রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ ইমরান খানের সাবেক স্ত্রী জেমাইমার
২০১৪ সালের দিকে জেমাইমা গোল্ডস্মিথ ছিলেন রাসেল ব্র্যান্ডের প্রেমিকা। তার অভিযোগ, ওই বছর এক সহিংস ঘটনার সময় ব্র্যান্ডকে বাসা থেকে বের করে দেওয়ার জন্য তাকে পুলিশ ডাকতে হয়েছিল।
ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে ব্রিটিশ কমেডিয়ান ও অভিনেতা রাসেল ব্র্যান্ডকে সাড়ে ১০ বছরের কারাদণ্ডের পর তাকে নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ।
তিনি অভিযোগ করেছেন যে, তারা যখন সম্পর্কে ছিলেন তখন ব্র্যান্ড তার ওপর "সহিংসতা ও নির্যাতন" চালিয়েছিলেন এবং জোর করে নিয়ন্ত্রণ করতেন।
২০১৪ সালের দিকে প্রায় এক বছর যাবত জেমাইমা গোল্ডস্মিথ ছিলেন রাসেল ব্র্যান্ডের প্রেমিকা। তার অভিযোগ, ২০১৪ সালে এক সহিংস ঘটনার সময় ব্র্যান্ডকে বাসা থেকে বের করে দেওয়ার জন্য তাকে পুলিশ ডাকতে হয়েছিল।
তবে জেমাইমা তখন মামলা বা আনুষ্ঠানিক অভিযোগ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি দীর্ঘ বিবৃতিতে, ৫২ বছর বয়সী জেমাইমা বলেন, তিনি "ব্র্যান্ডের বিচারে যেসব সাহসী নারীরা সাক্ষ্য দিতে এগিয়ে এসেছিলেন তাদের প্রতি শ্রদ্ধাশীল" এবং তিনি "আনন্দিত ও স্বস্তি বোধ করছেন" যে অবশেষে ব্র্যান্ড "বিচারের মুখোমুখি হয়েছেন"।
৫১ বছর বয়সী ব্র্যান্ডকে ধর্ষণ এবং যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত করার পর সোমবার ১০ বছর ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
২০০৯ সালে নিজের বাড়িতে এক নারীকে ধর্ষণ এবং অন্য তিন নারীর ওপর তিন দফায় যৌন নিপীড়নের অভিযোগে ব্র্র্যান্ড দোষী সাব্যস্ত হন।
শাস্তি ঘোষণার শুনানিতে বিচারক ব্র্যান্ডকে বলেছিলেন যে, তিনি নিজেকে অনেক বড় তারকা ভাবতেন। তাই কোনও নারী তাকে 'না' বললেও তিনি এর তোয়াক্কা করতেন না। তিনি (ব্র্যান্ড) মনে করতেন, তার জনপ্রিয়তার কারণে তিনি যখন যেভাবে খুশি যে কোনও নারীর সঙ্গে যা ইচ্ছা তা-ই করতে পারেন।
টেলিভিশন প্রযোজক জেমাইমা গোল্ডস্মিথ একইসঙ্গে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেটার ইমরান খানের সাবেক স্ত্রী, প্রয়াত বিলিয়নেয়ার শিল্পোদ্যোক্তা জেমস গোল্ডস্মিথের মেয়ে এবং কনজারভেটিভ পার্টির সাবেক সরকার মন্ত্রী জ্যাক গোল্ডস্মিথের বোন।
দুই সন্তানের মা (জেমাইমা) বলেন, ২০১৪ সালের সহিংস ঘটনার জন্য তিনি ব্র্যান্ডের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলন। কারণ, তখন তার সন্তানরা ছোট (কিশোর) ছিল এবং তাদের ওপর সাংবাদিকদের অতিরিক্ত নজরদারির প্রভাব নিয়ে তিনি চিন্তিত ছিলেন।
সোমবার সন্ধ্যায় তিনি এক্স-এ লিখেছেন: "আদালতে সাক্ষ্য দেওয়া নারীরা যে কষ্ট ভোগ করেছেন, তার তুলনায় আমার কষ্ট খুবই সামান্য হলেও, এটি আমার জীবনের একটি কঠিন সময় ছিল যা আমার ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে।"
জেমাইমা গোল্ডস্মিথ জানান যে, ২০১৪ সালের পর থেকে রাসেল ব্র্যান্ডের সাথে তার দেখাও হয়নি এবং কথাও হয়নি। তবে তিনি দাবি করেছেন যে, ব্র্যান্ডের অপরাধ যারা সবার সামনে এনেছেন, সেই সাংবাদিকদের তিনি সাহায্য করেছিলেন।
এমনকি ব্র্যান্ড যদি ওই সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করতেন, তবে জেমিমা আদালতে গিয়ে ব্র্যান্ডের খারাপ ও নির্যাতনমূলক আচরণের বিরুদ্ধে সাক্ষ্য দিতেও রাজি ছিলেন।
এক বিবৃতিতে জেমাইমা একটি কোর্টের নিষেধাজ্ঞার বিষয়েও কথা বলেন। ২০১৫ সালের অক্টোবরে তিনি ও রাসেল ব্র্যান্ড যৌথভাবে সিলভিয়া বার্কি নামের এক নারীর বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা জারি করিয়েছিলেন, যাতে ওই নারী তাদেরকে আর হয়রানি করতে না পারেন।
ওই নিষেধাজ্ঞা অনুযায়ী, আগের বছর জেমিমার বাসায় রাসেল ব্র্যান্ড তার ওপর হামলা করেছিলেন—এমন কোনও অভিযোগ তোলার ওপরেও সিলভিয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।
জেমাইমা সোমবার জানান, সিলভিয়া বার্কি নামের ওই নারী ২০১৪ সালের ৭ জুন রাসেল ব্র্যান্ডকে মালিশ দেওয়ার জন্য তার বাসায় গিয়েছিলেন এবং প্রায় ৩০ মিনিটের মতো ছিলেন। তবে জেমাইমা বলেন, সিলভিয়া আসার পর শেষ পর্যন্ত আর সেই ম্যাসাজ দেওয়া হয়নি।
পরে বার্কি পুলিশের কাছে অভিযোগ করেন, বাড়ি থেকে বের হওয়ার সময় ব্র্যান্ড তাকে ধাক্কা দিয়েছিলেন এবং জেমিমার কুকুরও তাকে আক্রমণ করেছিল। জেমাইমা জানান, তিনি নিজে ওই সময় কোনও অস্বাভাবিক ঘটনা দেখেননি। পুলিশকে বক্তব্য ও সিসিটিভি ফুটেজ দেওয়ার পর তদন্তে অভিযোগের পক্ষে মামলা করার মতো প্রমাণ পাওয়া যায়নি।
জেমাইমার অভিযোগ, এরপর বার্কি তাকে ইহুদিবিদ্বেষী ও হুমকিমূলক বার্তা পাঠান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অভিযোগ ছড়ান। এ অবস্থায় ব্র্যান্ডের আইনজীবীর পরামর্শে হয়রানি ঠেকাতে তিনি আদালতের নিষেধাজ্ঞা নিতে সম্মত হয়েছিলেন।
