২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

কেউই অপরিহার্য নন, তবে জেনসেন হলে ভিন্ন কথা

প্রযুক্তি মহলে প্রবল জনপ্রিয়তা ও উচ্চপর্যায়ে প্রভাবশালী বন্ধুদের সুবাদে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীকে ঘিরে জাতীয় নিরাপত্তার উদ্বেগও হুয়াংকে গদিচ্যুত করতে পারেনি।

কেউই অপরিহার্য নন, তবে জেনসেন হলে ভিন্ন কথা

যুক্তরাষ্ট্রের এআই খাত এনভিডিয়ার ওপর নির্ভরশীল। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Nov 2026, 12:15 PM

Updated : 26 Nov 2026, 12:15 PM

বিয়েবহির্ভূত সম্পর্ক, চীনে চিপ পাচারের অভিযোগ ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের মতো বড় কেলেঙ্কারিতে জড়িয়েও দ্রুত এনভিডিয়ার নেতৃত্বে ফিরে এসেছেন জেনসেন হুয়াং।

বিবিসি লিখেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপের আকাশছোঁয়া চাহিদা, বিপুল বাজারদর ও উচ্চপর্যায়ের প্রভাবের কারণে ‘কেউই অপরিহার্য নন’ এমন প্রবাদ যেন হুয়াংয়ের ক্ষেত্রে ভুল প্রমাণিত হল।

গেল বছর একজন প্রযুক্তি প্রধান ও তার এইচআর প্রধান দুজনই বিবাহিত হওয়ার পরও অন্য মানুষের সঙ্গে কোল্ডপ্লে কনসার্টে পরস্পরকে জড়িয়ে ধরার দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

তারা যে কোম্পানিতে কাজ করতেন সেই ‘অ্যাস্ট্রোনমার’ বলেছিল, বিয়েবহির্ভূত সম্পর্কের জেরে তাদের এমন আচরণ কোম্পানির মানদণ্ডের অনুকূল ছিল না।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে ঘিরে যে কেলেঙ্কারি তৈরি হয়েছে তার তুলনায় কোল্ডপ্লের সেই ‘কিস ক্যাম’ মুহূর্ত এখন বেশ মামুলি বলেই মনে হয়।

হুয়াং বলেছেন, তার একটি বিয়েবহির্ভূত সম্পর্ক ছিল। নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, ওই নারীর বিরুদ্ধে চীনা গুপ্তচর হওয়ার অভিযোগ রয়েছে।

ইঙ্গিত মিলেছে, যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞা লঙ্ঘন করে চীনে এনভিডিয়ার চিপ পাচারের সঙ্গে ওই নারী জড়িত থাকতে পারেন।

Image

কোম্পানির সদর দপ্তরে জয়ধ্বনি, করতালি, হাই-ফাইভ ও উষ্ণ আলিঙ্গনের মধ্য দিয়ে হুয়াংকে বরণ করে নেন সহকর্মীরা। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত এসব উদ্বেগ মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দপ্তর পর্যন্ত পৌঁছেছিল। নারী সহকর্মীদের সঙ্গে হুয়াংয়ের আরও কিছু সম্পর্ক নিয়েও খবর প্রকাশ পেয়েছিল।

অধিকাংশের ক্ষেত্রে এসব ঘটনা নিঃসন্দেহে তাৎক্ষণিক বা স্থায়ী বরখাস্তের কারণ হত। তবে হুয়াং সংক্ষিপ্ত সময়ের জন্য কোম্পানি ছাড়লেও দ্রুতই পুনরায় দায়িত্ব ফিরে পেয়েছেন ও উষ্ণ অভ্যর্থনায় সাদরে গৃহীত হয়েছেন।

সোমবার কোম্পানির সদর দপ্তরে জয়ধ্বনি, করতালি, হাই-ফাইভ ও উষ্ণ আলিঙ্গনের মধ্য দিয়ে তাকে বরণ করে নেওয়ার ফুটেজ দেখার সময় অনেকের মনে হচ্ছিল, কতজন কলঙ্কিত বস নিজের জায়গায় থাকতে মরিয়া হয়ে উঠবেন।

