জেনসেন হুয়াংয়ের বিদায় কি ষড়যন্ত্রের ফল?
“এই বিতর্কের কেন্দ্রে থাকা নারী একজন গুপ্তচর, এমন অভিযোগের পক্ষে কোনো প্রমাণ আমাদের দেখানো হয়নি।”
প্রতিষ্ঠা এবং এরপর ৩৩ বছরের বেশি সময় ধরে এনভিডিয়ার নেতৃত্ব দেওয়ার পর জেনসেন হুয়াংয়ের আকস্মিক পদত্যাগ প্রযুক্তি দুনিয়ায় আলোড়ন তুলেছে। এখন প্রযুক্তি খাতের পরিচিত ব্যক্তিই তার পুনর্বহালের দাবি জানাচ্ছেন। পাশাপাশি সিলিকন ভ্যালিতে ছড়িয়ে পড়া একটি তত্ত্ব নিয়েও আলোচনা করছেন তারা।
প্রযুক্তি সংবাদের সাইট ভার্জ বলছে, হুয়াংকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের পেছনে পরিকল্পিত ষড়যন্ত্র দেখছেন অনেক শীর্ষ প্রযুক্তি নির্বাহী।
বিতর্কের কেন্দ্রে রয়েছে মেগাস্পিডের সাবেক নির্বাহী অ্যালিস হুয়াংকে নিয়ে নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন। সেখানে বলা হয়, জেনসেন হুয়াংয়ের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ ওঠা একাধিক নারীর একজন অ্যালিস চীনের গুপ্তচর। তবে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থাগুলো এখনো এ অভিযোগের সত্যতা নিশ্চিত করেনি। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও দাবি করেছেন, গুপ্তচরবৃত্তির এই অভিযোগ সম্পর্কে তিনি কিছু জানতেন না।
অ্যালিসের সঙ্গে জেনসেন হুয়াংয়ের কথিত সম্পর্ক থেকেই তার পদত্যাগের ঘটনাপ্রবাহ শুরু হয়। পরবর্তী সময়ে রয়টার্সসহ বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এনভিডিয়ার আরও দুই কর্মীর সঙ্গে হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ সামনে আসে। তাদের একজন ছিলেন তার সরাসরি অধীনস্থ কর্মী।
এসব অভিযোগের পর এনভিডিয়ার গ্রাহক কোম্পানিগুলোর চিপ চীনে পাচারের বিষয়টি নিয়েও নতুন প্রশ্ন তৈরি হয়। অভিযোগ ওঠে, রপ্তানি নিষেধাজ্ঞা এড়িয়ে এনভিডিয়ার চিপ চীনে পাঠানোর ক্ষেত্রে মেগাস্পিডের মতো গ্রাহক কোম্পানির ভূমিকা থাকতে পারে। ব্লুমবার্গের এক প্রতিবেদন অনুযায়ী, গত বছর সিঙ্গাপুরভিত্তিক মেগাস্পিডের চিপ পাচার তদন্তে হস্তক্ষেপ করেছিল এনভিডিয়া।
তবে অ্যালিসকে চীনের গুপ্তচর হিসেবে দেখানোর দাবির বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক হোয়াইট হাউসের কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্রিপ্টো উপদেষ্টা এবং ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগকারী ডেভিড স্যাকস।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি সিএনএনের একটি প্রতিবেদনের দিকে দৃষ্টি আকর্ষণ করেন। ওই প্রতিবেদনে বলা হয়, অ্যালিস গুপ্তচর কি না, তা এখনো নিশ্চিত করতে পারেননি যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
স্যাকস লেখেন, “গুপ্তচরবৃত্তির বয়ান ইতোমধ্যেই ভেঙে পড়ছে।”
সোমবার সেমাফোর আয়োজিত ‘সিলিকন ভ্যালি অ্যান্ড দ্য ওয়ার্ল্ড’ অনুষ্ঠানে তিনি এ বিষয়ে আরও প্রশ্ন তোলেন। স্যাকস বলেন, “এই চীনা গুপ্তচরের চাঞ্চল্যকর অভিযোগের কারণেই জেনসেন তার চাকরি হারিয়েছেন। এখন যদি কেউ সেই অভিযোগের পক্ষে দাঁড়াতে না চান, তাহলে পুরো ঘটনা কেন ঘটল, তা নিয়ে আবারও প্রশ্ন তুলছি।”
এপিক গেইমসের প্রধান নির্বাহী টিম সুইনিও হুয়াংয়ের পদত্যাগের ঘটনাপ্রবাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
সিএনএনের প্রতিবেদন নিয়ে স্যাকসের পোস্টের জবাবে তিনি লেখেন, “কী! তাহলে কি সাংবাদিকেরা সন্দেহজনক উদ্দেশ্য নিয়ে কার কাছ থেকে পাওয়া গুজবকে গোয়েন্দা কর্মকর্তাদের সূত্রে পাওয়া তথ্য হিসেবে উপস্থাপন করেছেন? আর প্রতিষ্ঠাতা, প্রধান নির্বাহী ও প্রজন্মের মধ্যে একবারই জন্ম নেওয়া দূরদর্শী একজন নেতাকে সরিয়ে দিতে এনভিডিয়ার পরিচালনা পর্ষদকে বিভ্রান্ত করেছেন?”
