আইফোনে চাঁদের ঝাপসা ছবি? জেনে নিন সঠিক নিয়ম
অন্যান্য ডিভাইসের মতো আইফোন কৃত্রিম চাঁদ বানিয়ে ছবি সুন্দর করার কারসাজি করে না। ফলে চাঁদের ছবি কতটা স্পষ্ট হবে তা নির্ভর করে ব্যবহারকারীর ক্যামেরা সেটিংসের ওপর।
আইফোন দিয়ে চাঁদের ছবি তুলতে গিয়ে অনেকেই হতাশ হন। খালি চোখে চাঁদের সব খাদ ও সৌন্দর্য স্পষ্ট দেখা গেলেও ছবির শাটারে ক্লিক করার পর স্ক্রিনে ভেসে ওঠে কেবলই আলোঝলমলে সাদা এক ঝাপসা গোলকধাঁধা।
কিন্তু কেন এমন ঘটে আর এর সমাধানই বা কী?
প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অ্যালগরিদম থাকলেও রাতের আঁধারে কোনো উজ্জ্বল বস্তুর ছবি তোলার ক্ষেত্রে ক্যামেরার পক্ষে পদার্থবিজ্ঞানের নিয়ম ভেঙে ফেলা সম্ভব নয়।
অন্যান্য ডিভাইসের মতো আইফোন ভুয়া বা কৃত্রিম চাঁদ বানিয়ে ছবি সুন্দর করার কারসাজি করে না। ফলে চাঁদের ছবি কতটা স্পষ্ট হবে তা নির্ভর করে ব্যবহারকারীর ক্যামেরা সেটিংসের ওপর।
চাঁদের ছবি অবয়বহীন হওয়ার কারণ
আইফোনের ক্যামেরা সিস্টেম আশপাশের সার্বিক আলো মেপে ছবির এক্সপোজার বা আলোর ভারসাম্য ঠিক করে।
রাতের আকাশ প্রচণ্ড অন্ধকার আর চাঁদ উজ্জ্বল হওয়ায় (কারণ এটি সূর্যের আলোয় আলোকিত) ক্যামেরা আশপাশের অন্ধকারকেও ‘উজ্জ্বল’ করার চেষ্টা করে।
এতে করে ফ্রেমের মূল বস্তু বা চাঁদ অতিরিক্ত আলোর কারণে ‘ওভারএক্সপোজড’ হয়ে পড়ে ও নিজের সব টেক্সচার বা সৌন্দর্য হারিয়ে কেবল এক আলোকময় বৃত্তে পরিণত হয়।
ছবি ঝাপসা হওয়ার পেছনেও কাজ করে একই প্রযুক্তিগত সীমাবদ্ধতা। আলো বাড়ানোর চেষ্টায় আইফোন তার শাটার স্পিড কমিয়ে ১/৩০ সেকেন্ড বা এরও নিচে নামিয়ে আনে।
এই কম শাটার স্পিডে হাত সামান্য কাঁপলেও আইফোনের নিজস্ব ‘ইমেইজ স্ট্যাবিলাইজেশন’ সুবিধা থাকার পরও ছবি ঝাপসা হয়ে যায়।
জুমের সঠিক ব্যবহার
অন্যতম বড় সমস্যা হচ্ছে ফ্রেমে চাঁদের আকার ছোট থাকা।
আইফোন ১৫ প্রো ও ১৬ প্রো মডেলে ‘৫এক্স’ অপটিক্যাল ও ‘২৫এক্স’ ডিজিটাল জুম এবং সাম্প্রতিক ১৭ প্রো ও ১৮ প্রো মডেলগুলোতে ‘৮এক্স’ অপটিক্যাল ও ‘৪০এক্স’ ডিজিটাল জুমের সুবিধা রয়েছে।
অন্যদিকে, আইফোন ১৭ ও ১৮-এর মতো স্ট্যান্ডার্ড মডেলে রয়েছে ‘৪এক্স’ অপটিক্যাল ও ‘১০এক্স’ ডিজিটাল জুম। যে মডেলই ব্যবহার করা হোক না কেন চাঁদকে ফ্রেমে বড় ও স্পষ্ট দেখতে যতটুকু সম্ভব জুম করে নেওয়া উচিত।
ট্রাইপডের ব্যবহার ও এক্সপোজার নিয়ন্ত্রণ
