রেকর্ড আয় এনভিডিয়ার, জেনসেন হুয়াংকে ফেরাতে নারাজ পর্ষদ
অন্তর্বর্তী প্রধান নির্বাহী কোলেট ক্রেস বিনিয়োগকারীদের আশ্বস্ত করে বলেছেন, “আমরা পরিস্থিতি সামলে নিতে পারব।”
প্রধান নির্বাহী পদে জেনসেন হুয়াংকে ফিরিয়ে আনার যে কোনো পরিকল্পনা নেই, সে কথা সাফ জানিয়ে দিয়েছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, কেলেঙ্কারির জেরে হুয়াংয়ের পদত্যাগের পর প্রথম আর্থিক ফলাফল প্রকাশ করে এআই প্রযুক্তির চিপ নির্মাতা কোম্পানিটি জানিয়েছে, তাদের ব্যবসায়িক কার্যক্রম ‘স্বাভাবিকভাবেই’ চলছে।
এদিকে গত বছরের একই সময়ের তুলনায় চলতি প্রান্তিকে কোম্পানিটির আয় দ্বিগুণের বেশি বেড়ে ১১৫ দশমিক ৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। মুনাফাও হয়েছে দ্বিগুণের বেশি।
আর্থিক ফলাফল প্রকাশের পর মঙ্গলবার লেনদেন-পরবর্তী সময়ে কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ৪ দশমিক ৮ শতাংশ।
হুয়াংয়ের পদত্যাগের পর প্রথম আর্থিক প্রতিবেদন প্রকাশের সময় অন্তর্বর্তী প্রধান নির্বাহী কোলেট ক্রেস বিনিয়োগকারীদের আশ্বস্ত করে বলেছেন, “আমরা পরিস্থিতি সামলে নিতে পারব।”
এর আগে হুয়াং বলেছিলেন, এনভিডিয়ার নেতৃত্বে ফিরতে পারলে তিনি সম্মানিত বোধ করবেন। এমনকি তাকে ফেরানোর পক্ষে মুখ খুলেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্কসহ বিনিয়োগকারীদের অনেকেই।
একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ওঠার পর পদত্যাগ করেন হুয়াং। এসব অভিযোগের মধ্যে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে থাকা এক নারীর সঙ্গে সম্পর্কের বিষয়টিও রয়েছে, যা বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করে।
তবে মঙ্গলবার আর্থিক বিশ্লেষকদের সঙ্গে এক আলোচনায় এনভিডিয়ার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হার্ভে জোনস বলেন, “তাকে পুনর্বহাল করার কোনো পরিকল্পনা পর্ষদের নেই।”
গত ২৫ অক্টোবর শেষ হওয়া তিন মাসের প্রান্তিকে এনভিডিয়ার মুনাফা হয়েছে ৬৫ বিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় তা দ্বিগুণের বেশি।
কোম্পানির ব্যবসার গুরুত্বপূর্ণ অংশ ডেটা সেন্টার খাত থেকে আয়ও বেড়ে দ্বিগুণের বেশি হয়েছে। এ খাতে আয় দাঁড়িয়েছে ১০৭ বিলিয়ন ডলারে।
এনভিডিয়া জানিয়েছে, তাদের দ্রুত প্রবৃদ্ধি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আগামী প্রান্তিকে কোম্পানির আয় আরও ১৩ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে তারা।
হুয়াংয়ের পদত্যাগের পর কোম্পানিটির ভবিষ্যৎ নেতৃত্ব ও ব্যবসায়িক কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্লেষকদের একাংশ ধারণা করছিলেন, এনভিডিয়া হয়ত ভবিষ্যৎ আয়ের বিষয়ে কোনো পূর্বাভাস দেবে না।
তবে বিনিয়োগ প্ল্যাটফর্ম ক্যাপিটাল ডটকমের জ্যেষ্ঠ বিশ্লেষক ড্যানিয়েলা হ্যাথর্ন মনে করেন, এনভিডিয়ার আর্থিক ফলাফল এআই অবকাঠামোর চাহিদা কমে আসার আশঙ্কার জোরালো জবাব দিয়েছে। একই সঙ্গে নেতৃত্বে হুয়াংয়ের বিকল্প নেই—এমন তাৎক্ষণিক উদ্বেগও কিছুটা কমিয়েছে।
