১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

এনভিডিয়ার অন্তর্বর্তীকালীন সিইও কে এই কোলেট ক্রেস

জেনসেন হুয়াংয়ের উচ্চাভিলাষী বিনিয়োগ পরিকল্পনার ঝুঁকি নিয়ে বরাবরই প্রশ্ন তুলতেন তিনি।

এনভিডিয়ার অন্তর্বর্তীকালীন সিইও কে এই কোলেট ক্রেস

কোলেট ক্রেস। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Nov 2026, 02:44 PM

Updated : 13 Nov 2026, 02:54 PM

বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়ার অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পাওয়া কোলেট ক্রেস এতদিন সামলে আসছিলেন প্রধান অর্থ কর্মকর্তার (সিএফও) দায়িত্ব।

প্রায় তিন দশক ধরে কোম্পানির নেতৃত্ব দেওয়া সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং সরে দাঁড়ানোর পর স্থায়ী উত্তরসূরি খুঁজে না পাওয়া পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন ৫৯ বছর বয়সী ক্রেস।

রয়টার্স লিখেছে, এনভিডিয়ার বিপুল বিনিয়োগ ও ঝুঁকিপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্তের ক্ষেত্রে হুয়াংয়ের উচ্চাভিলাষে লাগাম টানার চেষ্টা করতেন ক্রেস।

বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে শত শত কোটি ডলারের বিনিয়োগ এবং বিভিন্ন কোম্পানির সঙ্গে অর্থায়ন চুক্তি নিয়ে হুয়াংয়ের সঙ্গে তার মতবিরোধ ছিল।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এনভিডিয়ার অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণে ক্রেস গুরুত্বপূর্ণ ‘ভারসাম্য রক্ষাকারীর’ ভূমিকা পালন করেছেন। হুয়াংয়ের উচ্চাভিলাষী পরিকল্পনার বিপরীতে তিনি প্রায়ই আর্থিক ঝুঁকির বিষয়টি সামনে আনতেন।

মতদ্বৈততা

জেনসেন হুয়াংয়ের নেতৃত্বে এনভিডিয়া এআই চিপের বাজারে শীর্ষ অবস্থানে উঠে আসে। তবে সাম্প্রতিক বছরগুলোতে এআই অবকাঠামো খাতে বিপুল বিনিয়োগ এবং বিভিন্ন কোম্পানির সঙ্গে অর্থায়ন চুক্তি নিয়ে ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

এ ধরনের বিনিয়োগের মধ্যে ছিল ওপেনএআই এবং ল্যামডার মত এআই কোম্পানিতে অর্থায়ন। এসব চুক্তির মাধ্যমে এআই খাতের মধ্যে অর্থের এক ধরনের বৃত্তাকার প্রবাহ তৈরি হচ্ছে বলে সমালোচনা করে আসছিলেন ওয়াল স্ট্রিটের কেউ কেউ।

বিষয়টি সম্পর্কে জানেন–এমন এক ব্যক্তি রয়টার্সকে বলেছেন, এসব বড় অঙ্কের ও ঝুঁকিপূর্ণ অর্থায়ন চুক্তি নিয়ে ক্রেস এবং তার দলের সঙ্গে হুয়াং ও এনভিডিয়ার বিক্রয় বিভাগের মতবিরোধ ছিল।

এর একটি উদাহরণ ওহাইওতে ওপেনএআইয়ের ডেটা সেন্টার প্রকল্পে ২৫ হাজার কোটি ডলারের সহায়তা পরিকল্পনা। শেষ পর্যন্ত অর্থের পরিমাণ কমিয়ে ১২ হাজার কোটি ডলারে নামিয়ে আনা হয়।

বিষয়টি সম্পর্কে অবগত আরেক ব্যক্তি বলেন, নিজের গ্রাহকদের পেছনে জেনসেন হুয়াংয়ের মতো আগ্রাসীভাবে বিনিয়োগ করার সম্ভাবনা অন্য কারও ক্ষেত্রে কম।