আইফোন দিয়ে চাঁদের স্পষ্ট ছবি তোলার ক্ষেত্রে সবচেয়ে বড় সহায়ক হতে পারে একটি ট্রাইপড। হাত দিয়ে ধরেও চাঁদের মোটামুটি মানের ছবি তোলা সম্ভব তবে নিখুঁত ফলাফলের জন্য ট্রাইপড ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ।
এর জন্য যে কোনো ট্রাইপড ব্যবহার করা যায়। যেমন, স্মার্টফোন হোল্ডারসহ ‘অ্যামাজন বেসিকস ৬৪-ইঞ্চি’ ট্রাইপড এক্ষেত্রে বেশ কাজের।
তবে একটু ভালো মানের ও সহজে অ্যাডজাস্ট করা যায় এমন অন্তত ২০০০ টাকার মধ্যে ট্রাইপড বেছে নেওয়া ভালো। এ ধরনের ট্রাইপডের ক্ষেত্রে আলাদাভাবে ট্রাইপড-কম্প্যাটিবল স্মার্টফোন হোল্ডারও প্রয়োজন হতে পারে।
ট্রাইপড কেনার খরচ নিয়ে দ্বিধায় থাকলে মাথায় রাখা যেতে পারে এটা কেবল চাঁদের ছবি তোলার কাজেই নয়, বরং দীর্ঘ সময় ধরে এক্সপোজার দিয়ে ছবি তোলা, যেমন জলপ্রপাতের পানির গতি বা গাড়ির হেডলাইটের আলোর ট্রেইল ফুটিয়ে তোলা, প্যানোরামা শট, হ্যান্ডস-ফ্রি ভিডিও কল বা টিকটক বা রিলসের মতো ভিডিও তৈরির কাজেও ব্যবহার করা যায়।
বাড়তি খরচ করতে না চাইলে বিকল্প হিসেবে আইফোনটিকে কোনো বই বা কফি কাপের বিরুদ্ধে স্থির করে দাঁড় করিয়ে নিতে পারেন। এরপর ক্যামেরা অ্যাপের সিক্স-ডট মেনু থেকে ৩ সেকেন্ডের টাইমার সেট করে শাটারে ক্লিক করুন।
তা না হলে ছবি তোলার সময় হাত বা ফোনের সামান্য নড়াচড়াতেই চাঁদের ছবি ঝাপসা হয়ে যাবে।
জুম ও এক্সপোজার সেটিং ঠিক করা
সম্প্রতি বাজারে আসা আইফোন ১৮ প্রো’র ক্যামেরায় শাটার স্পিড ও আইএসও ম্যানুয়াল বা নিজেদের মতো নিয়ন্ত্রণের সুবিধা থাকলেও পুরনো আইফোনগুলোতে এই সুবিধা নেই।
তবে এতে দুটি আলাদা এক্সপোজার সেটিং মিলিয়ে নেওয়ার সুযোগ রয়েছে, যার একটি ‘এক্সপোজার’ ও অন্যটি ‘ব্রাইটনেস’।
প্রথমে ক্যামেরার সিক্স-ডট মেনুতে গিয়ে ‘এক্সপোজার’ অপশনে ট্যাপ করুন। আইফোন ১৬ প্রো ম্যাক্সের মতো মডেলে ৯টি সেটিংয়ের মধ্যে এটা রয়েছে।
এরপর স্লাইডারটি ডান দিকে টেনে -২ইভি’তে সেট করুন, যা ক্যামেরায় সর্বনিম্ন আলো প্রবেশ করতে দেয়। ক্যামেরা অ্যাপ বন্ধ না করা পর্যন্ত সেটিং অপরিবর্তিত থাকে।
ফোন সেটআপের পর স্ক্রিনে চাঁদের ওপর ট্যাপ করে ধরে রাখুন, এতে অটোফোকাস ও এক্সপোজার লক হয়ে যাবে। এরপর স্ক্রিনে যে ব্রাইটনেস স্লাইডারটি আসবে তা টেনে একেবারে সর্বনিম্ন লেভেলের কাছাকাছি নামিয়ে দিন।
এ সেটিং করার পরই চাঁদের গায়ে থাকা ছোট ছোট খাদ বা বিভিন্ন খুঁটিনাটি টেক্সচার স্পষ্টভাবে ফুটে উঠতে শুরু করবে। ব্রাইটনেস খুব কম মনে হলেও চাঁদের সর্বোচ্চ ডিটেইল বা স্পষ্টতা নিশ্চিত করুন।