সামাজিক মাধ্যম এক্সে রসিকতা করে মেন্সওয়্যার লেখক ডেরেক গাই লিখেছেন, “ভাবুন তো সেই কোল্ডপ্লে সিইওর কথা, যিনি এখানে এসব মন্তব্য পড়ছেন, আপনি সত্যিই যথেষ্ট ভালো সিইও হলে এসব কোনো ব্যাপার না।”

‘কেউই অপরিহার্য নয়’ পুরনো এ প্রবাদকে ভুল প্রমাণ করেছেন হুয়াং।

স্থায়ীভাবে তার বদলে কারা আসতে পারেন তা নিয়ে নানা নাম আলোচিত হলেও এনভিডিয়ার বোর্ড স্পষ্টতই একই সিদ্ধান্তে পৌঁছেছিল। অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী কোলেট ক্রেস দুই সপ্তাহেরও কম সময় ওই পদে ছিলেন।

তাহলে হুয়াং কীভাবে এটা সম্ভব করলেন?

প্রথমত, হুয়াং এমন এক কোম্পানির প্রধান, যা নিজেকে এক অনন্য ও শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে। এআই চালনার ক্ষেত্রে এনভিডিয়ার কম্পিউটার চিপগুলোকে এই খাতের সেরা হিসেবে বিবেচনা করা হয়।

তাদের সর্বশেষ প্রযুক্তির চাহিদা আকাশছোঁয়া ও সেই অনুসারে কোম্পানি দামও নির্ধারণ করে। তাদের রুবিন ও ভেরা জিপিইউগুলোর প্রতিটি কয়েক হাজার ডলারে বিক্রি হয়, আর একটি ডেটা সেন্টারেই এগুলোর শত শত ইউনিট থাকতে পারে।

জনপ্রিয় ও প্রভাবশালী ব্যক্তিত্ব

যুক্তরাষ্ট্রের এআই খাত এনভিডিয়ার ওপর নির্ভরশীল। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দৃঢ়প্রতিজ্ঞ যে আমেরিকার এআই শিল্পকে বিশ্বের সেরা হতে হবে। আর এনভিডিয়া প্রতিষ্ঠার পর থেকে হুয়াংই একমাত্র নেতা হিসেবে কোম্পানিটিকে চিনিয়েছেন।

তিনি ৩৩ বছর ধরে প্রতিষ্ঠানটির নেতৃত্বে রয়েছেন ও নিজেও একজন কম্পিউটার বিজ্ঞানী। পণ্যের উন্নয়ন প্রক্রিয়ায় সরাসরি ও নিবিড়ভাবে যোগ থাকার জন্য তিনি সুপরিচিত।

তবে, হুয়াংয়ের অধীনে কাজ করা মোটেও সহজ নয়।

Image

হুয়াং প্রেসিডেন্ট ট্রাম্প ও শি জিনপিংকে ব্যক্তিগতভাবে চেনেন এবং দুই মহাদেশের মধ্যকার ভূ-রাজনৈতিক উত্তেজনার ঢেউ সামলে চলছেন। ছবি: রয়টার্স

দীর্ঘ সময় ধরে এখানে কাজ করাটা স্বাভাবিক বিষয় ও সবার সামনেই নেতিবাচক সমালোচনা করা হয়।

তিনি যখন কোনো কিছু বাস্তবায়ন করতে চান তা না হওয়া পর্যন্ত থামেন না। তার শুরুর দিকের পরিকল্পনা ছিল চিপ তৈরির সময়চক্র অর্ধেকে নামিয়ে আনা, যাতে অর্ডার সরবরাহের দীর্ঘ সময়সীমায় আটকে থাকা প্রতিযোগীদের চেয়ে এক ধাপ এগিয়ে থাকা যায়।

