ফিলিস্তিনিদের ওপর গোপন নজরদারি, অ্যামাজনে ৩৫ লাখ ছবি আপলোড ইসরায়েলের
গাজায় অভিযানের মাঝেই অ্যামাজনের এআই প্রযুক্তি ব্যবহার করে ফিলিস্তিনিদের চেহারা শনাক্ত করাসহ গতিবিধির ওপর নজরদারি চালিয়েছে ইসরায়েল- বলছে ফাঁস হওয়া নথি।
ফিলিস্তিনিদের ওপর গোপনে নজরদারি চালাতে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের ক্লাউড প্ল্যাটফর্মে ৩৫ লাখ ছবি আপলোড করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।
অ্যামাজনের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চেহারা শনাক্তকরণ (ফেসিয়াল রিকগনিশন) প্রযুক্তি ব্যবহার করে এসব ছবি বিশ্লেষণ করা হচ্ছে।
ফাঁস হওয়া নথির বরাতে এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
নথিতে দেখা গেছে, গাজায় ইসরায়েলের ভয়াবহ বিমান ও স্থল অভিযান শুরুর প্রথম দিকের মাসগুলোতেই বিশাল এই ছবির ভান্ডার অ্যামাজনের ক্লাউডে স্থানান্তর করা হয়েছিল।
গাজা ও পশ্চিম তীরের ফিলিস্তিনি জনগোষ্ঠীর বিপুলসংখ্যক ছবি সংরক্ষণ করে ইসরায়েলি সামরিক বাহিনীর এমন একটি বিভাগ থেকেই ছবিগুলো আপলোড করা হয়।
বিভাগটি ২০২৪ সালের শুরুর দিকে ছবি আপলোড করার সিদ্ধান্তের কথা অ্যামাজনকে জানায়, যাতে তারা চেহারা শনাক্তকরণ প্রকল্পের জন্য প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ছবি বিশ্লেষণ প্ল্যাটফর্ম ‘রিকগনিশন’ ব্যবহার করতে পারে।
ফিলিস্তিনিদের ওপর নজরদারি চালাতে ইসরায়েলের সামরিক বাহিনী অ্যামাজনের ক্লাউড কম্পিউটিং ব্যবসা ও অবকাঠামোর ওপর কতটা নির্ভরশীল, তা নিয়ে গার্ডিয়ানের চলমান অনুসন্ধানের অংশ হিসেবে নথিগুলো হাতে এসেছে।
নথিপত্র এবং সামরিক কয়েকটি সূত্রের সাক্ষাৎকার অনুযায়ী, সম্প্রতি কয়েক বছরে ইসরায়েল সংবেদনশীল গোয়েন্দা তথ্য এবং অধিকৃত অঞ্চলে বাস করা ফিলিস্তিনিদের তথ্যসহ বিপুল সংখ্যক উপাত্ত অ্যামাজনের ডেটা সেন্টারে সরিয়ে নিয়েছে।
সামরিক বাহিনীর একটি সফটওয়্যার ইউনিটের অধীনে থাকা ‘রোলিং স্টোন’ নামে পরিচিত একটি বিভাগ তেল আবিবের কাছে অ্যামাজনের একটি ডেটা সেন্টারে ছবির এই বিশাল ভান্ডার স্থানান্তর করে।
ইসরায়েলের সামরিক বাহিনীতে বহুল ব্যবহৃত একটি ব্যবস্থার নামানুসারে এই বিভাগের নামকরণ করা হয়। ব্যবস্থাটি গাজা ও পশ্চিম তীরে বাস করা ফিলিস্তিনিদের তথ্যের কেন্দ্রীয় ভান্ডার হিসেবে কাজ করে।
ওই বিভাগের কাজের বিষয়ে অবগত একাধিক সূত্র জানিয়েছে, সে সময় তাদের সংগ্রহে থাকা ফিলিস্তিনিদের বিশাল ছবির ভান্ডার বিশ্লেষণে চেহারা শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছিল।
২০২৩ সালের অক্টোবরে গাজায় স্থল অভিযান শুরুর পর ইসরায়েলি বাহিনী তল্লাশিচৌকি পার হওয়ার সময় নিয়মিত ফিলিস্তিনিদের ছবি সংগ্রহ করত। বোমা হামলায় বাস্তুচ্যুত হয়ে এলাকা ছাড়ার সময়ই মূলত তাদের ছবি তোলা হত।