তার ভাষ্য, স্টার্টআপ কোম্পানিগুলোকে অর্থায়নের জন্যও এনভিডিয়াকে উৎসাহিত করেছেন হুয়াং।

Image

জেনসেন হুয়াং। ছবি: রয়টার্স

বাস্তববাদী ও স্থির নেতৃত্বের প্রতীক

এনভিডিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কে জানেন এমন ব্যক্তিরা ক্রেসকে বর্ণনা করেছেন হুয়াংয়ের তুলনায় অনেক বেশি শান্ত ও বাস্তববাদী হিসেবে।

২০১৩ সালে এনভিডিয়ায় যোগ দেওয়ার আগে প্রযুক্তি খাতের আরও কয়েকটি বড় কোম্পানিতে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। এর মধ্যে রয়েছে মাইক্রোসফট, সিসকো ও টেক্সাস ইনস্ট্রুমেন্টস।

তার সম্পর্কে জানেন–এমন একজন রয়টার্সকে বলেন, “কোলেট একজন বাস্তববাদী মানুষ। তার শান্ত ও স্থির নেতৃত্ব বাজারে আস্থা ধরে রাখতে এবং কোম্পানিকে স্থিতিশীল রাখতে সহায়তা করতে পারে।”

এনভিডিয়ার ভেতরে অস্থিরতা তৈরি হওয়ার পর সাম্প্রতিক সময়ে গ্রাহক ও সরবরাহকারীদের আশ্বস্ত করতে আয়োজিত কয়েকটি আলোচনাতেও অংশ নিয়েছেন ক্রেস।

ওই ব্যক্তির মতে, যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও ক্রেসের নেতৃত্বে অন্য প্রযুক্তি কোম্পানিগুলোর মত কৌশল নিতে পারে এনভিডিয়া।

আবার হুয়াংয়ের সময় রপ্তানি নিয়ন্ত্রণ নিয়ে সরকারের সঙ্গে যে ধরনের বিরোধপূর্ণ অবস্থান দেখা গেছে, তা থেকে সরে আসার সম্ভাবনাও রয়েছে।

রয়টার্স লিখেছে, ক্রেসের অন্তর্বর্তীকালীন নিয়োগে বাজারে সাময়িক স্বস্তি এলেও দীর্ঘ মেয়াদে এনভিডিয়ার প্রযুক্তিগত অগ্রযাত্রা ধরে রাখার সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের মনে।

বাজার বিশ্লেষক ও বিনিয়োগকারীদের অনেকে মনে করছেন, একজন অর্থ কর্মকর্তা হিসেবে ক্রেসের পক্ষে হুয়াংয়ের মত প্রযুক্তিগত দূরদর্শিতা ও ঝুঁকি নেওয়ার মানসিকতা বজায় রাখা কঠিন হতে পারে।

মুর ইনসাইটস অ্যান্ড স্ট্র্যাটেজির প্রধান বিশ্লেষক আনশেল সাগ বলেন, বাজারকে শান্ত রাখতে ক্রেসকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া ‘যুক্তিসংগত’। তবে এনভিডিয়ার বর্তমান অগ্রযাত্রা অব্যাহত রাখতে দীর্ঘ মেয়াদে যে দূরদর্শী নেতৃত্ব প্রয়োজন, ক্রেসকে তিনি তেমন ব্যক্তি মনে করেন না।

হুয়াংয়ের সরে দাঁড়ানোর খবর প্রকাশের পর বৃহস্পতিবার এনভিডিয়ার শেয়ারের দাম প্রায় ১৪ শতাংশ কমে যায়। প্রায় ১৬ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছানোর পর দরপতনের মাত্রা কিছুটা কমে আসে।

স্থায়ী সিইও হওয়ার দৌড়ে কারা

ক্রেসই শেষ পর্যন্ত এনভিডিয়ার স্থায়ী সিইও হবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। কোম্পানির পর্ষদ বলেছে, স্থায়ী উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে তারা।

