‘মগজে প্রস্রাব করে দেব’, এনভিডিয়ার জেনসেন হুয়াংয়ের ভয়ংকর রূপ ফাঁস
কাজ আদায় করতে কর্মীদের মগজে প্রস্রাব কিংবা হাত ছিঁড়ে পিটিয়ে মারার হুমকি- নিউ ইয়র্ক টাইমস ফাঁস করল প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার সদ্য পদত্যাগ করা সিইও’র ‘ভয়ের সংস্কৃতির’ অজানা অধ্যায়।
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা ও সদ্য পদত্যাগ করা সিইও জেনসেন হুয়াংকে ঘিরে বিতর্ক পিছু ছাড়ছে না। তার ব্যক্তিগত জীবন, বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া চলার মধ্যেই এবার আলোচনায় উঠে এসেছে তার কাজ করার ধরনও।
অভিযোগ আছে যে, সংস্থার কর্মীদের সঙ্গে অভব্য আচরণ করতেন এবং তাদেরকে অকথ্য হুমকি দিতেন তিনি। কর্মীদের অপমান করে কাজ আদায় করাই ছিল হুয়াংয়ের মন্ত্র।
হুয়াং এবং তার ‘চীনা গুপ্তচর’ প্রেমিকাকে ঘিরে বিতর্কের মাঝেই পুরনো এসব অভিযোগ প্রকাশ্যে এসেছে।
‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ এর সাম্প্রতিক এক প্রতিবেদনে গত কয়েক বছর ধরে প্রতিষ্ঠানের কর্মীদেরকে হুয়াংয়ের প্রকাশ্য অপমান, ব্যক্তিগত আক্রমণ এবং হুমকি দিয়ে কথা বলার অভিযোগগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, হুয়াং বিশ্বাস করতেন যে, এনভিডিয়ার বাজারমূল্য বৃদ্ধি এবং কর্মীরা আরও সম্পদশালী হয়ে ওঠার কারণে তাদেরকে অনুপ্রাণিত করার জন্য কেবল আর্থিক প্রণোদনা বা বোনাস দিয়ে আর কাজ করানো সম্ভব ছিল না।
অভিযোগ রয়েছে যে, তিনি অধস্তন কর্মীদের বলেছিলেন, তাদের দিয়ে আরও কঠোর পরিশ্রম করানোর একমাত্র উপায় হল অপমান করা।
এনভিডিয়ার এক ডজনেরও বেশি বর্তমান ও সাবেক কর্মী এবং শত শত পৃষ্ঠার আদালতের নথি বিশ্লেষণ করে জানা গেছে, দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হুয়াং এক কর্মীকে গর্ভপাত করানোর কথা বলেছিলেন, এক অধস্তন কর্মীকে হাত ছিঁড়ে পিটিয়ে মারার হুমকি দিয়েছিলেন এবং আরেক কর্মীকে তার মাথার উপরিভাগ ছিঁড়ে মগজে প্রস্রাব করার হুমকি দিয়েছিলেন।
হুয়াংকে ঘিরে বিতর্ক দানা বাঁধার পর সংস্থার বিভিন্ন বর্তমান এবং সাবেক কর্মী তার বিরুদ্ধে একে একে মুখ খুলছেন। তবে এই আচরণের পক্ষে হুয়াংয়ের যুক্তি ছিল যে, তিনি এভাবেই নিজের কর্মীদের সেরা করে তুলবেন।
তিনি একবার বলেছিলেন, “আমি বরং আপনাদের কষ্ট বা যন্ত্রণা দিয়ে সেরা হিসেবে গড়ে তুলব, কারণ আমি আপনাদের ওপর বিশ্বাস রাখি।”
এনভিডিয়ার সাবেক কর্মীদের অনেকের অভিযোগ, কর্মীদের ‘কর্মক্ষমতা বাড়ানোর জন্য’ এবং সংস্থাকে ‘আরও লাভবান করতে’ প্রকাশ্যেই সবাইকে অপমান এবং সমালোচনা করতেন হুয়াং।
এসব নিয়ে উদ্বেগ প্রকাশ করা এবং মুখ খোলার জন্য কাজও হারাতে হয়েছিল এনভিডিয়ার দুই কর্মীকে। একজন সংস্থার এইচআর বিভাগের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাইকেল উইনস্টন।
অপরজন সংস্থার সাবেক আইনজীবী স্টিফেন পেটিগ্রিউ। ‘নিউ ইয়র্ক টাইম্সের’ প্রতিবেদন অনুযায়ী, উইনস্টন ২০০৪ সালের সেপ্টেম্বরে যোগ দিয়েছিলেন সংস্থায়।
কিন্তু দায়িত্ব নেওয়ার পর থেকেই সেখানকার কাজের পরিবেশ দেখে ভেঙে পড়েছিলেন তিনি। ওই বছর অক্টোবরে অফিসের এক সভায় হুয়াং সবাইকে অপমান করেছিলেন বলে অভিযোগ আছে।
এ নিয়ে উইনস্টন সংস্থায় বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্তার কাছে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এ ধরনের ঘটনার ফলে সংস্থাকে আইনি সমস্যার মুখে পড়তে হতে পারে বলে সতর্কও করেছিলেন তিনি। হুয়াংকেও তিনি এ নিয়ে সতর্ক করেছিলেন।
এর পর ওই বছর নভেম্বরেই উইনস্টনকে কাজ থেকে ছাঁটাই করে দেওয়া হয়। পরে ২০০৭ সালে আরও একটি অভিযোগ প্রকাশ্যে আসে। সে সময়ে এনভিডিয়ার বিরুদ্ধে মামলা করেন সংস্থারই সাবেক আইনজীবী পেটিগ্রিউ। তাকেও সংস্থা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।
তবে এনভিডিয়া কোনও অন্যায় আচরণের কথা অস্বীকার করেছে। তাদের দাবি, প্রত্যাশামাফিক কর্মক্ষমতা না থাকায় দায়িত্ব থেকে সরানো হয়েছিল ওই আইনজীবীকে।