অ্যামাজনের রিকগনিশন প্লাটফর্মে আপলোড করা ৩৫ লাখ ছবি অস্থায়ী নজরদারি কেন্দ্র হিসেবে ব্যবহৃত এসব তল্লাশিচৌকি থেকেই তোলা হয়েছিল কি না, তা স্পষ্ট নয়।
তবে তল্লাশিচৌকিতে চেহারা শনাক্তকরণ কার্যক্রমের সঙ্গে যুক্ত একটি সামরিক সূত্র জানিয়েছে, সেখানে ‘বিপুল পরিমাণে’ ছবি সংগৃহীত হওয়ায় অ্যামাজনের ক্লাউড অবকাঠামো ব্যবহার করা হয়েছিল।
ইসরায়েল দীর্ঘদিন ধরেই, বিশেষ করে অধিকৃত পশ্চিম তীরে চেহারা শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে আসছে। সেখানে তল্লাশিচৌকিতে মুখমণ্ডল স্ক্যান করা একটি নিয়মিত বিষয়।
পাশাপাশি ফিলিস্তিনি ভূখণ্ডে বসবাসকারীদের ছবি সংগ্রহ করতে ইসরায়েলি সেনারা বিশেষভাবে তৈরি স্মার্টফোন অ্যাপ ব্যবহার করে।
গাজা অভিযানের প্রাথমিক পর্যায়ে ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের নেতৃত্বাধীন হামলায় জিম্মি হওয়া ব্যক্তিদের শনাক্ত করতে রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করেছিল ইসরায়েল।
তাছাড়া যাদের তারা যোদ্ধা বলে সন্দেহ করা হত, তাদের চিহ্নিত করতেও এই প্রযুক্তি কাজে লাগানো হয়।
মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এর আগে এক প্রতিবেদনে জানিয়েছিল, গাজায় ভিড়ের মধ্যে এবং ড্রোন ফুটেজে চেহারা শনাক্ত করতে ইসরায়েলি সেনাবাহিনী বাজারে প্রচলিত বাণিজ্যিক প্রযুক্তি নিয়ে পরীক্ষা চালিয়েছিল।
এতে অনেক সময় সাধারণ বেসামরিক নাগরিকদেরও ভুলবশত যোদ্ধা হিসেবে চিহ্নিত করা হয়েছিল।
নতুন নথিগুলোতে ইসরায়েলি সামরিক বাহিনীর অ্যামাজন প্রযুক্তি ব্যবহারের তথ্য উঠে এসেছে। তারা কেবল চেহারা শনাক্তকরণের পরীক্ষার জন্যই এটি ব্যবহার করেনি, বরং আরও সুদূরপ্রসারী এক প্রকল্পের আওতায় ধনকুবের জেফ বেজোসের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটির কম্পিউটিং শাখার সার্ভারে নিজেদের তথ্য সরিয়ে নিতেও এই প্রযুক্তি কাজে লাগিয়েছে।
ইসরায়েলি বাহিনী ক্লাউডে কী ধরনের তথ্য সরাচ্ছে, নথিতে সে বিষয়টিও স্পষ্ট হয়েছে। পাশাপাশি ফিলিস্তিনিদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণে তারা কীভাবে অ্যামাজন ওয়েব সার্ভিসেসের (এডব্লিউএস) অবকাঠামো ব্যবহার করছে, তা-ও উঠে এসেছে।
সাধারণত নির্বিচারে, অনুপ্রবেশমূলক উপায়ে এবং সংশ্লিষ্টদের সম্মতি ছাড়াই এসব ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয়।
নথিগুলো ইঙ্গিত দেয়, গাজায় গণহত্যাসহ গুরুতর অপরাধ সংঘটনের অভিযোগে ইসরায়েল যখন বিদ্ধ হচ্ছিল, ঠিক সে সময়ই এডব্লিউএস-এর সঙ্গে ইসরায়েলি সামরিক বাহিনীর সম্পর্ক আরও গভীর হয়।
