এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল
এআইভিত্তিক কাজের সময় প্রসেসরের অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণে রাখতে নতুন আইপ্যাডের মডেলে ‘ভেপার চেম্বার’ যোগ হতে পারে।
গেল সপ্তাহে নতুন আইপ্যাড মিনি ও গত মাসে প্রায় আইপ্যাডের আকারে আইফোন ডুও বাজারে আনার পর আগামী বছরের শুরুতে তিনটি নতুন আইপ্যাড বাজারে আনতে পারে অ্যাপল।
মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, নতুন এসব ডিভাইসের মাধ্যমে অ্যাপলের আইপ্যাড সিরিজের বাকি মডেলগুলো, অর্থাৎ এন্ট্রি-লেভেল বেইস আইপ্যাড, হাই-এন্ড আইপ্যাড প্রো ও মিড-রেঞ্জ আইপ্যাড এয়ারে আপডেট আসতে পারে।
আইপ্যাডের প্রতিটি মডেলেই থাকছে হার্ডওয়্যার ও প্রযুক্তিগত পরিবর্তন। শুরুতে, বেইস আইপ্যাডটিতে যোগ হচ্ছে ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ সুবিধা। এজন্য ডিভাইসটিতে ‘এ১৯’ প্রসেসর ও ৮ জিবি র্যাম ব্যবহৃত হবে।
এ ছাড়া, এতে অ্যাপলের নতুন ‘এন১’ চিপ ও ‘সি১এক্স’ মডেম অন্তর্ভুক্ত করা হতে পারে, যা ওয়াই-ফাই ৭, সাব-৬ গিগাহার্টজ ফাইভজি, দ্রুতগতির ইন্টারনেট সংযোগ ও ব্যাটারির খরচ কমাবে।
অন্যদিকে, আইপ্যাড মিনি’র সঙ্গে সামঞ্জস্য রেখে আইপ্যাড এয়ারে এবার ওএলইডি স্ক্রিন যোগ করা হচ্ছে। পাশাপাশি আপডেট আসছে প্রসেসরেও।
আইপ্যাড প্রো মডেলটিতেও থাকবে প্রসেসর আপগ্রেডের ছোঁয়া। ‘এম৫’ প্রসেসর থেকে উন্নত হয়ে নতুন ‘এম৬’ বা ভবিষ্যতে আসতে যাওয়া কোনো ‘এম৭’ চিপে রূপান্তরিত হতে পারে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক কাজের সময় প্রসেসরের অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণে রাখতে নতুন মডেলে ‘ভেপার চেম্বার’ যোগ হতে পারে, যা ভেতরের তাপমাত্রা কমিয়ে রাখতে সাহায্য করবে।
গেল বছর এই ফিচারের কথা প্রথম শোনা গিয়েছিল।
বাজারের একই অংশে আইফোন ডুও ও টাচস্ক্রিনওয়ালা নতুন ম্যাকবুক প্রো প্রভাব ফেলতে পারে। ফলে অ্যাপল নতুন আইপ্যাডগুলোকে কীভাবে বাজারে উপস্থাপন করবে তা নিয়ে কৌতুহল তৈরি হয়েছে।
অন্যদিকে, রান্নাঘর বা ঘরের কাজের ক্ষেত্রে অনেক ক্রেতার কাছে নতুন ‘হোমভিউ’ স্মার্ট ডিসপ্লেটি আইপ্যাডের চেয়ে সুবিধাজনক মনে হতে পারে।
এরপরও অ্যাপল প্রতি বছর গড়ে প্রায় ৬ কোটি আইপ্যাড বিক্রি করে। ফলে নিজস্ব পণ্যতালিকায় অ্যাপলের জন্য আইপ্যাড এখনও গুরুত্বপূর্ণ ও লাভজনক ক্যাটেগরি হিসেবে টিকে রয়েছে।
