১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

বিদেশ থেকে ডিভাইস কেনার আগে এইসব বিষয় জানা জরুরি

যুক্তরাষ্ট্রে ৬০ হার্টজে ১২০ ভোল্ট ব্যবহৃত হলেও ইউরোপ ও এশিয়ার অধিকাংশ দেশে ৫০ হার্টজে ২২০ থেকে ২৪০ ভোল্ট ব্যবহৃত হয়।

বিদেশ থেকে ডিভাইস কেনার আগে এইসব বিষয় জানা জরুরি

একই ডিভাইসের হার্ডওয়্যার নকশা ও বৈশিষ্ট্য বিভিন্ন দেশের বাজারে ভিন্ন হতে পারে। ছবি: এআই

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 10:23 AM

Updated : 10 Nov 2026, 10:23 AM

বিদেশে বেড়াতে গিয়ে বা আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেস থেকে স্মার্টফোন বা প্রযুক্তিপণ্য কেনার প্রয়োজনীয়তা তৈরি হতে পারে বিভিন্ন কারণেই।

ভ্রমণের সময় ফোন নষ্ট হয়ে যাওয়া বা নিজের দেশে পছন্দসই মডেল বা গ্যাজেট অফিসিয়ালি না পাওয়ার কারণে অনেক সময় বিদেশ থেকে পণ্য কেনা ছাড়া আর কোনো উপায় থাকে না।

তবে ভিন্ন দেশ বা অঞ্চল থেকে ডিভাইস কেনার ক্ষেত্রে কিছু জটিলতা ও অসুবিধার মুখে পড়তে হয় বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

ভৌগোলিক অবস্থানের ওপর ভিত্তি করে একই ডিভাইসে হার্ডওয়্যার সংক্রান্ত পার্থক্য, পণ্যের ওয়ারেন্টি সুবিধায় মিল না থাকা বা সব ধরনের সফটওয়্যার বা নেটওয়ার্ক কানেক্টিভিটি ফিচার ব্যবহারের সুযোগ থেকেও বঞ্চিত হতে পারেন।

এতে করে বিদেশ থেকে ফোন, ল্যাপটপ বা অন্য কোনো প্রযুক্তিপণ্য কেনার আগে কিছু বিষয় ভালোভাবে জেনে নেওয়া জরুরি।

সব ডিভাইস বিশ্বজুড়ে ব্যবহারের উপযোগী নয়

একই ডিভাইসের হার্ডওয়্যার নকশা ও বৈশিষ্ট্য বিভিন্ন দেশের বাজারে ভিন্ন হতে পারে। যেমন, চীনে বিক্রি হওয়া অ্যাপলের বিশেষ কিছু আইফোন মডেলে দুটি ফিজিকাল সিম ব্যবহারের সুযোগ থাকে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রে আইফোন ১৪ ও পরবর্তী মডেলগুলোতে ফিজিক্যাল সিম স্লট পুরোপুরি বাদ দিয়ে কেবল ‘ই-সিম’ রাখা হয়েছে।

পাশাপাশি চীনে তৈরি বা বিক্রিত আইফোনে অ্যাপল ইন্টেলিজেন্স ফিচারের ব্যবহারে সীমাবদ্ধতা রয়েছে, যা অন্য দেশেও অপরিবর্তিত থাকে।

স্মার্টফোনের ক্ষেত্রে সেলুলার ব্যান্ড বা নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি সংক্রান্ত জটিলতাও দেখা দিতে পারে। নির্মাতা কোম্পানিগুলো নির্দিষ্ট অঞ্চলের উপযোগী নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি ব্যান্ড অনুসারে ফোনের সংস্করণ তৈরি করে।

এতে অন্য কোনো দেশ থেকে কেনা ফোন কারো নিজ স্থানীয় দেশের সেলুলার বা ফাইভজি নেটওয়ার্কে পুরোপুরি কাজ না-ও করতে পারে।