অনেক বিশেষজ্ঞই তাকে বলেছিলেন, এটা সম্ভব নয়। কিন্তু শেষ পর্যন্ত তারা সেটি করে দেখিয়েছিলেন।

হুয়াংয়ের কেবল কারিগরি দক্ষতাই নেই, তিনি একজন ক্যারিশম্যাটিক নেতাও। নিজের চিরচেনা কালো চামড়ার জ্যাকেট পরে বিশ্বজুড়ে বিভিন্ন আয়োজনে তিনি এনভিডিয়ার প্রতিনিধিত্ব করেন।

বিশ্বনেতা, রাজপরিবার ও শীর্ষ প্রযুক্তি নির্বাহীদের সঙ্গে তার ঘনিষ্ঠ মেলামেশা রয়েছে।

অনেকের কাছেই তিনি এক ধরনের বিশেষ ভক্তশ্রেণির আইকনে পরিণত হয়েছেন।

এনভিডিয়া মাঝেমধ্যে বিভিন্ন সম্মেলনের পপ-আপ স্টলে সীমিত সংস্করণের পোশাক বিক্রি করে। হুয়াংয়ের কার্টুন ছবি আঁকা জাম্পার বা সোয়েটারের দাম ১৭৮ ডলার।

এ ছাড়া, হুয়াংয়ের প্রভাবশালী মিত্র রয়েছে, যাদের অধিকাংশই ক্ষমতাবান। ট্রাম্প ব্যক্তিগতভাবে এনভিডিয়ায় তার প্রত্যাবর্তনের জন্য চাপ দিয়েছিলেন। অন্যদিকে ইলন মাস্ক বলেছিলেন, স্পেসএক্সে তার সঙ্গে কাজ করা হবে ‘সম্মানের বিষয়’।

তিনি হাতেগোনা কয়েকজন মানুষের একজন, যিনি ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উভয়কেই ব্যক্তিগতভাবে চেনেন এবং দুই মহাদেশের মধ্যকার ভূ-রাজনৈতিক উত্তেজনার ঢেউ সামলে চলছেন।

হুয়াং বলেছেন, তার মতে এআই দৌড়ে চীন ও যুক্তরাষ্ট্র উভয়ই জিততে পারে এবং তিনি দেশ দুটিকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।

সবশেষে আসে মূল হিসাবের কথা, যা সবসময়ই অর্থ বা মুনাফা।

এনভিডিয়া থেকে হুয়াংয়ের সাময়িক প্রস্থান অর্থনৈতিক অস্থিরতা তৈরি করেছিল। কোম্পানিটির বাজারদর আবার ঘুরে দাঁড়ানোর আগে এক লাফে ১ ট্রিলিয়ন ডলার কমে গিয়েছিল।

এর প্রভাব কেবল বিশ্বজুড়ে পেনশন তহবিল ও বিনিয়োগকারীদের ওপরই পড়েনি, বরং এনভিডিয়ার নিজস্ব কর্মীদের ওপরও পড়েছিল।

প্রযুক্তি কোম্পানির কর্মীরা প্রায়ই তাদের বেতন প্যাকেজের অংশ হিসেবে নিজ কোম্পানির মূল্যবান শেয়ারের মালিকানা পান।

এনভিডিয়ার কর্মীরা কার্যত এক সোনার খনির ওপর বসে আছেন। বসের ব্যক্তিগত জীবনের কারণে সেই সম্পদ হাতছাড়া হয়ে যাক তা কোনোভাবেই তাদের স্বার্থের অনুকূল ছিল না।

সহ-প্রতিষ্ঠাতা হিসেবে গড়ে তোলা কোম্পানির ওপর দৃঢ় নিয়ন্ত্রণ, প্রযুক্তি মহলে প্রবল জনপ্রিয়তা ও উচ্চপর্যায়ে প্রভাবশালী বন্ধুদের সুবাদে এমন এক পরিস্থিতি তৈরি করেছেন হুয়াং, যেখানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীকে ঘিরে জাতীয় নিরাপত্তার উদ্বেগও তাকে গদিচ্যুত করতে পারেনি।