আইফোন ১৮ই এর ক্যামেরা নকশায় বড় পরিবর্তন আসছে?
নতুন আইফোন ১৮ই এর সিএডি চিত্রে ফোনটির পেছনে নতুনভাবে সাজানো ক্যামেরা বাম্প দেখা গেছে, যা অনেকটাই প্রো মডেলের মতো।
আইফোন উন্মোচনের ক্ষেত্রে নতুন কৌশল নিয়েছে অ্যাপল, যেখানে পুরো প্রক্রিয়াটি দুটি ধাপে ভাগ করেছে কোম্পানিটি।
সেপ্টেম্বরে প্রিমিয়াম ‘আইফোন ১৮ প্রো’ ও ‘আইফোন ডুও’ বাজারে আনার পর এবার কম দামের বিভিন্ন মডেলের নতুন সংস্করণ আনার প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রযুক্তি জায়ান্টটি। এগুলোর নকশায় দামি আইফোনগুলোর ছোঁয়া বেশি থাকবে।
প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেটের দেখা নতুন ‘আইফোন ১৮ই’-এর ‘কম্পিউটার এইডেড ডিজাইন’ বা সিএডি চিত্রে ফোনটির পেছনে নতুনভাবে সাজানো ক্যামেরা বাম্প দেখা গেছে, যা অনেকটাই প্রো মডেলের মতো।
এসব ছবি এসেছে অ্যাপলের সাপ্লাই চেইনের সঙ্গে যুক্ত এমন এক সূত্র থেকে, যিনি এর আগে ‘আইফোন ১৭’ ও ‘আইফোন ১৮ প্রো’ আনুষ্ঠানিক ঘোষণার আগেই সেগুলোর রং সম্পর্কে নির্ভুল তথ্য দিয়েছিলেন।
বর্তমান ‘আইফোন ১৭ই’-তে আলাদা কোনো ক্যামেরা বাম্প নেই।
এর বদলে লেন্সের সামান্য উঁচু অংশ রয়েছে, যা ফোনের পেছনের অংশের সঙ্গে প্রায় সমান হয়ে বসে আছে, আর মাইক্রোফোন ও এলইডি ফ্ল্যাশও সরাসরি পেছনের কাচের কাটআউটে যুক্ত।
তবে এনগ্যাজেটের দেখা সিএডি চিত্র অনুসারে, ‘আইফোন ১৮ই’-এর ক্ষেত্রে অ্যাপল এই নকশা বদলানোর কথা ভাবছে।
রেন্ডারগুলোতে আয়তাকার একটি ক্যামেরা বাম্প দেখা গেছে, যার মাপ আনুমানিক ২৮ মিলিমিটার বাই ৩৫ মিলিমিটার।
এর ভেতরেই রয়েছে একক রিয়ার ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ ও রিয়ার মাইক্রোফোন, যা অনেকটা ‘এম৫ আইপ্যাড প্রো’-এর ক্যামেরা মডিউলের আদলে তৈরি।
নতুন এই ক্যামেরা কেবল ‘আইফোন ১৮ই’-তেই দেখা যেতে পারে। একই ফাইলগুলোতে মূল বা মেস ‘আইফোন ১৮’ ও ‘আইফোন এয়ার ২’-এর সিএডি চিত্রও রয়েছে।
আগামী বসন্তে ‘১৮ই’-এর সঙ্গেই এই দুটি মডেল উন্মোচিত হওয়ার কথা রয়েছে।
বেস ‘আইফোন ১৮’ আগের একই নকশা ধরে রাখলেও এর ক্যামেরা মডিউল কিছুটা পুরু হতে পারে, যা ৩ দশমিক ৪৫ মিলিমিটার থেকে বেড়ে দাঁড়াবে ৩ দশমিক ৮ মিলিমিটারে।
আইফোন ১৫ থেকেই অ্যাপল তাদের বেস মডেলগুলোতে একই ৪৮ মেগাপিক্সেলের ‘সনি আইএমএক্স৯০৪’ সেন্সর ব্যবহার করে আসছে। ফলে পুরু ক্যামেরা মডিউল নতুন সেন্সর বা উন্নত ক্যামেরার ইঙ্গিত দিতে পারে।
‘আইফোন এয়ার ২’-এর ক্ষেত্রে এনগ্যাজেটের দেখা সিএডি চিত্রগুলো আগের সেই গুঞ্জনকেই সমর্থন করছে।
গুঞ্জন উঠেছিল, অ্যাপলের অতি-পাতলা এই ফোনে পেছনের দিকে দ্বিতীয় একটি ক্যামেরা যুক্ত হতে যাচ্ছে। কারণ এর একক লেন্স নিয়েই ব্যবহারকারীদের অন্যতম প্রধান অভিযোগ ছিল।
‘এয়ার ২’-এর পুরুত্ব আগের মতোই ৫ দশমিক ৬ মিলিমিটার থাকবে, তবে এর ক্যামেরা মডিউলের পুরুত্ব ৩ দশমিক ৪৫ মিলিমিটার থেকে বেড়ে ৩ দশমিক ৮ মিলিমিটার হবে, যেখানে দুটি লেন্স পাশাপাশি সাজানো থাকবে।
মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, অ্যাপল দ্বিতীয় প্রজন্মের এয়ার মডেলে একটি আল্ট্রা-ওয়াইড লেন্স যোগ করছে। নতুন সিএডি চিত্রগুলো সেই প্রতিবেদনকেই সমর্থন করল।
এ ছাড়া ‘আইফোন ১৮’ ও ‘আইফোন এয়ার ২’-এ ‘আইফোন ১৮ প্রো’-এর মতো ছোট কাটআউটের পরিবর্তে বর্তমান মডেলগুলোর মতো একই ‘ডায়নামিক আইল্যান্ড’ থাকার সম্ভাবনা রয়েছে।
এসব পরিবর্তন শেষ পর্যন্ত বাতিল বা কখনো আলোর মুখ নাও দেখতে পারে। কারণ, আগামী বছর বাজারে আসার আগে অ্যাপলের হাতে এখনও বেশ কিছু সময় রয়েছে।