ইসরায়েল গণহত্যার অভিযোগ অস্বীকার করলেও জাতিসংঘের একটি তদন্ত কমিশন, ইসরায়েলি মানবাধিকার সংস্থা এবং গণহত্যা বিশেষজ্ঞরা এই অভিযোগের পক্ষে মত দিয়েছেন।
এ বিষয়ে এডব্লিউএসের একজন মুখপাত্র বলেন, গ্রাহকরা তাদের ক্লাউডে কী ধরনের কাজ করছেন, সে বিষয়ে প্রতিষ্ঠানটির কোনওকিছু ‘দেখার সুযোগ’ নেই।
তিনি আরও বলেন, “আমরা আমাদের গ্রাহকদের গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল এবং তাদের সম্মতি ছাড়া আমাদের সম্পর্কের বিষয়ে কোনও আলোচনা করি না।”
বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা
২০২৪ সালের শুরুর দিকে তেল আবিবের অন্যতম সুউচ্চ একটি ভবনের ২৮তম তলায় অবস্থিত এডব্লিউএস-এর কার্যালয় থেকে ইসরায়েলি সেনাদের একটি ছোট দল কাজ করেছিল।
একাধিক সামরিক সূত্র জানিয়েছে, গাজায় চলমান চেহারা শনাক্তকরণ কর্মসূচি আরও কার্যকরভাবে পরিচালনার জন্য প্রতিষ্ঠানটির ক্লাউড অবকাঠামো কীভাবে ব্যবহার করা যায়, সেনারা তা খতিয়ে দেখছিলেন।
তাদের সেই কাজ কার্যকরভাবে প্রয়োগ করা হয়েছিল কি না বা রিকগনিশনে আপলোড করা ৩৫ লাখ ছবির সঙ্গে এর কোনো যোগসূত্র ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
তবে এডব্লিউএস কার্যালয়ে ওই সেনা দলের উপস্থিতি ইসরায়েলি সামরিক বাহিনী ও ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠানটির ঘনিষ্ঠ সম্পর্ককেই সামনে নিয়ে আসে।
এডব্লিউএস এর মুখপাত্র বলেন, তাদের গ্রাহকরা ‘ব্রিফিং ও বৈঠকের জন্য নিয়মিত আমাদের কার্যালয়ে আসেন’।
তিনি আরও বলেন, “এসব সফরকে নিয়মিত গ্রাহক যোগাযোগের বাইরে অন্য কিছু হিসেবে দেখানোর যে কোনও প্রচেষ্টা ভুল ও ভিত্তিহীন।”
অ্যামাজনের সঙ্গে ইসরায়েলের এই সম্পর্কের ভিত্তি হলো ২০২১ সালে স্বাক্ষরিত ‘প্রজেক্ট নিম্বাস’ নামের একটি বড় চুক্তি।
কয়েক শ কোটি ডলারের এই চুক্তির আওতায় এডব্লিউএস ও গুগল ইসরায়েলের বিভিন্ন সরকারি ও সামরিক গ্রাহককে ক্লাউড সেবা দিয়ে থাকে।
ইসরায়েল সেবার শর্তাবলি লঙ্ঘন করলেও মার্কিন কোম্পানিগুলো যেন ইসরায়েল সরকার ও সামরিক বাহিনীর ক্লাউড সেবা সীমিত বা স্থগিত করতে না পারে, নিম্বাস চুক্তিতে এমন কিছু অস্বাভাবিক শর্ত রয়েছে বলে গত বছর গার্ডিয়ানের এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছিল।
এর ফলে গত বছর মাইক্রোসফট যে ধরনের একতরফা পদক্ষেপ নিয়েছিল, অ্যামাজন বা গুগলের পক্ষে তা নেওয়া সম্ভব নয়।
গার্ডিয়ান ও ‘+৯৭২ ম্যাগাজিন’-এর অনুসন্ধানে একটি গণনজরদারি ব্যবস্থার তথ্য ফাঁস হওয়ার পর মাইক্রোসফট ওই প্রযুক্তিতে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছিল।
