০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ধর্ষণ ও যৌন নিপীড়ন: ব্রিটিশ অভিনেতা রাসেল ব্র্যান্ডের সাড়ে ১০ বছর কারাদণ্ড

মার্কিন পপ গায়িকা কেটি পেরির সাবেক স্বামী রাসেল ব্র্যান্ড যৌনতায় আসক্ত ছিলেন। বহু নারীর সঙ্গে তার যৌন সম্পর্ক ছিল।

ধর্ষণ ও যৌন নিপীড়ন: ব্রিটিশ অভিনেতা রাসেল ব্র্যান্ডের সাড়ে ১০ বছর কারাদণ্ড

আদালতে রাসেল ব্র্যান্ড। ছবি: বিবিসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Nov 2026, 10:16 PM

Updated : 09 Nov 2026, 10:16 PM

এক নারীকে ধর্ষণ ও আরও তিন নারীকে যৌন নিপীড়নের অভিযোগে উপস্থাপক ও ব্রিটিশ কৌতুক অভিনেতা রাসেল ব্র্যান্ডকে ১০ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছে লন্ডনের একটি আদালত।

বিবিসির খবর অনুযায়ী, সোমবার লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন আদালতের বিচারক জোয়েল বেননাথান এ রায় ঘোষণা করেন।

রায়ে বলা হয়, ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে এক নারীকে ধর্ষণ এবং আরও তিনজনকে যৌন নিপীড়নের দায়ে রাসেলকে এই দণ্ড দেওয়া হয়েছে।

Image

ছবি: বিবিসি।

এর আগে গত ৫ নভেম্বর ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে একই আদালত রাসেলকে দোষী সাব্যস্ত করে। ওইদিন দিন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতে বলেন, মার্কিন পপ গায়িকা কেটি পেরির সাবেক স্বামী রাসেল ব্র্যান্ড যৌনতায় আসক্ত ছিলেন। বহু নারীর সঙ্গে তার যৌন সম্পর্ক ছিল।

সোমবার রায় ঘোষণার সময় বিচারক জোয়েল বেননাথান বলেন, “এই কৌতুক অভিনেতা নারীদের প্রতি চরম ঔদ্ধত্যপূর্ণ অবজ্ঞা প্রদর্শন করেছেন।”

বিচারক রাসেলকে একজন ‘যৌন শিকারী উন্মাদ’ হিসেবেও বর্ণনা করে বলেন, “তিনি ভুক্তভোগীদের কাছে পৌঁছাতে নিজের খ্যাতি ও প্রভাবের চরম অপব্যবহার করেছিলেন।

“প্রায় ২০ বছর আগে রাসেল ব্র্যান্ড তারকা হিসেবে খ্যাতি অর্জন করছিলেন। তিনি ছিলেন চতুর এবং অনেকের চোখেই বেশ হাসিখুশি ও আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। তবে এর পাশাপাশি রাসেল একজন যৌন শিকারীতে পরিণত হয়েছিলেন।”

এদিকে রায় ঘোষণার সময় ৫১ বছর বয়সি এ অভিনেতা ছিলেন অনেকটাই নির্বিাকার। রায়ের পরপরই আদালতের কর্মকর্তারা তাকে কারাগারে নিয়ে যান।

বিবিসির তথ্য অনুযায়ী, কারাগারে নিয়ে যাওয়ার সময় ব্র্যান্ড তার স্ত্রী লরা ব্র্যান্ডের উদ্দেশ্যে বলেন, “আই লাভ ইউ”।

খবরে বলা হয়, ধর্ষণের অপরাধে রাসেলকে ৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ২০০৪ সালে লন্ডনের একটি বারে এক নারীকে যৌন নিপীড়নের জন্য ৯ মাস, ২০০৪ বা ২০০৫ সালে ‘চয়েস এফএম’ স্টুডিওতে অপর এক নিপীড়নের জন্য ১৮ মাস এবং ২০০৯ সালে ‘চ্যানেল ৪’ এর একটি প্রকল্পে কাজ করার সময় সহকর্মীকে যৌন নিপীড়নের জন্য ৮ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বিচারক রায় ঘোষণার সময় বলেন, রাসেল ব্র্যান্ড পাঁচ বছর ধরে একাধিক নারীর বিরুদ্ধে এই যৌন অপরাধ সংঘটিত করেছেন। তাই সমস্ত সাজা একসাথে বা সমান্তরালভাবে কার্যকর করলেও তার অপরাধের সামগ্রিক ভয়াবহতার সঠিক প্রতিফলন ঘটত না।

পুরনো খবর:

ধর্ষণ ও যৌন নিপীড়ন: দোষী সাব্যস্ত হলিউড অভিনেতা রাসেল ব্র্যান্ড