ডিভাইসটি ব্যবহারকারীর স্থানীয় নেটওয়ার্কের জন্য সার্টিফাইড না হলে ‘ভিওএলটিই’ বা ‘ওয়াই-ফাই কলিং’-এর মতো গুরুত্বপূর্ণ সেবাগুলো বন্ধ হয়ে যায়, যা দৈনন্দিন ব্যবহারে বড় ধরনের বিপত্তি তৈরি করতে পারে।

অন্যান্য গ্যাজেট ও প্রযুক্তিপণ্য কেনার ক্ষেত্রেও একাধিক সম্ভাব্য জটিলতা দেখা দিতে পারে। ল্যাপটপের কিবোর্ড লেআউট দেশভেদে ভিন্ন।

ফ্রান্সে বিক্রি হওয়া ল্যাপটপগুলোতে ‘অ্যাজার্টি’ লেআউট থাকে এবং সব ব্র্যান্ড নির্দিষ্ট বাজারে প্রচলিত ‘কোয়ার্টি’ লেআউট সংস্করণ সরবরাহ করে না।

পণ্যের ভেদে বিদ্যুৎ সংযোগ ও ভোল্টেজ সংক্রান্ত সমস্যাও তৈরি হতে পারে। অন্য দেশ থেকে আনা গ্যাজেটে ভিন্নধর্মী পাওয়ার প্লাগ থাকায় অ্যাডাপ্টরের প্রয়োজন পড়ে।

ভোল্টেজের তারতম্যের দিকেও নজর দেওয়া জরুরি। যুক্তরাষ্ট্রে ৬০ হার্টজে ১২০ ভোল্ট ব্যবহৃত হলেও ইউরোপ ও এশিয়ার অধিকাংশ দেশে ৫০ হার্টজে ২২০ থেকে ২৪০ ভোল্ট ব্যবহৃত হয়।

ফোন ও ল্যাপটপের চার্জারগুলো সাধারণত বিশ্বজুড়ে ব্যবহারোপযোগী হলেও সব প্রযুক্তিপণ্যের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়।

সীমাবদ্ধ ওয়ারেন্টি ও আমদানি শুল্ক

ডিভাইসের ব্র্যান্ড ও ধরনের ওপর ভিত্তি করে ওয়ারেন্টি সুবিধাতেও সীমাবদ্ধতা আসতে পারে। অনেক নির্মাতা কোম্পানি কেবল যে অঞ্চলে ডিভাইস বিক্রি করা হয়েছে, সেখানেই কারিগরি ও বিক্রয়োত্তর সেবা দেয়।

এ ছাড়া, যেসব পণ্য স্থানীয় বাজারে আনুষ্ঠানিকভাবে আসেনি সেগুলোর যন্ত্রাংশ নষ্ট হলে তা মেরামত করা বেশ কঠিন।

বিদেশ থেকে কেনা ডিভাইসে অ্যাপলকেয়ার-এর মতো কিছু সেবা খানিকটা নমনীয় হলেও, অ্যাপলের ওয়ারেন্টি নীতিমালায় বলা আছে, আইফোনসহ নির্দিষ্ট কিছু ডিভাইসের সেবা মূল বিক্রয়কারী দেশেই সীমিত রাখা হবে।

দীর্ঘমেয়াদে ওয়ারেন্টি সুবিধাকে অগ্রাধিকার দিলে স্থানীয় বাজার থেকেই পণ্য কেনা নিরাপদ।

অনলাইনে বিদেশ থেকে পণ্য অর্ডারের ক্ষেত্রে আন্তর্জাতিক শিপিং খরচ ও অতিরিক্ত আমদানি শুল্কের বিষয়টি মাথায় রাখা জরুরি।

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক পার্সেলের ক্ষেত্রে আগের ৮০০ ডলারের শুল্কমুক্ত সুবিধা বাতিল করায় ছোট খামের চালানেও চড়া হারে কর আরোপিত হতে পারে। আন্তর্জাতিক শিপিং খরচও বেশ ব্যয়বহুল।

এসব কারণে, কোনো পণ্য বিদেশ থেকে আমদানি করার সিদ্ধান্ত নেওয়ার আগে এর সার্বিক খরচ ও সুবিধা যুক্তিসঙ্গত কি না তা ভালোভাবে বিবেচনা করা প্রয়োজন।