প্রয়োজন হলে ছবি তোলার পরেও ব্রাইটনেস বাড়িয়ে নেওয়া যায়। এরপর শাটার বাটনে চাপলেই ক্যামেরায় ধরা দেবে চাঁদের এক সুন্দর ও স্পষ্ট ছবি।
মনে রাখা জরুরি, নিখুঁত ছবি পেতে এক্সপোজার ও ব্রাইটনেস দুটিকেই সর্বনিম্ন বা তার কাছাকাছি রাখতে হবে। অন্যথায় চাঁদের ছবি অবয়বহীন হয়ে পড়বে।
ছবি তোলার বদলে ভিডিও করতে চাইলে একই পদ্ধতি অনুসরণ করতে করুন। প্রথমে ক্যামেরার সেটিংসে ‘ভিডিও’ সিলেক্ট করে চাঁদের দিকে জুম করুন।
সাম্প্রতিক প্রো ক্যামেরাগুলোর ক্ষেত্রে সর্বোচ্চ ১৫এক্স পর্যন্ত করা যায়, এরপর ফ্রেম ঠিক করে নিন। এক্সপোজার -টুইভি’তে রেখে চাঁদের ওপর ট্যাপ করে ফোকাস লক করুন ও পছন্দমতো ডিটেইল না আসা পর্যন্ত ব্রাইটনেস স্লাইডার নামাতে থাকুন।
এরপর রেকর্ড শুরু করুন। কাঙ্ক্ষিত দৈর্ঘ্যের ভিডিও ধারণের পর তা প্লে করে পছন্দের ফ্রেমে পজ করে স্ক্রিনশট নিলেই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ছবি!
রেজুলিউশন ও অ্যাপের ব্যবহার
আইফোনে চাঁদের ছবি তোলার সময় একটি বিষয় খেয়াল রাখা দরকার। ছবিগুলো কিছুটা পিক্সেলটেড বা দানাদার মনে হতে পারে।
১২ মেগাপিক্সেল ‘৫এক্স’ টেলিফটো ক্যামেরায়োলা আইফোন ১৫ প্রো বা ১৬ প্রো মডেলে ২৫এক্স ডিজিটাল জুম ব্যবহার করলে এর প্রকৃত রেজুলিউশন দাঁড়ায় কেবল ০.৪৮ মেগাপিক্সেল।
অন্যান্য ছবির সঙ্গে সামঞ্জস্য রাখতে ক্যামেরা অ্যাপ নিজেই এটাকে আপস্কেল করে ১২ মেগাপিক্সেলে রূপান্তর করে। তবে আসল ডিটেইল কিছুটা কমে যায়।
আইফোন ১৭ প্রো ও ১৮ প্রো মডেলে ৪৮ মেগাপিক্সেল সেন্সর ও ৪এক্স অপটিক্যাল জুম থাকায় ২৫এক্স জুমেও তুলনামূলক ভালো, অর্থাৎ ১ দশমিক ২৪ মেগাপিক্সেল কার্যকর রেজুলিউশন মেলে।
অ্যাপলের ডিফল্ট ক্যামেরা অ্যাপের বাইরে চাঁদের ছবি তোলার জন্য আরও বেশি নিয়ন্ত্রণ চাইলে অ্যাপ স্টোর থেকে কিছু থার্ড-পার্টি অ্যাপ ব্যবহার করা যেতে পারে।
‘মুনটেইক’ নামের ফ্রি অ্যাপটি বিশেষভাবে চাঁদের ছবি তোলার জন্যই তৈরি, যা ডিফল্টভাবে সবচেয়ে লম্বা টেলিফটো লেন্স ব্যবহার করে ও স্বয়ংক্রিয়ভাবে সঠিক এক্সপোজার সেট করে নেয়।
পাশাপাশি, এটা চাঁদের অ্যাজিমুথ ও অল্টিটিউডের মতো জ্যোতির্বৈজ্ঞানিক ডেটাও দেখায়। আইএসও ও শাটার স্পিডের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ পেতে ‘হ্যালিড মার্ক থ্রি’ বা ‘প্রোক্যামেরা’র মতো অ্যাপও ব্যবহার করা যেতে পারে।