সম্ভাব্য প্রার্থীদের তালিকায় এনভিডিয়ার নির্বাহী ইয়ান বাকের নামও আলোচনায় এসেছে। এনভিডিয়ার চিপে এআই প্রযুক্তির ব্যবহার এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা রয়েছে। কোম্পানির বহুল ব্যবহৃত সফটওয়্যার ব্যবস্থা সিইউডিএ এর উন্নয়নেও নেতৃত্ব দিয়েছেন তিনি।

এ ছাড়া এনভিডিয়ার স্থায়ী সিইও হিসেবে আলোচনায় রয়েছে এএমডির প্রধান নির্বাহী লিসা সু এবং আর্মের প্রধান রেনে হাসের নামও।

হুয়াংয়ের কর্মকাণ্ড নিয়ে কতটা জানতেন ক্রেস

এনভিডিয়ার নেতৃত্ব পরিবর্তনের পর কোম্পানির চিপ বিক্রি এবং হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ক্রেস কতটা জানতেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

হুয়াংয়ের সঙ্গে যে ব্যবসায়ী নারীর বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ সামনে এসেছে, সেই অ্যালিস হুয়াং চীনা গুপ্তচর বলে মার্কিন গোয়েন্দাদের সন্দেহ।

তবে চীন এ গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছে। এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্স অ্যালিস হুয়াংয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেনি।

বিষয়টি সম্পর্কে জানেন এমন আরেক ব্যক্তি রয়টার্সকে বলেন, এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বারলি পাওয়েলের সঙ্গে হুয়াংয়ের সম্পর্কের বিষয়টি ক্রেস জানতেন। হুয়াংয়ের অধীনেই কাজ করতেন পাওয়েল।

এ বিষয়ে মন্তব্য জানতে এনভিডিয়া ও পাওয়েলের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া না পাওয়ার কথা লিখেছে রয়টার্স।

এদিকে, চীনের সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানি এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যস্থতাকারীদের মাধ্যমে চিপ বিক্রির বিষয়টি যথাযথভাবে তদারক করা হয়েছিল কি না, তা নিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ক্রেসকে প্রশ্নের মুখে পড়তে হতে পারে বলে মনে করছেন ওয়াশিংটনভিত্তিক জেমসটাউন ফাউন্ডেশনের বিশ্লেষক সানি চেউং।

Image

গত কয়েক বছরে বিশ্বের বিভিন্ন প্রান্তে রেস্তোরাঁয় নৈশভোজে ও বিভিন্ন বৈঠকে অ্যালিস হুয়াং ও জেনসেনকে একসঙ্গে দেখা গেছে। ছবি: রয়টার্স

কোলেট ক্রেসের ব্যক্তিগত ও পেশাগত জীবন

২০১৩ সালে এনভিডিয়ায় যোগ দেওয়ার সিদ্ধান্তের পেছনে তার দুই ছেলের ভূমিকা ছিল বলে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন ক্রেস।

২০২৩ সালে ইসরায়েলের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তার দুই ছেলে তখন বয়সে ছোট ছিল। ভিডিও গেম খেলার সুবাদে তারা এনভিডিয়ার চিপ সম্পর্কে জানত। তারাই তাকে এ কোম্পানিতে যোগ দিতে উৎসাহিত করেছিল।

অর্থনীতিতে স্নাতক ডিগ্রির পাশাপাশি ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি রয়েছে ক্রেসের। এনভিডিয়ার শেয়ারের দাম বেড়ে গেলে ২০২৫ সালে বিলিয়নেয়ারের তালিকায় তার নাম ওঠে।

ফোর্বসের হিসাবে, ২০২৬ সালের মাঝামাঝি সময়ে তার সম্পদের পরিমাণ ছিল ১২০ কোটি ডলার। যুক্তরাষ্ট্রে নিজ যোগ্যতায় ধনী হওয়া নারীদের তালিকায় তার অবস্থান ছিল ৩২তম।

ব্যবসা খাতের প্রভাবশালী নারীদের তালিকাতেও জায়গা পেয়েছেন তিনি। সাম্প্রতিক বছরগুলোতে ফরচুন ও ফোর্বস সাময়িকীর করা বিশ্বের ব্যবসা খাতের ৫০ প্রভাবশালী নারীর তালিকায় তার নাম এসেছে।