মালয়েশিয়ার সামরিক ঘাঁটিতে মাদক পাচার, ৩ সামরিক কর্মকর্তাসহ অভিযুক্ত ৬
চলতি মাসের শুরুতে সুবাং বিমানঘাঁটি থেকে ৯৬ দশমিক ৬৪ কেজি মেথামফেটামিন জব্দের ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। শুক্রবার তাদের মধ্য থেকেই ছয়জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কাছে একটি বিমানঘাঁটিতে মাদক পাচারের অভিযোগে তিন সামরিক কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে দেশটির একটি আদালত।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসি লিখেছে, দেশটির বিমানবাহিনীকে ব্যবহার করে কয়েক বছর ধরে চলা সন্দেহভাজন মাদক পাচারের পুরো নেটওয়ার্ক উন্মোচনে কাজ করছে কর্তৃপক্ষ।
২০২৪ সালের অগাস্ট থেকে এ পর্যন্ত বিমানঘাঁটিগুলো ব্যবহার করে অন্তত তিন টন মাদক পাচার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
চলতি মাসের শুরুতে সুবাং বিমানঘাঁটি থেকে ৯৬ দশমিক ৬৪ কেজি মেথামফেটামিন জব্দের ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। শুক্রবার তাদের মধ্য থেকেই ছয়জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হয়। দোষী সাব্যস্ত হলে তাদের মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
নিয়মিত তল্লাশির সময় সুবাং বিমানঘাঁটিতে পাঁচটি স্যুটকেস ও একটি বাক্সে লুকানো অবস্থায় ওই মাদক উদ্ধার করা হয়েছিল।
শুক্রবার অভিযুক্ত ছয়জন ছাড়াও গ্রেপ্তার হওয়া বাকি সাতজনের মধ্যে বিমানবাহিনীর চার সদস্য ও তিনজন বেসামরিক নাগরিক রয়েছেন। তাদের বিরুদ্ধে এখনো অভিযোগ গঠন করা হয়নি।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনদের মধ্যে বিমানবাহিনীর একজন পাইলট রয়েছেন, যিনি উপদ্বীপীয় মালয়েশিয়া থেকে বোর্নিও দ্বীপের সাবাহ রাজ্যে মাদক পরিবহন ও সমন্বয়ের কাজ করতেন।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল বৃহস্পতিবার পার্লামেন্টে জানান, ২০২৪ সালের অগাস্ট থেকে বিমানবাহিনীর অবকাঠামো ব্যবহার করে মাদক পাচারের অন্তত ২১টি ঘটনা শনাক্ত করেছে কর্তৃপক্ষ।
তিনি বলেন, পাচার হওয়া মোট তিন টন মাদকের বাজারমূল্য ১৫ কোটি ৬০ লাখ মালয়েশীয় রিঙ্গিত বা প্রায় ৩ কোটি ৭৯ লাখ মার্কিন ডলার।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে লিখেছে, “আমরা এই চক্রটি ভেঙে দিতে না পারলে লাখ লাখ মানুষ এর শিকার হত। এটি কেবল একটি গুরুতর ফৌজদারি অপরাধ নয়, বরং আমাদের নিরাপত্তা ও প্রতিরক্ষা প্রতিষ্ঠানের অখণ্ডতার জন্যও হুমকি।”
চক্রটির পুরো বিস্তৃতি খুঁজে বের করতে তদন্ত আরও জোরদার করা হবে বলে জানান সাইফুদ্দিন নাসুশন। চক্রের সন্দেহভাজন মূল হোতাকে শনাক্ত করা গেলেও এখনও তাকে গ্রেপ্তার করা যায়নি বলে উল্লেখ করেন তিনি।
আশির দশকে প্রতিষ্ঠিত সুবাং বিমানঘাঁটিটি রাজধানী কুয়ালালামপুরের কাছে অবস্থিত একটি সামরিক বিমানবন্দর। মালয়েশিয়া সফরে আসা বিদেশি রাষ্ট্রীয় অতিথিদের অভ্যর্থনা জানাতে এটি প্রায়ই ব্যবহৃত হয়।
২০২৪ সালে গাজায় ইসরায়েলের যুদ্ধে আহত শতাধিক ফিলিস্তিনিকে চিকিৎসার জন্য এই ঘাঁটি দিয়েই মালয়েশিয়ায় আনা হয়েছিল।