নথি অনুযায়ী, নিম্বাস চুক্তির অংশ হিসেবে ২০২৩ সালের শুরুর দিকে এডব্লিউএস ইসরায়েলে নতুন ডেটা সেন্টার চালু করে। এর ফলে ইসরায়েলি সরকার ও সামরিক গ্রাহকরা নিজস্ব সার্ভার থেকে তথ্য সেখানে সরিয়ে নেওয়ার সুযোগ পায়।
এ ছাড়া আয়ারল্যান্ডে অবস্থিত এডব্লিউএস ডেটা সেন্টার থেকেও বিপুল পরিমাণ তথ্য ইসরায়েলে স্থানান্তর করা হয়।
নথিপত্রে দেখা গেছে, নিম্বাস চুক্তির একটি মূল শর্ত ছিল তেল আবিব ডেটা সেন্টারের ভেতরে ইসরায়েলি সামরিক বাহিনীকে একটি আলাদা বা বিচ্ছিন্ন অংশ ব্যবহারের সুযোগ দেওয়া, যা উন্নত ডিজিটাল ও ভৌত নিরাপত্তাব্যবস্থায় সুরক্ষিত থাকবে।
সামরিক অভিযান ও গোয়েন্দা তথ্য সংগ্রহসংক্রান্ত সংবেদনশীল নথি সংরক্ষণের জন্য ব্যবহৃত এডব্লিউএস ক্লাউডের এই বিচ্ছিন্ন অংশটিকে প্রতিষ্ঠানটি ও তার গ্রাহক ‘ওয়াল্ড গার্ডেন’ (প্রাচীরঘেরা বাগান) হিসেবে অভিহিত করত।
যুদ্ধের প্রযুক্তিগত চাহিদা মেটাতে ইসরায়েলি সামরিক বাহিনী সাম্প্রতিক বছরগুলোতে শীর্ষস্থানীয় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর দ্বারস্থ হয়েছে।
দ্রুত বাড়ানো যায় এমন ডেটা স্টোরেজ, উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্পিউটিং এবং এআই-চালিত সেবা নিতেই এডব্লিউএস এর ওপর তাদের এই নির্ভরতা।
গাজায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর দূরবর্তী নজরদারি ও হত্যাকাণ্ড নিয়ে গার্ডিয়ান নির্মিত প্রামাণ্যচিত্র ‘নাজা’ প্রকাশের পর ইসরায়েলি অভিযানে এআইয়ের ভূমিকা নতুন করে তীব্র সমালোচনার মুখে পড়েছে।
‘পরিকল্পনা ছিল সবকিছু স্থানান্তর করার’
নথিপত্র অনুযায়ী, এডব্লিউএস সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসরায়েলি সামরিক গ্রাহকদের একটি হলো রোলিং স্টোন বিভাগ।
তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণে অ্যামাজন ওয়েব সার্ভিসেসের (এডব্লিউএস) পণ্য ও সেবার ব্যবহার বাড়ানোর পর ২০২৪ সালের শুরুর দিকে বিভাগটি ৩৫ লাখ ছবি বিশ্লেষণে রিকগনিশন ব্যবহার করে।
নথিতে দেখা যায়, ২০২৩ সালজুড়ে বিভাগটি তাদের সংগ্রহে থাকা বিপুল পরিমাণ তথ্য এডব্লিউএস ক্লাউডের তথাকথিত ‘ওয়ার্ল্ড গার্ডেনে’ স্থানান্তর করেছে।
এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একটি সামরিক সূত্র জানিয়েছে, সামরিক সার্ভার থেকে সব ডেটাবেজ অ্যামাজনের ক্লাউডে সরিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল তাদের।
নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র বলেন, “(রোলিং স্টোনের) পরিকল্পনা ছিল ছবি, ভিডিও, সব গোপনীয় গোয়েন্দা তথ্য, সবকিছুই সরিয়ে নেওয়ার।”
এ বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একজন মুখপাত্র বলেন, অভিযানগত প্রয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো চুক্তি বা সেবার বিষয়ে ‘মন্তব্য করার ইচ্ছা তাদের নেই’।
