২১ অক্টোবর ২০২৬, ০৬ কার্তিক ১৪৩৩

আবারও অ্যাপলের ইভেন্ট, আভাস নতুন ম্যাকবুকের

এ ইভেন্টের মূল আকর্ষণ হতে যাচ্ছে প্রথমবারের মতো টাচস্ক্রিনওয়ালা নতুন ‘ম্যাকবুক প্রো’।

আবারও অ্যাপলের ইভেন্ট, আভাস নতুন ম্যাকবুকের

নতুন ইভেন্টটি হতে যাচ্ছে গেল দুই মাসের মধ্যে অ্যাপলের টানা তৃতীয় বড় ধরনের উন্মোচনী আয়োজন। ছবি: অ্যাপল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Oct 2026, 10:11 AM

Updated : 21 Oct 2026, 10:11 AM

একদমই নতুন ঘরানার ম্যাকবুক উন্মোচনের গুঞ্জনের মধ্যেই আরেক দফায় নতুন উন্মোচনী ইভেন্টের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।

প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, কোম্পানিটির বহুল প্রতীক্ষিত প্রথম টাচস্ক্রিন ডিসপ্লের ম্যাক আনতেই এ আয়োজন।

২৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সংবাদমাধ্যম কর্মীদের জন্য ‘প্রো অ্যান্ড টেল’ শিরোনামের এ ইভেন্টের আয়োজন করা হয়েছে।

নিজের এক্স অ্যাকাউন্টে এক বার্তায় এই বিশেষ অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন অ্যাপলের গ্লোবাল মার্কেটিং বিভাগের প্রধান গ্রেগ জসউইক।

এ ইভেন্টে সম্ভবত মূল আকর্ষণ হতে যাচ্ছে প্রথম টাচস্ক্রিনওয়ালা নতুন ‘ম্যাকবুক প্রো’।

দীর্ঘদিন ধরে অ্যাপল এমন ডিভাইস তৈরি করছে বলে গুঞ্জন থাকলেও কোম্পানিটির নতুন প্রধান নির্বাহী জন টার্নাসসহ শীর্ষ নির্বাহীরা বারবার এ ধরনের ডিভাইসের ব্যবহারিক প্রয়োগ ও স্বাচ্ছন্দ্য নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন।

প্রযুক্তি পাড়ায় জোর গুঞ্জন রয়েছে, নতুন কম্পিউটারটি প্রচলিত মডেলগুলোর চেয়ে হালকা হবে।

এতে থাকতে পারে অ্যাপলের শক্তিশালী ‘এম৫ প্রো’ ও ‘এম৫ ম্যাক্স’ চিপ, আইফোনের মতো ওলেড ডিসপ্লে ও স্ক্রিনের ওপরের অংশে ‘ডায়নামিক আইল্যান্ড’ নচ।

প্রযুক্তি ও বৈশিষ্ট্যে বড় ধরনের পরিবর্তন আসার কারণে নতুন ডিভাইসটির দাম বর্তমান ম্যাকবুক প্রো মডেলগুলোর চেয়ে বেশি হতে পারে।

ইভেন্টে অ্যাপল নতুন ‘আইপ্যাড মিনি’, আপডেটেড ‘আইম্যাক’ ও এন্ট্রি-লেভেলের ১৪ ইঞ্চির ‘ম্যাকবুক প্রো’র নতুন সংস্করণ উন্মোচনের পরিকল্পনা করছে বলেও গুঞ্জন রয়েছে।

নতুন ইভেন্টটি হতে যাচ্ছে দুই মাসের মধ্যে অ্যাপলের টানা তৃতীয় বড় ধরনের উন্মোচনী অনুষ্ঠান।

সেপ্টেম্বরের শুরুতে রেওয়াজ অনুসারে অ্যাপল বার্ষিক আইফোন উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে, যার পরপরই গত সপ্তাহে অনুষ্ঠিত হয়েছে আরেকটি ইভেন্ট।

‘ওয়েলকাম হোম’ শিরোনামের ওই ইভেন্টটি ঘরের ও স্মার্ট হোম পণ্যের ওপর কেন্দ্র করে আয়োজিত হয়েছিল। সেখানে অ্যাপল তাদের নতুন ‘হোমভিউ’ স্মার্ট ডিসপ্লেসহ ‘অ্যাপল টিভি’ ও ‘হোমপড’-এর নতুন সংস্করণ সামনে আনে।

আসন্ন আয়োজনটিও একইভাবে আয়োজিত হতে পারে। অ্যাপল হয়ত প্রথমে ওয়েবসাইটে পণ্যগুলোর ঘোষণা দিয়ে পরে উপস্থিত সাংবাদিকদের সরাসরি তা পরখ করে দেখার সুযোগ দেবে।

গেল সেপ্টেম্বরের শুরুতে অ্যাপলের দায়িত্ব নেওয়ার পর থেকেই নতুন প্রধান নির্বাহী জন টার্নাস কোম্পানিটিকে নতুন ঘরানার পণ্য দ্রুত বাজারে এনে ব্যবসার পরিধি বাড়ানোর জন্য উৎসাহিত করছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

এরইমধ্যে তার নেতৃত্বে অ্যাপল ইতিহাসের প্রথম ফোল্ডএবল ফোন ‘আইফোন ডুও’ ও নতুন স্মার্ট হোম ডিসপ্লে ‘হোমভিউ’ উন্মোচন করেছে।