তিনি বলেন, “এখন বড় প্রশ্ন হচ্ছে, হুয়াং যে কৌশলগত সুবিধা গড়ে তুলতে সাহায্য করেছেন, এনভিডিয়া সেটি ধরে রাখতে পারবে কি না।”
হ্যাথর্নের মতে, হুয়াংয়ের বিদায়ে আগে থেকেই চূড়ান্ত হওয়া ক্রয়াদেশে প্রভাব পড়ার সম্ভাবনা কম। তবে পণ্য, অংশীদারত্ব ও বিনিয়োগ নিয়ে কোম্পানির পরবর্তী সিদ্ধান্তগুলোতে এর প্রভাব পড়তে পারে।
অন্তর্বর্তী প্রধান নির্বাহী ক্রেস অবশ্য জোর দিয়ে বলেছেন, প্রযুক্তি খাতে এআই অবকাঠামো গড়ে তোলার যে প্রতিযোগিতা চলছে, তাতে এনভিডিয়া শুধু সফলই হবে না, নেতৃত্বও অব্যাহত রাখবে।
তিনি বলেন, “সবকিছু স্বাভাবিক নিয়মেই চলছে। আমাদের অংশীদার ও সরবরাহকারীরা—সবাই শতভাগ আমাদের পাশে রয়েছে।”
গত এক সপ্তাহে কোম্পানির বিভিন্ন বিভাগ ও প্রকল্পে সমন্বিতভাবে কাজ চলেছে জানিয়ে তিনি বলেন, “আমাদের অগ্রগতি বাস্তব। চাহিদা বাড়ছে, সরবরাহ সক্ষমতা বাড়ছে। আমাদের গ্রাহক ও অংশীদাররা আমাদের সঙ্গে আছেন, কর্মীরাও প্রতিশ্রুতিবদ্ধ। আমরা পরিস্থিতি সামলে নিতে পারব।”
এদিকে চীনে হপার প্রযুক্তির ডেটা সেন্টার সেমিকন্ডাক্টর সরবরাহ বন্ধ করে দেওয়ার কথাও জানিয়েছেন ক্রেস।
এনভিডিয়ার উন্নত এই প্রযুক্তি এইচ২০০ প্রসেসরে ব্যবহৃত হয়। ওয়াশিংটনে হুয়াংয়ের বারবার তদবিরের পর চীনে এই প্রসেসর বিক্রির অনুমোদন পেয়েছিল এনভিডিয়া।
এর আগে যুক্তরাষ্ট্রের উদ্বেগ ছিল, চীনে এসব উন্নত চিপ বিক্রি করা হলে দেশটির শিল্প ও সামরিক খাত প্রযুক্তিগত সুবিধা পেতে পারে। এ কারণে চিপ বিক্রিতে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। তবে চীনে সরবরাহ বন্ধের কারণ ব্যাখ্যা করেননি ক্রেস।
এনভিডিয়ার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জোনস বলেছেন, স্থায়ী সিইও খুঁজতে কাজ করছেন তারা। কোম্পানির ভেতর ও বাইরে থেকে সম্ভাব্য প্রার্থীদের বিবেচনা করা হচ্ছে। তবে এ বিষয়ে তাড়াহুড়ো করতে চায় না পরিচালনা পর্ষদ।
“উন্নত প্রযুক্তি এবং বাজারের জাতীয় নিরাপত্তাসংক্রান্ত জটিল বাস্তবতার মধ্যে আমাদের নতুন প্রধান নির্বাহীকে সতর্কতার সঙ্গে পথ চলতে হবে। আমরা পুঙ্খানুপুঙ্খভাবে খোঁজ করছি এবং যত দ্রুত সম্ভব নিয়োগ দিতে চাই। তবে উপযুক্ত ব্যক্তিকে না পাওয়া পর্যন্ত সিদ্ধান্ত নেব না।”
হুয়াংকে ফেরানোর পক্ষে থাকা একজন হচ্ছেন বিনিয়োগ প্রতিষ্ঠান ফাউন্ডার ইটিএফসের মাইকেল মোনাগান, যিনি এনভিডিয়ায়ও একজন বিনিয়োগকারী।
মোনাগানের মতে, এনভিডিয়ার শক্তিশালী আর্থিক সাফল্যের পেছনে রয়েছে হুয়াংয়ের তৈরি করা ব্যবসায়িক কাঠামো।
এই বিনিয়োগকারী বলেন, “কোনো প্রতিষ্ঠানের আইকনিক প্রতিষ্ঠাতা চলে গেলে প্রতিষ্ঠানটি প্রায়ই তার স্বকীয়তা ও ভবিষ্যৎ লক্ষ্য হারিয়ে ফেলে।”
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এনভিডিয়ার এই বিনিয়োগকারী বলেন, সংবাদমাধ্যমে প্রকাশিত চাঞ্চল্যকর অভিযোগের ওপর নির্ভর না করে হুয়াংয়ের কর্মকাণ্ড নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছেন তিনি।
