টেকনাফে মানবপাচারের উদ্দেশ্যে জিম্মি নারী-শিশুসহ ৮ রোহিঙ্গা উদ্ধার
থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে ২০-২৫ জনকে জিম্মি করে রাখা হয়েছে- এমন তথ্য পায় যৌথ বাহিনী।
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জিম্মি করে রাখা নারী ও শিশুসহ আট রোহিঙ্গাকে উদ্ধার করেছে যৌথ বাহিনী।
শনিবার মধ্যরাতে উপজেলার লেঙ্গুরবিল এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয় বলে রোববার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে ২০ থেকে ২৫ জনকে জিম্মি করে রাখা হয়েছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় পাঁচ নারী, দুই পুরুষ ও আট মাস বয়সী এক শিশুসহ আটজনকে উদ্ধার করা হয়।
আইএসপিআর জানায়, যৌথ আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে মানবপাচারকারী চক্রের সদস্যদের পাশাপাশি কয়েকজন ভুক্তভোগীও পালিয়ে যান।
উদ্ধার হওয়া সবাই রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য। তারা এফডিএমএন ক্যাম্প-১৮ ও ক্যাম্প-২০-এর বাসিন্দা। পরে তাদের স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