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ ও ওয়েবসাইট তৈরির প্ল্যাটফর্ম রেপলিটের প্রধান নির্বাহী আমজাদ মাসাদও হুয়াংয়ের পদত্যাগের সময় নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
তিনি বলেন, “জেনসেন, যিনি উন্মুক্ত মডেলের সবচেয়ে বড় সমর্থক, যদি সরে যান, তাহলে যারা কৃত্রিম বুদ্ধিমত্তাকে বদ্ধ, কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণাধীন রাখতে চান, তারা লাভবান হতে পারেন।”
সেমিকন্ডাক্টর ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাত নিয়ে গবেষণা ও পরামর্শ দেওয়া প্রতিষ্ঠান সেমি অ্যানালাইসিসও এ ঘটনাকে ঘিরে একটি ‘ষড়যন্ত্র তত্ত্ব’ সামনে এনেছে।
প্রতিষ্ঠানটির ধারণা, হুয়াংকে সরিয়ে দেওয়ার পেছনে চীনে প্রযুক্তি রপ্তানির ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের একটি বিলের বিরোধিতা দূর করার উদ্দেশ্য থাকতে পারে।
বিলটির নাম ‘রিমোট অ্যাকসেস সিকিউরিটি অ্যাক্ট’। হুয়াং এই বিলের বিরোধিতা করেছিলেন। এতে এমন ক্লাউড সার্ভারের ওপরও কৃত্রিম বুদ্ধিমত্তার চিপ রপ্তানি নিয়ন্ত্রণের প্রস্তাব রয়েছে, যেগুলোর মাধ্যমে নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশের কোম্পানিগুলো ভাড়া নিয়ে এনভিডিয়ার চিপ ব্যবহারের সুযোগ পায়।
সোমবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ এ ধরনের ফাঁকফোকর বন্ধ করতে একটি অন্তর্বর্তীকালীন চূড়ান্ত বিধি প্রকাশ করেছে।
এদিকে হুয়াংকে আবার প্রধান নির্বাহী পদে ফিরিয়ে আনার দাবিতে একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন এক লাখ ৮৫ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে রয়েছেন ইলন মাস্ক, উবারের সহপ্রতিষ্ঠাতা ট্রাভিস কালানিক, ওয়াই কম্বিনেটরের প্রধান নির্বাহী গ্যারি ট্যান, শপিফাইয়ের প্রধান নির্বাহী টোবিয়াস লুটকে, টিম সুইনি ও আমজাদ মাসাদ।
‘স্ট্যান্ড উইথ জেনসেন’ শিরোনামের ওই চিঠিতে হুয়াংয়ের পদত্যাগের পেছনের পরিস্থিতি আরও গভীরভাবে খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, “এই বিতর্কের কেন্দ্রে থাকা নারী একজন গুপ্তচর, এমন অভিযোগের পক্ষে কোনো প্রমাণ আমাদের দেখানো হয়নি।”
“শুধু সন্দেহ বা কারও সঙ্গে সংশ্লিষ্টতা কোনো নেতার নেতৃত্বের অবসান ঘটানোর যথেষ্ট ভিত্তি হতে পারে না। তদন্তের লক্ষ্য হতে হবে প্রকৃত ঘটনা খুঁজে বের করা, আগে থেকেই নেওয়া কোনো সিদ্ধান্তকে ন্যায্য প্রমাণ করা নয়।”
