স্থির ডিভাইসগুলোকে ইথারনেটে যুক্ত করুন।

এতে ওয়াই-ফাইয়ের ওপর চাপ কমবে। তবে, তাদের ইন্টারনেট ব্যবহার ব্যবহারকারীর ব্রডব্যান্ড সংযোগের ভাগই নেবে। আরও বেশি ডিভাইস সক্ষমতার সঙ্গে সামলানোর প্রয়োজন হলে রাউটার আপগ্রেড করার বিকল্পও রয়েছে।

বিজ্ঞাপনে দেখানো ডিভাইস ধারণসক্ষমতা যতই আকর্ষণীয় হোক না কেন তা ব্যবহারকারীন আইএসপি প্ল্যানের ব্যান্ডউইথ সীমাবদ্ধতা কাটাতে পারবে না।

আইএসপি গেটওয়ের পরিপূরক হিসেবে মেশ সিস্টেম বেছে নিলে সেটআপের বিভিন্ন নির্দেশনা ভালোভাবে অনুসরণ করুন ও কনফিগারেশন যাচাই না করে দুটি ডিভাইসকেই রাউটিংয়ের কাজ করতে দেবেন না।

গেটওয়ে ও মেশ উভয়ই যদি ডিফল্ট রাউটিং মোডে থাকে তবে ‘ডাবল ন্যাট’ তৈরি হতে পারে, যা অনলাইন গেইমিং বা পোর্ট ফরওয়ার্ডিংয়ে সমস্যা তৈরি করতে পারে।

বিষয়টিকে খুব জটিল করার প্রয়োজন নেই, কারণ মূল কথা হচ্ছে ব্যবহারকারীর সিস্টেমে কোথায় বাধা তৈরি হচ্ছে তা চিহ্নিত করে সমাধান করা। আগে হিসাব-নিকাশ কষুন, তারপর কোন পথে এগোবেন তা ঠিক করুন। কাজটি খুব কঠিন নয়!