রোলিং স্টোন বিভাগ ফিলিস্তিনিদের তথ্য একত্রকারী বেশ কয়েকটি বিশাল ডেটাবেজ পরিচালনা করে, যার মধ্যে এই শাখাটির নাম যে ব্যবস্থা থেকে নেওয়া হয়েছে সেটিও রয়েছে।
কয়েক দশক ধরে সামরিক বাহিনীতে ব্যবহৃত রোলিং স্টোন ব্যবস্থাটি নিয়মিত হালনাগাদ করা হয়।
এতে ফিলিস্তিনিদের প্রাথমিক ব্যক্তিগত ও পারিবারিক বিবরণ, সম্পত্তির মালিকানা, তল্লাশিচৌকি পারাপারের তথ্য, কাজের অনুমতিপত্র (ওয়ার্ক পারমিট) এবং অপরাধমূলক কর্মকাণ্ডের মতো তথ্য অন্তর্ভুক্ত থাকে।
২০১৬ সালে ইসরায়েলি বেসরকারি সংস্থা ‘ব্রেকিং দ্য সাইলেন্স’-কে দেওয়া সাক্ষ্যে এক সেনা সদস্য রোলিং স্টোনকে ‘এমন একটি কম্পিউটারভিত্তিক ব্যবস্থা’ হিসেবে বর্ণনা করেছিলেন, ‘যেখানে ফিলিস্তিনি বেসামরিক জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণের সঙ্গে সম্পর্কিত সব তথ্য কেন্দ্রীভূত থাকে’।
গাজা ও পশ্চিম তীরের জনসংখ্যা নিবন্ধনের নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে থাকায় রোলিং স্টোন বিভাগ লাখ লাখ ফিলিস্তিনির ছবি সংগ্রহ করেছে। প্রতিটি বাসিন্দার বয়স ১৬ বছর পূর্ণ হলে পরিচয়পত্র ইস্যু করার সময় এসব ছবি তোলা হয়।
বিভাগটির কাজের বিষয়ে অবগত সূত্রগুলো জানিয়েছে, চেহারা শনাক্তকরণ কর্মসূচিতে এসব ছবি নিয়মিত ব্যবহার করা হত।
এর মধ্যে ‘ব্লু উলফ’ নামের একটি স্মার্টফোন অ্যাপও রয়েছে, যা পশ্চিম তীরে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের মুখ স্ক্যান করতে এবং তাদের তথ্য, বিশেষ করে তারা গ্রেপ্তারের জন্য সন্দেহভাজন হিসেবে চিহ্নিত কি না, তা জানতে ব্যবহার করে।
স্থল অভিযানের পর গাজায় স্থাপিত অস্থায়ী ইসরায়েলি তল্লাশিচৌকিগুলোতে ফিলিস্তিনিরা কাছে এলেই তাদের দিকে তাক করে রাখা ক্যামেরায় ছবি তোলা হত। সূত্রগুলো জানিয়েছে, এরপর রোলিং স্টোন ব্যবস্থায় থাকা ছবির সঙ্গে তাদের চেহারা মিলিয়ে দেখা হত।
গাজায় এই তল্লাশিচৌকিগুলো মানুষজনকে আলাদা করে আটকের স্থান হিসেবে কুখ্যাত হয়ে উঠেছিল।
জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও মানবাধিকার সংগঠনগুলোর মতে, অনেককে ইসরায়েলি হেফাজতে নিয়ে বাইরের জগতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখা হত, যা গুমের শামিল।
নথিপত্রে ইঙ্গিত পাওয়া গেছে, ২০২৪ সালে বিভিন্ন সময়ে তল্লাশিচৌকির কার্যক্রম পরিচালনায় সহায়তা দিতে এডব্লিউএস এর ক্লাউড প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল।
সামরিক বাহিনীর অভ্যন্তরীন সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলি সেনারা এই তল্লাশিচৌকিগুলোকে হিব্রু শব্দ ‘নাকাজ’ (যার অর্থ পানি নিষ্কাশন নালা) বলে ডাকত।
